মানুষের জীবনে এমন কিছু গুণ রয়েছে, যেগুলো কেবল
উত্তম চরিত্রের পরিচয়ই বহন করে না, বরং মহান আল্লাহ তায়ালা উনার
সন্তুষ্টি অর্জনের অন্যতম মাধ্যম হয়ে ওঠে। ইনছাফ সেই
মহৎ গুণগুলোর একটি। ইনছাফ এমন এক আখলাক, যার মাধ্যমে
মানুষের ঈমানের দাবি,
তাক্বওয়া, সত্যনিষ্ঠা, আমানতদারি
এবং নফছের উপর নিয়ন্ত্রণের বাস্তব পরিচয় প্রকাশ পায়।
কেউ নিজেকে দ্বীনদার দাবি করতে পারেন, বহু ইবাদত
করতে পারেন, অনেক
ইলম অর্জন করতে পারেন,
মানুষের নিকট সম্মানিতও হতে পারেন। কিন্তু যখন
নিজের স্বার্থ, প্রিয়জনের
স্বার্থ, ব্যক্তিগত
বিরাগ কিংবা ক্ষমতার প্রশ্ন সামনে আসে, তখন তিনি ইনছাফ বজায় রাখতে পারেন কি
না, সেটি
উনার আখলাকের এক গুরুত্বপূর্ণ পরীক্ষা।
কেননা নিজের পক্ষে সত্য বলা তুলনামূলক সহজ। কিন্তু
নিজের বিরুদ্ধে সত্যকে স্বীকার করা, অপছন্দের ব্যক্তির প্রাপ্য হক্ব
বুঝিয়ে দেওয়া এবং নিজের নফছের আকাঙ্ক্ষার বিপরীতে মহান আল্লাহ তায়ালা উনার হুকুমকে
অগ্রাধিকার দেওয়াই ইনছাফের কঠিন পরীক্ষা।
১। ইনছাফ
কী এবং উহার প্রকৃত হাক্বিকত কী?
ইনছাফ আরবি (الْإِنْصَافُ) শব্দ থেকে এসেছে। এর
সঙ্গে ন্যায়পরায়ণতা,
পক্ষপাতমুক্ত বিচার এবং অন্যের ন্যায্য প্রাপ্য স্বীকার করার অর্থ সম্পর্কিত।
পবিত্র ক্বুরআন শরীফে এই বিষয়টি বিশেষভাবে (الْعَدْلُ) অর্থাৎ
ন্যায়বিচার, (الْقِسْطُ) অর্থাৎ
ন্যায্যতা প্রতিষ্ঠা এবং বিপরীত অর্থে (الظُّلْمُ) অর্থাৎ যুলুমের আলোচনায় এসেছে।
ইনছাফের হাক্বিকত হলো, মহান আল্লাহ
তায়ালা উনার নির্ধারিত হক্ব ও সীমারেখা অনুযায়ী প্রত্যেকের প্রাপ্য অধিকার
যথাযথভাবে আদায় করা,
সত্যকে সত্য হিসেবে গ্রহণ করা এবং ব্যক্তিগত স্বার্থ, আবেগ, সম্পর্ক, বিরাগ কিংবা
ক্ষমতার প্রভাবে হক্বের অবস্থান পরিবর্তন না করা।
ইনছাফ অর্থ সবাইকে নির্বিচারে সমান দেওয়া নয়। বরং যার যতটুকু হক্ব, তাকে ততটুকু হক্ব দেওয়া। যেখানে সমান অধিকার প্রতিষ্ঠিত, সেখানে সমান আচরণ করা ইনছাফ। আর যেখানে দায়িত্ব, প্রয়োজন কিংবা প্রাপ্য অধিকারের পার্থক্য রয়েছে, সেখানে শরীয়তসম্মত ন্যায্য পার্থক্য রক্ষা করাও ইনছাফ। কাউকে সন্তুষ্ট করার জন্য অন্যের হক্ব নষ্ট করা ইনছাফ নয়। আবার নিজের হক্বের অতিরিক্ত দাবি করাও ইনছাফ নয়। সত্যকে গোপন করে সম্পর্ক রক্ষা করা ইনছাফ নয়। একইভাবে সত্য প্রতিষ্ঠার নামে সীমালঙ্ঘন করাও ইনছাফ নয়। ইনছাফের মূল কথা হলো, নিজের নফছকে নয়, হক্বকে প্রাধান্য দেওয়া।
২। ইনছাফ
মহান আল্লাহ তায়ালা উনার সরাসরি হুকুম
মহান আল্লাহ তায়ালা পবিত্র ক্বুরআন শরীফে ইরশাদ
মুবারক করেনঃ (إِنَّ اللَّهَ يَأْمُرُ بِالْعَدْلِ وَالْإِحْسَانِ)
অর্থাৎ নিশ্চয়ই মহান আল্লাহ তায়ালা ন্যায়বিচার ও ইহছানের নির্দেশ
প্রদান করেন। (ছুরাহ আন নাহল, ১৬:৯০)
এই পবিত্র আয়াত শরীফে মহান আল্লাহ তায়ালা ইনছাফ ও
ইহছানকে পাশাপাশি উল্লেখ করেছেন। ইনছাফ হলো
অপরের প্রাপ্য হক্ব যথাযথভাবে আদায় করা। আর ইহছান
হলো সেই ন্যায্যতার ভিত্তি অক্ষুণ্ণ রেখে উত্তম আচরণ ও কল্যাণের আরও উচ্চতর গুণ
প্রকাশ করা। অর্থাৎ ইনছাফ প্রতিষ্ঠা না করে ইহছানের
দাবি পূর্ণতা পায় না। কোনো মানুষের হক্ব আত্মসাৎ করে
অন্যত্র দান করা, একজনের
প্রতি যুলুম করে অপরজনের সঙ্গে সদাচরণ করা কিংবা নিজের দায়িত্বে অবহেলা করে
বাহ্যিক ভদ্রতার পরিচয় দেওয়া প্রকৃত ইনছাফ নয়।
মহান আল্লাহ তায়ালা আরও ইরশাদ মুবারক করেনঃ (إِنَّ اللَّهَ يَأْمُرُكُمْ أَن تُؤَدُّوا الْأَمَانَاتِ
إِلَىٰ أَهْلِهَا) নিশ্চয়ই মহান আল্লাহ তায়ালা
তোমাদের নির্দেশ প্রদান করেন, আমানতসমূহ উহার প্রকৃত হক্বদারদের নিকট যথাযথভাবে পৌঁছে
দিতে। একই আয়াত শরীফে মানুষের মধ্যে বিচার
করার সময় ন্যায়বিচার প্রতিষ্ঠার নির্দেশও প্রদান করা হয়েছে। (ছুরাহ
আন নিছা, ৪:৫৮)
এখানে আমানত কেবল কারও নিকট জমা রাখা সম্পদেই
সীমাবদ্ধ নয়। দায়িত্ব, কর্তৃত্ব, ন্যায্য
অধিকার এবং অর্পিত কাজের ক্ষেত্রেও আমানতদারির শিক্ষা প্রযোজ্য।
সুতরাং যে ব্যক্তি কোনো দায়িত্ব গ্রহণ করেছেন, তিনি সেই দায়িত্বের অধীন মানুষের হক্ব
আদায়ে মহান আল্লাহ তায়ালা উনার নিকট জবাবদিহির আওতায় রয়েছেন।
৩। নিজের
বিরুদ্ধে হলেও ইনছাফ করতে হবে
ইনছাফের সর্বাধিক কঠিন পরীক্ষাগুলোর একটি হলো নিজের স্বার্থের বিরুদ্ধে সত্য প্রতিষ্ঠা করা। মহান আল্লাহ তায়ালা ইরশাদ মুবারক করেনঃ (يَـٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوا۟ كُونُوا۟ قَوَّٰمِينَ بِٱلْقِسْطِ شُهَدَآءَ لِلَّهِ وَلَوْ عَلَىٰٓ أَنفُسِكُمْ أَوِ ٱلْوَٰلِدَيْنِ وَٱلْأَقْرَبِينَ ۚ إِن يَكُنْ غَنِيًّا أَوْ فَقِيرًا فَٱللَّهُ أَوْلَىٰ بِهِمَا ۖ فَلَا تَتَّبِعُوا۟ ٱلْهَوَىٰٓ أَن تَعْدِلُوا۟ ۚ وَإِن تَلْوُۥٓا۟ أَوْ تُعْرِضُوا۟ فَإِنَّ ٱللَّهَ كَانَ بِمَا تَعْمَلُونَ خَبِيرًا) হে ঈমানদারগণ! তোমরা মহান আল্লাহ তায়ালা উনার সন্তুষ্টির উদ্দেশ্যে ইনছাফের উপর অবিচলভাবে প্রতিষ্ঠিত থাকো এবং সত্য ও ন্যায়ের সাক্ষ্য প্রদান করো, যদিও সেই সাক্ষ্য তোমাদের নিজেদের বিরুদ্ধে যায় কিংবা তোমাদের পিতা মাতা অথবা নিকটাত্মীয়দের বিরুদ্ধে যায়। সংশ্লিষ্ট ব্যক্তি ধনী হোক কিংবা দরিদ্র হোক, মহান আল্লাহ তায়ালা উনিই উভয়ের বিষয়ে সর্বাধিক হক্বদার ও সর্বাধিক অবগত। অতএব তোমরা নফছের প্রবৃত্তির অনুসরণ করে ইনছাফ থেকে বিচ্যুত হয়ো না। আর তোমরা যদি সাক্ষ্যকে বিকৃত করো কিংবা সত্য সাক্ষ্য প্রদান থেকে মুখ ফিরিয়ে নাও, তাহলে নিশ্চয়ই মহান আল্লাহ তায়ালা তোমাদের সমস্ত কার্যকলাপ সম্পর্কে পূর্ণ অবগত রয়েছেন। (ছুরাহ আন নিছা, ৪:১৩৫)
কী অসাধারণ শিক্ষা!
মানুষ সাধারণত নিজের ভুলের ব্যাখ্যা খোঁজে, কিন্তু
অন্যের ভুলের শাস্তি খোঁজে। নিজের
প্রিয়জনের অন্যায়কে ভুল বোঝাবুঝি বলে চালিয়ে দিতে চায়, অথচ
অপছন্দের ব্যক্তির একই কাজকে গুরুতর অপরাধ হিসেবে উপস্থাপন করে। নিজের
বক্তব্যের জন্য অজুহাত খোঁজে, কিন্তু অন্যের বক্তব্যে সামান্য অসংগতি পেলেই কঠোর
সিদ্ধান্তে পৌঁছে যায়। এভাবে যখন একই বিষয়ের জন্য ব্যক্তি
পরিবর্তনের সঙ্গে সঙ্গে বিচারের মানদণ্ড পরিবর্তিত হয়, তখন সেখানে
ইনছাফের পরিবর্তে নফছের প্রভাব কাজ করতে থাকে। একজন প্রকৃত
ইনছাফকারী প্রথমে দেখবেন সত্য কী, হক্ব কার এবং মহান আল্লাহ তায়ালা উনার বিধান কী। তারপর
সেই অনুযায়ী সিদ্ধান্ত গ্রহণ করবেন। সত্য যার পক্ষেই থাকুক, সত্যের পক্ষ গ্রহণ করাই ইনছাফ।
৪। শত্রুর
প্রতিও ইনছাফ করা তাক্বওয়ার দাবি
মহান আল্লাহ তায়ালা ইরশাদ মুবারক করেনঃ (وَلَا يَجْرِمَنَّكُمْ شَنَآنُ قَوْمٍ عَلَىٰ أَلَّا
تَعْدِلُوا ۚ اعْدِلُوا هُوَ أَقْرَبُ لِلتَّقْوَىٰ) অর্থাৎ, কোনো
সম্প্রদায়ের প্রতি তোমাদের বিরাগ যেন তোমাদের ন্যায়বিচার থেকে বিচ্যুত না করে। তোমরা
ইনছাফ প্রতিষ্ঠা করো। কেননা ইনছাফই তাক্বওয়ার অধিক
নিকটবর্তী। (ছুরাহ আল মায়িদাহ, ৫:৮)
এই পবিত্র আয়াত শরীফ ইনছাফের এক গুরুত্বপূর্ণ
মাপকাঠি নির্ধারণ করে দিয়েছে। যার
সঙ্গে আমাদের মতবিরোধ রয়েছে, তার প্রতি ইনছাফের দায়িত্বও আমাদের উপর বিদ্যমান।
যাকে আমরা অপছন্দ করি,
তার ন্যায্য অধিকার নষ্ট করার অনুমতি আমাদের নেই।
যিনি আমাদের সঙ্গে অন্যায় করেছেন, তার বিরুদ্ধেও সত্য ও ন্যায্যতার
সীমারেখা বজায় রাখতে হবে। অপরাধের
প্রমাণ যতটুকু, বিচারও
সেই প্রমাণের ভিত্তিতেই হতে হবে। কারও
একটি অন্যায়ের কারণে তার সমস্ত ভালো কাজ অস্বীকার করা যেমন ইনছাফ নয়, তেমনি কারও
বহু ভালো কাজের কারণে তার অন্যায়কে বৈধ ঘোষণা করাও ইনছাফ নয়।
এমনকি ভিন্ন ধর্মাবলম্বীদের সঙ্গেও ন্যায় ও সদাচরণ করার নির্দেশ পবিত্র
ক্বুরআন শরীফে রয়েছে,
যখন তারা দ্বীনের কারণে যুদ্ধ করে না এবং ঘরবাড়ি থেকে বিতাড়িত করে না। (ছুরাহ
আল মুমতাহিনাহ, ৬০:৮) অতএব
ইনছাফের দায়িত্ব কেবল নিজের পরিবার, দল, সম্প্রদায় কিংবা অনুসারীদের মধ্যে
সীমাবদ্ধ নয়।
৫। ইনছাফকারীর
মাক্বাম মহান আল্লাহ তায়ালা উনার দরবারে
ইনছাফকারীর মর্যাদা বুঝতে পবিত্র ক্বুরআন শরীফের
একটি ঘোষণা যথেষ্টঃ (إِنَّ اللَّهَ يُحِبُّ الْمُقْسِطِينَ) অর্থাৎ, নিশ্চয়ই
মহান আল্লাহ তায়ালা ইনছাফ প্রতিষ্ঠাকারীদের মুহব্বত করেন। (ছুরাহ
আল হুজুরাত, ৪৯:৯) একই
ঘোষণা (ছুরাহ আল মুমতাহিনাহ, ৬০:৮ আয়াত শরীফেও)
এসেছেন।
এখানে লক্ষণীয় বিষয় হলো, মহান আল্লাহ
তায়ালা কেবল ইনছাফ করার নির্দেশই প্রদান করেননি, ইনছাফকারীদের প্রতি উনার মুহব্বতের
সংবাদও দিয়েছেন। একজন মুমিনের জন্য এর চেয়ে বড়
প্রেরণা আর কী হতে পারে!
যে ব্যক্তি নিজের নফছের প্রিয় কোনো বিষয় ত্যাগ
করে ইনছাফ বজায় রাখেন,
তিনি কেবল সামাজিক ন্যায় প্রতিষ্ঠা করছেন না, বরং মহান আল্লাহ তায়ালা উনার মুহব্বত
অর্জনের পথে অগ্রসর হচ্ছেন। এই
মাক্বামের আরও বিস্তারিত বিবরণ এসেছে পবিত্র হাদীছ শরীফে।
হযরত আবদুল্লাহ ইবনে আমর রদ্বিআল্লাহু য়ানহুমা উনার সূত্রে বর্ণিত, রছুলে পাক
ছ্বল্লাল্লাহু য়ালাইহি ওয়া আলিহি ওয়া ছাল্লাম ইরশাদ মুবারক করেনঃ (إِنَّ الْمُقْسِطِينَ عِنْدَ اللَّهِ عَلَى مَنَابِرَ مِنْ
نُورٍ) অর্থাৎ, নিশ্চয়ই
ইনছাফকারীগণ মহান আল্লাহ তায়ালা উনার নিকট নূরের মিম্বরসমূহে সম্মানিত হবেন।
হাদীছ শরীফের পরবর্তী অংশে আর রহমানের ডানদিকে
থাকার মর্যাদার কথা এসেছে এবং উল্লেখ করা হয়েছে, এঁরা হলেন সেই ব্যক্তিগণ, যাঁরা
নিজেদের বিচার, পরিবার
ও অধীনস্থ দায়িত্বের ক্ষেত্রে ইনছাফ বজায় রাখেন। (ছহীহ
মুছলিম শরীফ, হাদীছ ১৮২৭)
এখানে নূরের মিম্বরের যে সম্মান বর্ণিত হয়েছে, সেটি
আখিরাতে ইনছাফকারীদের জন্য ঘোষিত এক বিশেষ মর্যাদা। মহান
আল্লাহ তায়ালা উনার শানসংক্রান্ত বর্ণনাসমূহ অবশ্যই যথাযথ আদবের সঙ্গে গ্রহণ করতে
হবে। আরও একটি পবিত্র হাদীছ শরীফে রছুলে
পাক ছ্বল্লাল্লাহু য়ালাইহি ওয়া আলিহি ওয়া ছাল্লাম সাত শ্রেণির মানুষের কথা
জানিয়েছেন, যাঁদের
মহান আল্লাহ তায়ালা ক্বিয়ামতের দিন উনার বিশেষ ছায়ার আশ্রয়ে রাখবেন।
তাঁদের মধ্যে প্রথমেই উল্লেখ করা হয়েছে ন্যায়পরায়ণ শাসককে। (ছহীহ
বুখারী শরীফ, হাদীছ
৬৬০। ছহীহ মুছলিম
শরীফ, হাদীছ
১০৩১)
সুতরাং ইনছাফকারীর জন্য ঘোষিত পুরস্কারগুলোর
মধ্যে রয়েছে মহান আল্লাহ তায়ালা উনার মুহব্বত, আখিরাতে নূরের মিম্বরের সম্মান এবং
ন্যায়পরায়ণ শাসকের জন্য বিশেষ আশ্রয়ের সুসংবাদ। এগুলো
কোনো সাধারণ সম্মান নয়।
৬। ইনছাফ
কেবল শাসকের দায়িত্ব নয়
ছহীহ মুসলিম শরীফের ১৮২৭ নম্বর হাদীছ শরীফে বিচার, পরিবার এবং
অধীনস্থ দায়িত্বে ইনছাফ করার কথা একসঙ্গে এসেছে। এর
দ্বারা বোঝা যায়, ইনছাফের
শিক্ষা মানুষের দৈনন্দিন জীবনের প্রতিটি দায়িত্বপূর্ণ সম্পর্কের সঙ্গে যুক্ত।
একজন পিতা সন্তানদের প্রতি ন্যায়পরায়ণ হবেন।
একজন স্বামী স্ত্রীর প্রাপ্য হক্ব আদায় করবেন।
একজন স্ত্রী স্বামীর প্রাপ্য হক্ব আদায় করবেন।
একজন শিক্ষক শিক্ষার্থীদের বিচার করবেন ন্যায্যতার ভিত্তিতে।
একজন ব্যবসায়ী ক্রেতা ও কর্মচারীর হক্ব রক্ষা করবেন।
একজন দায়িত্বশীল ব্যক্তি নিজের অধীনস্থ মানুষের প্রতি যুলুম করবেন না।
একজন মুর্শিদ কিংবা দ্বীনি দায়িত্বে নিয়োজিত ব্যক্তিও নিজের দায়িত্ব পালনে
শরীয়তের ইনছাফ ও আমানতদারির বিধান অনুসরণ করবেন।
কোনো সম্পর্কের সম্মান কিংবা কোনো ব্যক্তির মর্যাদা অন্যের উপর যুলুমের অনুমতি
দেয় না। এখানে স্মরণীয়, ইনছাফ সব
সম্পর্ককে এক রকম করে ফেলে না। প্রত্যেক
সম্পর্কের স্বতন্ত্র শরয়ী হক্ব ও দায়িত্ব রয়েছে। ইনছাফ
হলো সেই হক্ব ও দায়িত্ব যথাযথভাবে রক্ষা করা।
৭। বে
ইনছাফ ও যুলুমের ভয়াবহতা
মহান আল্লাহ তায়ালা পবিত্র হাদীছে কুদছী শরীফে
ইরশাদ মুবারক করেনঃ (إِنِّي حَرَّمْتُ عَلَى نَفْسِي الظُّلْمَ وَعَلَى عِبَادِي فَلَا
تَظَالَمُوا) নিশ্চয়ই আমি যুলুমকে আমার
নিজের জন্য নিষিদ্ধ করেছি এবং আমার বান্দাদের মধ্যেও যুলুমকে নিষিদ্ধ করেছি। অতএব
তোমরা একে অপরের প্রতি যুলুম করো না। (ছহীহ মুছলিম
শরীফ, হাদীছ
২৫৭৭)
মহান আল্লাহ তায়ালা যিনি সমস্ত সৃষ্টির মালিক, তিনি কোনো
বান্দার প্রতি বিন্দুমাত্র অন্যায় করেন না। পবিত্র
ক্বুরআন শরীফে ইরশাদ মুবারক হয়েছেঃ (إِنَّ
اللَّهَ لَا يَظْلِمُ النَّاسَ شَيْئًا وَلَٰكِنَّ النَّاسَ أَنْفُسَهُمْ
يَظْلِمُونَ) মহান আল্লাহ তায়ালা মানুষের প্রতি
কোনো যুলুম করেন না,
বরং মানুষ নিজেরাই নিজেদের প্রতি যুলুম করে। (ছুরাহ
ইউনুছ, ১০:৪৪)
যুলুম কেবল কাউকে শারীরিক আঘাত করার নাম নয়।
অন্যের সম্পদ আত্মসাৎ করা যুলুম। প্রাপ্য
অধিকার আটকে রাখা যুলুম। মিথ্যা
অভিযোগে কাউকে অপমান করা যুলুম। প্রমাণ
ছাড়া কারও বিরুদ্ধে সিদ্ধান্ত দেওয়া যুলুমের কারণ হতে পারে।
কারও বক্তব্য বিকৃত করে তার বিরুদ্ধে ব্যবহার করা যুলুম।
অন্যের কথা শোনার সুযোগ না দিয়ে একতরফা বিচার করা বে ইনছাফ।
ক্ষমতার অপব্যবহার করে দুর্বলকে বঞ্চিত করা যুলুম।
নিজের জন্য এক নিয়ম এবং অন্যের জন্য ভিন্ন নিয়ম প্রয়োগ করাও অন্যায়ের প্রকাশ
হতে পারে, যখন
সেই পার্থক্যের কোনো ন্যায্য ভিত্তি থাকে না।
এমনকি কারও ন্যায্য হক্ব জানা সত্ত্বেও তা অস্বীকার করা কিংবা আদায়ে
অন্যায়ভাবে বিলম্ব করাও গুরুতর বিষয়। পবিত্র
ক্বুরআন শরীফে অন্যায়ভাবে সম্পদ গ্রহণ এবং বিচারকদের প্রভাবিত করে মানুষের সম্পদ
আত্মসাতের চেষ্টা নিষিদ্ধ করা হয়েছেঃ (وَلَا
تَأْكُلُوا أَمْوَالَكُمْ بَيْنَكُمْ بِالْبَاطِلِ وَتُدْلُوا بِهَا إِلَى
الْحُكَّامِ لِتَأْكُلُوا فَرِيقًا مِنْ أَمْوَالِ النَّاسِ بِالْإِثْمِ وَأَنْتُمْ
تَعْلَمُونَ) আর তোমরা পরস্পরের ধনসম্পদ অন্যায়ভাবে ভোগ
করো না এবং মানুষের সম্পদের কোনো অংশ জেনেশুনে অন্যায়ভাবে আত্মসাৎ করার উদ্দেশ্যে
তা বিচারক বা শাসনকর্তাদের নিকট পেশ করো না (অর্থাৎ ঘুষ, মিথ্যা দাবি কিংবা
বিচারব্যবস্থাকে অন্যায়ভাবে ব্যবহার করে অন্যের সম্পদ গ্রাস করার চেষ্টা করো না)। (ছুরাহ
আল বাক্বারাহ, ২:১৮৮)
মাপে ও ওজনে কম প্রদানকারীদের প্রতি কঠোর
সতর্কবাণী এসেছেঃ (وَيْلٌ لِلْمُطَفِّفِينَ
الَّذِينَ إِذَا اكْتَالُوا عَلَى النَّاسِ يَسْتَوْفُونَ وَإِذَا كَالُوهُمْ أَوْ
وَزَنُوهُمْ يُخْسِرُونَ أَلَا يَظُنُّ أُولَٰئِكَ أَنَّهُمْ مَبْعُوثُونَ
لِيَوْمٍ عَظِيمٍ يَوْمَ يَقُومُ النَّاسُ لِرَبِّ الْعَالَمِينَ) ধ্বংস
ও কঠিন দুর্ভোগ তাদের জন্য, যারা মাপে ও ওজনে কম দেয়। যারা
মানুষের নিকট থেকে মেপে গ্রহণ করার সময় নিজেদের প্রাপ্য সম্পূর্ণ আদায় করে নেয়। অথচ যখন
তারা অন্যদের জন্য মেপে কিংবা ওজন করে দেয়, তখন কম দেয়। তারা কি
মনে করে না যে, নিশ্চয়ই তাদের পুনরুত্থিত করা হবে? এক মহাভয়াবহ দিনের জন্য! যেদিন
সমগ্র মানবজাতি সমগ্র জগতের রব মহান আল্লাহ তায়ালা উনার সম্মুখে দাঁড়াবে। (ছুরাহ
আল-মুত্বাফফিফীন ৮৩:১-৬)
একইভাবে মানুষের বক্তব্য ও সাক্ষ্যের ক্ষেত্রেও
ন্যায়পরায়ণ থাকার নির্দেশ দেওয়া হয়েছেঃ (وَلَا
تَقْرَبُوا مَالَ الْيَتِيمِ إِلَّا بِالَّتِي هِيَ أَحْسَنُ حَتَّىٰ يَبْلُغَ
أَشُدَّهُ ۖ وَأَوْفُوا الْكَيْلَ وَالْمِيزَانَ بِالْقِسْطِ ۖ لَا نُكَلِّفُ
نَفْسًا إِلَّا وُسْعَهَا ۖ وَإِذَا قُلْتُمْ فَاعْدِلُوا وَلَوْ كَانَ ذَا
قُرْبَىٰ ۖ وَبِعَهْدِ اللَّهِ أَوْفُوا ۚ ذَٰلِكُمْ وَصَّاكُمْ بِهِ لَعَلَّكُمْ
تَذَكَّرُونَ) আর তোমরা ইয়াতীমের সম্পদের নিকটবর্তী হয়ো
না, তবে সর্বোত্তম পন্থায় (অর্থাৎ তার সম্পদ সংরক্ষণ, রক্ষণাবেক্ষণ ও কল্যাণের উদ্দেশ্যে)
ব্যতীত, যতক্ষণ না সে পরিপক্ব বয়সে উপনীত হয়। আর তোমরা
মাপ ও ওজন ন্যায়সংগতভাবে পূর্ণ করো। আমি কোনো ব্যক্তিকে তার
সাধ্যের অতিরিক্ত দায়িত্ব অর্পণ করি না। আর যখন
তোমরা কথা বলবে (বিশেষত সাক্ষ্য, বিচার কিংবা কোনো বিষয়ে সিদ্ধান্ত প্রদানের
ক্ষেত্রে), তখন ইনছাফের সঙ্গে বলবে, যদিও বিষয়টি তোমাদের নিকটাত্মীয়ের বিরুদ্ধেও
যায়। আর মহান আল্লাহ তায়ালা উনার সঙ্গে কৃত অঙ্গীকার পূর্ণ
করো। এই বিষয়গুলোরই তিনি তোমাদের নির্দেশ দিয়েছেন, যাতে তোমরা
উপদেশ গ্রহণ করো। (ছুরাহ আল আনয়াম ৬:১৫২) অতএব
যুলুম মানুষের হাতের মাধ্যমে যেমন সংঘটিত হতে পারে, তেমনি মুখের কথা, কলমের লেখা, মিথ্যা
সাক্ষ্য, প্রতারণা
ও অন্যায় সিদ্ধান্তের মাধ্যমেও সংঘটিত হতে পারে।
৮। ইনছাফ
করতে হলে সত্য যাচাই করতে হবে
মহান আল্লাহ তায়ালা ইরশাদ মুবারক করেন, কোনো ফাছিক
ব্যক্তি গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে এলে তা যাচাই করতে হবে, যেন
অজ্ঞতাবশত কোনো সম্প্রদায়ের ক্ষতি করে পরে অনুতপ্ত হতে না হয়ঃ (يَا
أَيُّهَا الَّذِينَ آمَنُوا إِنْ جَاءَكُمْ فَاسِقٌ بِنَبَإٍ فَتَبَيَّنُوا أَنْ
تُصِيبُوا قَوْمًا بِجَهَالَةٍ فَتُصْبِحُوا عَلَىٰ مَا فَعَلْتُمْ نَادِمِينَ) হে
ঈমানদারগণ! যদি কোনো ফাছিক্ব (সত্য ও ন্যায়পথ থেকে বিচ্যুত ব্যক্তি) তোমাদের নিকট
কোনো সংবাদ নিয়ে আসে, তাহলে তোমরা তা যথাযথভাবে যাচাই-বাছাই করে নাও। যাতে
অজ্ঞতাবশত (প্রকৃত সত্য না জেনে) তোমরা কোনো সম্প্রদায়ের ক্ষতিসাধন করে না বসো, অতঃপর
নিজেদের কৃতকর্মের জন্য অনুতপ্ত হতে হয়। (ছুরাহ
আল হুজুরাত, ৪৯:৬)
অন্য আয়াত শরীফে ইরশাদ মুবারক হয়েছে, যে বিষয়ে
নিশ্চিত জ্ঞান নেই, তার
অনুসরণ করো না। কেননা শ্রবণ, দৃষ্টি ও
অন্তরের বিষয়েও জিজ্ঞাসাবাদ হবেঃ (وَلَا تَقْفُ
مَا لَيْسَ لَكَ بِهِ عِلْمٌ ۚ إِنَّ السَّمْعَ وَالْبَصَرَ وَالْفُؤَادَ كُلُّ
أُولَٰئِكَ كَانَ عَنْهُ مَسْئُولًا) আর যে বিষয়ে তোমার কোনো জ্ঞান নেই, তুমি
তার অনুসরণ করো না (অর্থাৎ কোনো বিষয়ে সত্যতা নিশ্চিত না হয়ে তা বিশ্বাস, প্রচার
কিংবা তার ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ করো না)। নিশ্চয়ই
শ্রবণশক্তি, দৃষ্টিশক্তি এবং অন্তঃকরণ, এসবের প্রত্যেকটি সম্পর্কেই জবাবদিহি করতে
হবে। (ছুরাহ আল ইছরা ১৭:৩৬)
এই নির্দেশসমূহ ইনছাফের একটি মৌলিক পদ্ধতি শিক্ষা
দেয়। কোনো অভিযোগ শুনেই সিদ্ধান্ত দেওয়া
যাবে না। একজনের বক্তব্যকেই সম্পূর্ণ ঘটনা মনে
করা যাবে না। কারও কান্না কিংবা আবেগকে একমাত্র
প্রমাণ মনে করা যাবে না। একইভাবে
কারও প্রভাব, খ্যাতি
কিংবা সুন্দরভাবে কথা বলার দক্ষতাকেও সত্যের নিশ্চয়তা মনে করা যাবে না।
অভিযোগের প্রকৃতি,
প্রমাণ, সংশ্লিষ্ট
পক্ষগুলোর বক্তব্য এবং শরীয়তসম্মত বিচারনীতির ভিত্তিতে সিদ্ধান্ত নিতে হবে।
রছুলে পাক ছ্বল্লাল্লাহু য়ালাইহি ওয়া আলিহি ওয়া ছাল্লাম ইরশাদ মুবারক করেছেন, বিবাদমান
ব্যক্তিদের কেউ কেউ অন্যের তুলনায় অধিক সুন্দরভাবে যুক্তি উপস্থাপন করতে পারে। সেই
বক্তব্যের ভিত্তিতে ভুলক্রমে কারও হক্ব অন্যকে প্রদান করা হলে, তা
গ্রহণকারীর জন্য আগুনের একটি অংশ গ্রহণ করার মতো হবে। (ছহীহ
বুখারী শরীফ, হাদীছ
২৬৮০)
কী ভয়াবহ সতর্কবাণী!
বিচারে জিতে যাওয়াই হক্বদার হওয়ার প্রমাণ নয়।
অন্যের অধিকার নিজের নামে লিখিয়ে নেওয়া গেলেও প্রকৃত মালিকানা পরিবর্তিত হয়ে
যায় না। দুনিয়ার আদালত, সমাজ কিংবা
মানুষের সামনে অন্যায়কে ন্যায় হিসেবে প্রতিষ্ঠা করা সম্ভব হলেও মহান আল্লাহ তায়ালা
উনার নিকট সত্য গোপন থাকে না।
৯। বে
ইনছাফকারীর জন্য আখিরাতের অন্ধকার
রছুলে পাক ছ্বল্লাল্লাহু য়ালাইহি ওয়া আলিহি ওয়া
ছাল্লাম ইরশাদ মুবারক করেনঃ (الظُّلْمُ ظُلُمَاتٌ يَوْمَ الْقِيَامَةِ) যুলুম
ক্বিয়ামতের দিন বহু অন্ধকারের কারণ হয়ে দাঁড়াবে। (ছহীহ
বুখারী শরীফ, হাদীছ
২৪৪৭)
দুনিয়ায় যুলুমকারী ব্যক্তি হয়তো ক্ষমতাবান হতে
পারেন। তিনি হয়তো অন্যায় করে পার্থিব সুবিধা
অর্জন করতে পারেন। তিনি হয়তো মানুষের মুখ বন্ধ করে দিতে
পারেন। তিনি হয়তো নিজের অন্যায়কে সত্য বলে
প্রচার করতে পারেন। কিন্তু এসবের কোনোটিই আখিরাতের হিসাব
থেকে মুক্তির নিশ্চয়তা নয়। মহান
আল্লাহ তায়ালা ইরশাদ মুবারক করেনঃ (وَلَا
تَحْسَبَنَّ اللَّهَ غَافِلًا عَمَّا يَعْمَلُ الظَّالِمُونَ ۚ إِنَّمَا
يُؤَخِّرُهُمْ لِيَوْمٍ تَشْخَصُ فِيهِ الْأَبْصَارُ) আর আপনি
কখনো মনে করবেন না যে, যালিমরা যা কিছু করছে, মহান আল্লাহ তায়ালা সে সম্পর্কে গাফিল (অনবহিত কিংবা উদাসীন)।
পরবর্তী অংশে জানানো হয়েছে, বরং তিনি
তাদেরকে কেবল সেই দিন পর্যন্ত অবকাশ দিয়ে রেখেছেন, যেদিন (ভয়াবহ
আতঙ্কে) তাদের চক্ষুসমূহ স্থির ও বিস্ফারিত হয়ে থাকবে। (ছুরাহ
ইবরাহীম য়ালাইহিছ ছালামঃ
১৪:৪২)
সুতরাং কোনো যালিমের দুনিয়ার সাফল্য তার অন্যায়ের
প্রতি মহান আল্লাহ তায়ালা উনার সন্তুষ্টির প্রমাণ নয়।
বিচার বিলম্বিত হওয়া মানেই বিচার বাতিল হয়ে যাওয়া নয়।
আর মহান আল্লাহ তায়ালা উনার অবকাশকে নিরাপত্তার নিশ্চয়তা মনে করা অত্যন্ত
বিপজ্জনক।
১০। যুলুমকারীর
জন্য যাহান্নামের সতর্কবাণী
মহান আল্লাহ তায়ালা ইরশাদ মুবারক করেন, যারা
মানুষের প্রতি যুলুম করে এবং পৃথিবীতে অন্যায়ভাবে সীমালঙ্ঘন করে, তাদের জন্য
রয়েছে যন্ত্রণাদায়ক আযাবঃ (إِنَّمَا السَّبِيلُ عَلَى
الَّذِينَ يَظْلِمُونَ النَّاسَ وَيَبْغُونَ فِي الْأَرْضِ بِغَيْرِ الْحَقِّ ۚ
أُولَٰئِكَ لَهُمْ عَذَابٌ أَلِيمٌ) নিশ্চয়ই অভিযোগ ও শাস্তির অধিকার কেবল
তাদের বিরুদ্ধেই, যারা মানুষের প্রতি যুলুম করে এবং পৃথিবীতে অন্যায়ভাবে সীমালঙ্ঘন
ও অত্যাচার চালায়। তাদের জন্যই রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। (ছুরাহ
আশ-শূরা ৪২:৪২)
ছুরাহ আন নিছার ৪:২৯ ও ৩০
আয়াত শরীফে অন্যায়ভাবে সম্পদ আত্মসাৎ ও সীমালঙ্ঘনের প্রসঙ্গে আগুনের শাস্তির
সতর্কবাণী এসেছেঃ (يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا
لَا تَأْكُلُوا أَمْوَالَكُمْ بَيْنَكُمْ بِالْبَاطِلِ إِلَّا أَنْ تَكُونَ
تِجَارَةً عَنْ تَرَاضٍ مِنْكُمْ ۚ وَلَا تَقْتُلُوا أَنْفُسَكُمْ ۚ إِنَّ اللَّهَ
كَانَ بِكُمْ رَحِيمًا وَمَنْ يَفْعَلْ ذَٰلِكَ عُدْوَانًا وَظُلْمًا فَسَوْفَ
نُصْلِيهِ نَارًا ۚ وَكَانَ ذَٰلِكَ عَلَى اللَّهِ يَسِيرًا) হে ঈমানদারগণ! তোমরা পরস্পরের
ধনসম্পদ অন্যায়ভাবে ভোগ করো না। তবে তোমাদের পারস্পরিক
সম্মতির ভিত্তিতে ব্যবসা-বাণিজ্যের মাধ্যমে (সম্পদ অর্জন করা বৈধ)। আর তোমরা
নিজেদেরকে হত্যা করো না (অর্থাৎ নিজের জীবন ধ্বংস করো না এবং একে অপরকে হত্যা করো
না)। নিশ্চয়ই মহান আল্লাহ তায়ালা তোমাদের প্রতি পরম দয়ালু।
আর যে ব্যক্তি সীমালঙ্ঘন ও যুলুমের মাধ্যমে এসব কাজ করবে, তাকে অচিরেই আমি
জাহান্নামের আগুনে প্রবেশ করাব। আর এটি মহান আল্লাহ তায়ালা
উনার জন্য অত্যন্ত সহজ।
তবে এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় স্মরণ
রাখতে হবে। কোনো নির্দিষ্ট অপরাধের জন্য শাস্তির
সতর্কবাণী থাকা এবং কোনো নির্দিষ্ট ব্যক্তির চূড়ান্ত আখিরাতের পরিণতি ঘোষণা করা এক
বিষয় নয়। কারও চূড়ান্ত ফায়সালা মহান আল্লাহ
তায়ালা উনার হাতে। কিন্তু এই সত্যকে যুলুমের শাস্তির
ভয়াবহতা অস্বীকার করার অজুহাত বানানো যাবে না।
একজন মুমিনের কর্তব্য হলো, মহান আল্লাহ তায়ালা উনার সতর্কবাণীকে ভয় করা, যুলুম থেকে
বিরত থাকা এবং নিজের অন্যায় সংশোধন করা।
১১। ক্বিয়ামতের
দিন নেক য়ামল দিয়েও যুলুমের দেনা পরিশোধ করতে হতে পারে
হযরত আবূ হুরায়রাহ রদ্বিআল্লাহু
য়ানহু উনার সূত্রে বর্ণিত, রছুলে পাক ছ্বল্লাল্লাহু য়ালাইহি ওয়া
আলিহি ওয়া ছাল্লাম ছাহাবায়ে কিরাম রদ্বিআল্লাহু য়ানহুম উনাদের জিজ্ঞাসা করলেন, তোমরা কি
জানো প্রকৃত নিঃস্ব ব্যক্তি কে?
ছাহাবায়ে কিরাম রদ্বিআল্লাহু য়ানহুম উত্তর দিলেন, যাঁর
অর্থসম্পদ নেই, তিনিই
নিঃস্ব। তখন রছুলে পাক ছ্বল্লাল্লাহু য়ালাইহি
ওয়া আলিহি ওয়া ছাল্লাম উনার উম্মতের প্রকৃত নিঃস্ব ব্যক্তির পরিচয় দিলেন।
তিনি ক্বিয়ামতের দিন নামায, রোযা ও যাকাতের নেক য়ামল নিয়ে উপস্থিত হবেন।
কিন্তু দুনিয়ায় তিনি কাউকে গালি দিয়েছেন, কাউকে অপবাদ দিয়েছেন, কারও সম্পদ
আত্মসাৎ করেছেন, কারও
রক্তপাত ঘটিয়েছেন এবং কাউকে আঘাত করেছেন। তখন
ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের প্রাপ্য হিসেবে তার নেক য়ামল থেকে প্রদান করা হবে।
যদি সকল হক্ব আদায়ের পূর্বেই তার নেক য়ামল শেষ হয়ে যায়, তাহলে
ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের গুনাহ তার উপর চাপিয়ে দেওয়া হবে। অতঃপর
তাকে যাহান্নামে নিক্ষেপ করা হবে। (ছহীহ মুসলিম
শরীফ, হাদীছ
২৫৮১) এই পবিত্র হাদীছ শরীফের শিক্ষা অত্যন্ত গভীর।
একজন মানুষ বহু ইবাদত করেও অন্যের হক্ব নষ্ট করার কারণে আখিরাতে ভয়াবহ ক্ষতির
সম্মুখীন হতে পারেন। এখানে
ইবাদতের মর্যাদা অস্বীকার করা হয়নি। বরং বুঝিয়ে
দেওয়া হয়েছে, ইবাদতের
পাশাপাশি বান্দার হক্ব আদায় করাও অপরিহার্য। মহান
আল্লাহ তায়ালা উনার ইবাদত করব, অথচ উনার বান্দাদের প্রতি যুলুম করব, এমন
অবস্থাকে নিরাপদ মনে করার কোনো সুযোগ নেই।
একজন মানুষ নিজের নেক য়ামলের হিসাব করছেন, কিন্তু কখনো
কি চিন্তা করেছেন, অন্যের
কত হক্ব তার নিকট বাকি রয়েছে? কত মানুষের হৃদয়ে আঘাত দিয়েছেন? কত মানুষকে
অপমান করেছেন? কতজনের
ন্যায্য অধিকার আটকে রেখেছেন? কতজনের বিরুদ্ধে অন্যায় অভিযোগ
করেছেন? কতজনের
প্রাপ্য সম্মান নষ্ট করেছেন?
এই প্রশ্নগুলো নিজের নফছকে করা প্রয়োজন।
কেননা ক্বিয়ামতের দিন কেবল নিজের নেক য়ামলের হিসাবই হবে না, অন্যের নিকট
নিজের দেনার হিসাবও সামনে আসবে।
১২। মাযলুমের
ফরিয়াদ থেকে সাবধান
রছুলে পাক ছ্বল্লাল্লাহু য়ালাইহি ওয়া আলিহি ওয়া
ছাল্লাম হযরত মুয়ায ইবনে জাবাল রদ্বিআল্লাহু য়ানহু উনাকে সতর্ক করে ইরশাদ মুবারক
করেনঃ (اتَّقِ دَعْوَةَ الْمَظْلُومِ فَإِنَّهَا لَيْسَ
بَيْنَهَا وَبَيْنَ اللَّهِ حِجَابٌ) মাযলুমের দোয়া থেকে সতর্ক
থেকো। কেননা মাযলুমের দোয়া ও মহান আল্লাহ
তায়ালা উনার মধ্যে কোনো পর্দা নেই। (ছহীহ বুখারী
শরীফ, হাদীছ
২৪৪৮)
এই পবিত্র হাদীছ শরীফ প্রত্যেক ক্ষমতাবান, দায়িত্বশীল
এবং সাধারণ মানুষকে সতর্ক করার জন্য যথেষ্ট। কোনো
ব্যক্তি বাহ্যিকভাবে দুর্বল হতে পারেন। তার
অর্থসম্পদ নাও থাকতে পারে। তার
পক্ষে কথা বলার মতো প্রভাবশালী কেউ নাও থাকতে পারে।
কিন্তু তিনি যদি প্রকৃতপক্ষে মাযলুম হন, তাহলে তার ফরিয়াদকে তুচ্ছ মনে করা
ভয়াবহ ভুল। তবে কারও দাবি কিংবা আবেগ দেখেই তাকে
নিশ্চিত মাযলুম এবং অপর পক্ষকে নিশ্চিত যালিম ঘোষণা করা যাবে না। প্রকৃত
ঘটনা যাচাই করাও ইনছাফের অংশ। মাযলুমের
ফরিয়াদকে ভয় করতে হবে,
একই সঙ্গে মিথ্যা অভিযোগের মাধ্যমে কাউকে মাযলুম বানানোর ভান করা থেকেও বিরত
থাকতে হবে।
১৩। মাযলুমের
হক্ব আদায় করানো হবে
মহান আল্লাহ তায়ালা ইরশাদ মুবারক করেন, ক্বিয়ামতের
দিন ন্যায়বিচারের মীযান স্থাপন করা হবে। তখন কোনো
প্রাণীর প্রতি বিন্দুমাত্র যুলুম করা হবে না। সরিষাদানার
ওজনের সমপরিমাণ কোনো আমল হলেও তা হিসাবের মধ্যে আনা হবেঃ (وَنَضَعُ
الْمَوَازِينَ الْقِسْطَ لِيَوْمِ الْقِيَامَةِ فَلَا تُظْلَمُ نَفْسٌ شَيْئًا ۖ
وَإِنْ كَانَ مِثْقَالَ حَبَّةٍ مِنْ خَرْدَلٍ أَتَيْنَا بِهَا ۗ وَكَفَىٰ بِنَا
حَاسِبِينَ) আর ক্বিয়ামতের দিন আমি ন্যায়বিচারের দাঁড়িপাল্লাসমূহ
স্থাপন করব। অতঃপর কোনো ব্যক্তির প্রতি বিন্দুমাত্র যুলুম করা হবে না। এমনকি কোনো
আমল যদি সরিষার দানা পরিমাণও হয়, আমি তাও উপস্থিত করব (অর্থাৎ যত ক্ষুদ্র সৎকর্ম কিংবা
অসৎকর্মই হোক না কেন, কোনোটিই হিসাবের বাইরে থাকবে না)। আর হিসাব
গ্রহণের জন্য আমিই যথেষ্ট। (ছুরাহ আল
আম্বিয়া য়ালাইহিমুছ ছালাম
২১:৪৭)
আরও ইরশাদ মুবারক হয়েছে, যে
অণুপরিমাণ সৎকর্ম করবে সে তা দেখতে পাবে এবং যে অণুপরিমাণ মন্দকর্ম করবে সেও তা
দেখতে পাবেঃ (فَمَنْ يَعْمَلْ مِثْقَالَ
ذَرَّةٍ خَيْرًا يَرَهُ وَمَنْ يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَرَهُ) অতএব,
যে ব্যক্তি অণু পরিমাণও সৎকর্ম করবে, সে তা দেখতে পাবে এবং যে ব্যক্তি অণু পরিমাণও
অসৎকর্ম করবে, সেও তা দেখতে পাবে। (ছুরাহ আয
যিলযাল ৯৯:৭-৮)
ছহীহ মুছলিম শরীফের
২৫৮২ নম্বর হাদীছ শরীফে বর্ণিত হয়েছে, ক্বিয়ামতের দিন সকল হক্ব যথাযথভাবে
আদায় করানো হবে। এমনকি শিংবিহীন ভেড়ার হক্বও শিংযুক্ত
ভেড়ার নিকট থেকে আদায় করানো হবে।
চিন্তা করার বিষয়! যেখানে প্রাণীদের পারস্পরিক অন্যায়ের বিচারও বাদ যাবে না, সেখানে জ্ঞান, বিবেক ও শরয়ী দায়িত্বপ্রাপ্ত মানুষের যুলুমের হিসাব কত গুরুতর! দুনিয়ার কোনো সাক্ষী না থাকলেও মহান আল্লাহ তায়ালা সমস্ত কিছু অবগত। মানুষ ভুলে গেলেও উনার নিকট কোনো আমল হারিয়ে যায় না। কেউ অন্যায়কে আড়াল করতে পারলেও আখিরাতের ন্যায়বিচার থেকে পালিয়ে যাওয়ার উপায় নেই।
১৪। যালিমকে
সমর্থন করা নয়, যুলুম
থেকে ফিরিয়ে আনাই প্রকৃত সাহায্য
রছুলে পাক ছ্বল্লাল্লাহু য়ালাইহি ওয়া আলিহি ওয়া
ছাল্লাম ইরশাদ মুবারক করেন,
তোমার ভাইকে সাহায্য করো, সে যালিম হোক কিংবা মাযলুম।
ছাহাবায়ে কিরাম রদ্বিআল্লাহু য়ানহুম উনারা জানতে চাইলেন, মাযলুমকে
সাহায্য করার বিষয়টি বোঝা যায়, কিন্তু যালিমকে কীভাবে সাহায্য করা হবে? তখন রছুলে
পাক ছ্বল্লাল্লাহু য়ালাইহি ওয়া আলিহি ওয়া ছাল্লাম শিক্ষা দিলেন, তাকে যুলুম
করা থেকে বিরত রাখার মাধ্যমেই সাহায্য করতে হবে। (ছহীহ
বুখারী শরীফ, হাদীছ
২৪৪৪) এই পবিত্র হাদীছ শরীফ আমাদের সম্পর্ক ও মুহব্বতের একটি
গুরুত্বপূর্ণ উছুল শিক্ষা দেয়।
কাউকে ভালোবাসার অর্থ তার অন্যায়কে সমর্থন করা নয়।
কারও প্রতি আনুগত্যের অর্থ তার যুলুমকে বৈধ মনে করা নয়।
কারও সম্মান রক্ষার অর্থ অন্য মানুষের হক্ব নষ্ট করা নয়।
প্রিয়জন অন্যায় করলে তাকে সংশোধনের চেষ্টা করাই প্রকৃত কল্যাণকামিতা।
একইভাবে মাযলুমকে সাহায্য করার অর্থ হলো তার ন্যায্য হক্ব প্রতিষ্ঠায়
শরীয়তসম্মত উপায়ে সহযোগিতা করা।
১৫। ইনছাফ, ক্ষমা ও
হক্ব আদায়ের পার্থক্য
কখনো মানুষ ইনছাফের পরিবর্তে ক্ষমার কথা বলেন। অথচ
বিষয় দুটি এক নয়।
মহান আল্লাহ তায়ালা ছুরাহ আশ শূরা, ৪২:৪০ আয়াত
শরীফে অপরাধের ন্যায্য প্রতিকারের সীমা উল্লেখ করার পাশাপাশি ক্ষমা ও সংশোধনের
ক্ষেত্রে বিশেষ প্রতিদানের সংবাদ দিয়েছেনঃ (وَجَزَاءُ
سَيِّئَةٍ سَيِّئَةٌ مِثْلُهَا ۖ فَمَنْ عَفَا وَأَصْلَحَ فَأَجْرُهُ عَلَى
اللَّهِ ۚ إِنَّهُ لَا يُحِبُّ الظَّالِمِينَ) পরবর্তী
আয়াত শরীফে জানানো হয়েছে,
যুলুমের শিকার হওয়ার পর যে ব্যক্তি নিজের ন্যায্য প্রতিকার গ্রহণ করে, তার
বিরুদ্ধে অভিযোগের সুযোগ নেই। (ছুরাহ আশ
শূরা ৪২:৪১)
অর্থাৎ ক্ষমা একটি মহৎ গুণ, কিন্তু
প্রত্যেক ক্ষেত্রে নিজের ন্যায্য হক্ব দাবি করাকে অন্যায় বলা যাবে না।
মাযলুম স্বেচ্ছায় নিজের ক্ষমাযোগ্য ব্যক্তিগত হক্ব ক্ষমা করতে পারেন।
কিন্তু যালিম নিজের সুবিধার জন্য মাযলুমকে ক্ষমা করতে বাধ্য করতে পারেন না।
একজনের হক্ব অন্যজন তার অনুমতি ছাড়া ক্ষমা করে দেওয়ার অধিকার রাখেন না।
আর যে ক্ষেত্রে শরীয়তের নির্ধারিত বিধান ও অন্যের অধিকার জড়িত, সেখানে
ক্ষমার সুযোগ ও সীমা সেই বিধান অনুযায়ী নির্ধারিত হবে।
সুতরাং ক্ষমার নামে যুলুমকে প্রতিষ্ঠিত করা যাবে না। আবার
ইনছাফের নামে প্রতিশোধপরায়ণ হয়ে সীমালঙ্ঘনও করা যাবে না।
১৬। ইনছাফ
অর্জনের জন্য নফছের তাজকিয়া অপরিহার্য
ইনছাফের পথে মানুষের অন্যতম বড় প্রতিবন্ধক তার
নিজের নফছ। নফছ নিজের স্বার্থকে বড় করে দেখতে
চায়। নিজের ভুলকে ছোট করে এবং অন্যের
ভুলকে বড় করে উপস্থাপন করতে চায়। নিজের
প্রিয়জনের জন্য বিশেষ সুবিধা চায়। অপছন্দের
ব্যক্তির প্রতি কঠোর হতে চায়। প্রশংসা
শুনতে পছন্দ করে, কিন্তু
নিজের অন্যায় স্বীকার করতে অনীহা প্রকাশ করে।
এই প্রবণতাগুলো নিয়ন্ত্রণ না করলে বাহ্যিক বিচারব্যবস্থা থাকলেও মানুষের
ব্যক্তিগত আচরণে ইনছাফ প্রতিষ্ঠা কঠিন হয়ে পড়ে।
পবিত্র ক্বুরআন শরীফে ইনছাফ থেকে বিচ্যুত না হওয়ার জন্য নফছের প্রবৃত্তির
অনুসরণ থেকে বিরত থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। (ছুরাহ
আন নিছা, ৪:১৩৫) এখানেই
নফছের তাজকিয়ার গুরুত্ব। তাজকিয়া
মানুষকে নিজের অন্তরের প্রবণতাগুলো চিনতে, অন্যায় আকাঙ্ক্ষার বিরোধিতা করতে এবং
মহান আল্লাহ তায়ালা উনার সন্তুষ্টিকে অগ্রাধিকার দিতে শিক্ষা দেয়।
যিনি নিজের ভুল স্বীকার করতে শেখেননি, তার জন্য অন্যের হক্ব প্রতিষ্ঠা কঠিন
হয়ে যেতে পারে। যিনি নিজের নফছকে নিয়ন্ত্রণ করতে
পারেন না, তিনি
ক্ষমতা কিংবা সম্পর্কের পরীক্ষায় পক্ষপাতের শিকার হতে পারেন।
তাই ইনছাফ কেবল বাহ্যিক আচরণের বিষয় নয়। এটি নফছের
সংশোধন, সত্যের
প্রতি আন্তরিকতা এবং মহান আল্লাহ তায়ালা উনার নিকট জবাবদিহির অনুভূতির সঙ্গেও
গভীরভাবে সম্পর্কিত। তবে মনে
রাখতে হবে, অন্তরের
ভালো নিয়তের দাবি বাহ্যিক অন্যায়কে বৈধ করে না।
একজন মানুষের নিয়ত সম্পর্কে চূড়ান্ত জ্ঞান মহান আল্লাহ তায়ালা উনার। কিন্তু
মানুষের পারস্পরিক হক্ব ও দায়িত্বের বিচার করতে হবে প্রকাশ্য কথা, কাজ, প্রমাণ এবং
শরীয়তের বিধান অনুসারে।
১৭। বে
ইনছাফ থেকে ফিরে আসার পথ
কোনো মানুষ পূর্বে অন্যায় করেছেন বলেই তার জন্য
সংশোধনের পথ বন্ধ হয়ে যায় না। মহান
আল্লাহ তায়ালা তাওবাকারীদের জন্য রহমত ও মাগফিরাতের দ্বার উন্মুক্ত রেখেছেন।
কিন্তু তাওবার অর্থ কেবল মুখে অনুতাপ প্রকাশ করা নয়।
প্রকৃত সংশোধনের জন্য অন্যায় কাজ বন্ধ করতে হবে, নিজের অপরাধের জন্য অনুতপ্ত হতে হবে
এবং পুনরায় সেই অন্যায়ে ফিরে না যাওয়ার আন্তরিক সংকল্প গ্রহণ করতে হবে।
অন্যের হক্ব নষ্ট করে থাকলে তা যথাসম্ভব ফিরিয়ে দিতে হবে।
সম্পদ আত্মসাৎ করে থাকলে প্রাপ্য সম্পদ ফেরত দিতে হবে।
মিথ্যা অভিযোগ করে থাকলে সেই অভিযোগ সংশোধন করতে হবে।
কারও ন্যায্য সম্মান ক্ষুণ্ণ করে থাকলে পরিস্থিতি ও শরীয়তের বিধান অনুযায়ী
প্রতিকার করতে হবে। যেখানে ক্ষমা প্রার্থনা প্রয়োজন, সেখানে
ক্ষমা প্রার্থনা করতে হবে। রছুলে
পাক ছ্বল্লাল্লাহু য়ালাইহি ওয়া আলিহি ওয়া ছাল্লাম সতর্ক করেছেন, যে ব্যক্তি
অন্যের প্রতি যুলুম করেছে,
সে যেন দুনিয়াতেই সেই ব্যক্তির নিকট থেকে দায়মুক্তি অর্জন করে। কেননা
আখিরাতে দিনার ও দিরহাম দিয়ে দেনা পরিশোধের সুযোগ থাকবে না। সেখানে
নেক য়ামল ও গুনাহের মাধ্যমে হক্বের হিসাব নিষ্পত্তি হতে পারে। (ছহীহ
বুখারী শরীফ, হাদীছ
৬৫৩৪) সুতরাং যুলুম সংশোধনের সুযোগ থাকতে অবহেলা করা উচিত নয়।
১৮। শেষ
নছিহত
হে মুমিন! নিজের নফছকে
প্রশ্ন করুন। আমি কি নিজের বিরুদ্ধে সত্য স্বীকার
করতে প্রস্তুত? আমি
কি আমার প্রিয়জনের অন্যায়কে অন্যায় বলতে পারি? আমি কি আমার অপছন্দের ব্যক্তির
ন্যায্য হক্ব স্বীকার করি? আমি
কি কোনো অভিযোগ শুনলে সত্য যাচাই করি? আমি কি অন্যের বক্তব্য বিকৃত না করে
যথাযথভাবে উপস্থাপন করি? আমি
কি আমার পরিবার, অধীনস্থ
মানুষ এবং যাঁদের হক্ব আমার উপর রয়েছে, তাঁদের প্রতি ইনছাফ করছি? আমি কি
কাউকে অন্যায়ভাবে কষ্ট দিয়ে নিজের ইবাদতের উপর নিশ্চিন্ত হয়ে আছি? আমি কি মহান
আল্লাহ তায়ালা উনার নিকট জবাবদিহির বিষয়টি স্মরণ করি?
মনে রাখবেন, ইনছাফের পরীক্ষা কেবল আদালতের
বিচারকের জন্য নয়। প্রত্যেক মানুষের জীবনে প্রতিদিন এমন
পরিস্থিতি আসে, যেখানে
তাকে সত্য ও নফছের আকাঙ্ক্ষার মধ্য থেকে একটি পথ বেছে নিতে হয়।
কখনো সেই পরীক্ষা আসে অর্থসম্পদের মাধ্যমে।
কখনো আসে পারিবারিক সম্পর্কের মাধ্যমে। কখনো
আসে ক্ষমতা ও দায়িত্বের মাধ্যমে। কখনো
আসে ভালোবাসা ও বিরাগের মাধ্যমে। আবার
কখনো আসে নিজের ভুল স্বীকার করার মাধ্যমে। সেই
পরীক্ষায় মহান আল্লাহ তায়ালা উনার হুকুমকে প্রাধান্য দিয়ে হক্ব প্রতিষ্ঠা করাই
ইনছাফের পরিচয়।
মহান আল্লাহ তায়ালা পবিত্র ক্বুরআন শরীফে
জানিয়েছেন, উনার
রছুলগণকে সুস্পষ্ট প্রমাণসহ প্রেরণ করা হয়েছে এবং তাঁদের সঙ্গে কিতাব ও মীযান
নাযিল করা হয়েছে, যেন
মানুষ ইনছাফ প্রতিষ্ঠা করেঃ (لَقَدْ أَرْسَلْنَا رُسُلَنَا
بِالْبَيِّنَاتِ وَأَنْزَلْنَا مَعَهُمُ الْكِتَابَ وَالْمِيزَانَ لِيَقُومَ
النَّاسُ بِالْقِسْطِ ۖ وَأَنْزَلْنَا الْحَدِيدَ فِيهِ بَأْسٌ شَدِيدٌ
وَمَنَافِعُ لِلنَّاسِ وَلِيَعْلَمَ اللَّهُ مَنْ يَنْصُرُهُ وَرُسُلَهُ
بِالْغَيْبِ ۚ إِنَّ اللَّهَ قَوِيٌّ عَزِيزٌ) নিশ্চয়ই আমি আমার রছুলগণকে সুস্পষ্ট
নিদর্শন ও প্রমাণাদিসহ প্রেরণ করেছি এবং উনাদের সঙ্গে অবতীর্ণ করেছি কিতাব ও মীযান
(অর্থাৎ সত্য-মিথ্যা ও ন্যায়-অন্যায় নির্ণয়ের মানদণ্ড), যাতে মানুষ ইনছাফ ও ন্যায়বিচার
প্রতিষ্ঠা করে। আর আমি লোহা অবতীর্ণ করেছি, যার মধ্যে রয়েছে প্রচণ্ড শক্তি
এবং মানুষের জন্য বহুবিধ উপকারিতা। আর এ ব্যবস্থার মাধ্যমে মহান
আল্লাহ তায়ালা প্রকাশ করে দেবেন, কে অদৃশ্য অবস্থায় (অর্থাৎ তাঁকে প্রত্যক্ষ না করেও
ঈমান ও আনুগত্যের সঙ্গে) মহান আল্লাহ তায়ালা এবং উনার রছুলগণকে সাহায্য করে। নিশ্চয়ই মহান
আল্লাহ তায়ালা মহাশক্তিমান, মহাপরাক্রমশালী। (ছুরাহ
আল হাদীদ ৫৭:২৫)
অর্থাৎ ইনছাফ মানুষের সামাজিক সুবিধার জন্য তৈরি
কোনো সাধারণ নীতিমাত্র নয়। এটি মহান
আল্লাহ তায়ালা উনার প্রেরিত হেদায়াতের গুরুত্বপূর্ণ উদ্দেশ্যগুলোর অন্তর্ভুক্ত।
আর তাই ইনছাফকে কেবল মানুষের প্রশংসা অর্জনের
মাধ্যম হিসেবে নয়, মহান
আল্লাহ তায়ালা উনার সন্তুষ্টি অর্জনের একটি দায়িত্ব হিসেবে গ্রহণ করতে হবে।
যে ব্যক্তি ইনছাফ
করেন, তার জন্য
রয়েছে মহান আল্লাহ তায়ালা উনার মুহব্বত ও আখিরাতের বিশেষ সম্মানের সুসংবাদ। আর যে ব্যক্তি জেনেশুনে যুলুম করেন, তার জন্য রয়েছে কঠিন জবাবদিহি, মাযলুমের হক্ব আদায়ের ভয়াবহ হিসাব এবং আখিরাতের শাস্তির সতর্কবাণী।
তাই অন্যের বিচার করার পূর্বে নিজের নফছের বিচার
করুন। অন্যের ভুল খোঁজার পূর্বে নিজের ভুল
সংশোধন করুন। নিজের হক্ব দাবি করার পাশাপাশি
অন্যের হক্ব আদায় করুন। যেখানে সত্য
নিজের বিরুদ্ধে যায়,
সেখানেও সত্যকে গ্রহণ করুন। আর
যেখানে নিজের প্রিয়জনের অন্যায় প্রকাশ পায়, সেখানে ভালোবাসার নামে অন্যায়কে
সমর্থন না করে তাকে সংশোধনের পথে সাহায্য করুন।
কারণ মানুষের প্রশংসা,
প্রভাব, সম্পদ
কিংবা বাহ্যিক সম্মান আখিরাতের ন্যায়বিচারের বিকল্প হতে পারে না।
ইনছাফ সেই মহৎ
আখলাক, যার
মাধ্যমে বান্দা নিজের নফছের উপর হক্বকে প্রাধান্য দেয়। আর মহান
আল্লাহ তায়ালা উনার সন্তুষ্টির উদ্দেশ্যে সেই হক্ব প্রতিষ্ঠার মধ্যেই রয়েছে
ইনছাফকারীর প্রকৃত মর্যাদা।
দোয়া
হে মহান আল্লাহ তায়ালা! আপনি আমাদের সত্যকে সত্য হিসেবে চিনতে এবং সত্যের অনুসরণ করতে তাওফীক দান করুন। আপনি আমাদের অন্যায়কে অন্যায় হিসেবে চিনতে এবং উহা থেকে বিরত থাকার তাওফীক দান করুন। আমাদের অন্তর থেকে অহংকার, হিংসা, বিদ্বেষ, পক্ষপাত এবং নফছের অন্যায় প্রবৃত্তি দূর করে দিন। আপনি আমাদের নিজেদের বিরুদ্ধে হলেও সত্য স্বীকার করার সাহস দান করুন। আমাদের দ্বারা কারও হক্ব নষ্ট হয়ে থাকলে তা সংশোধন ও আদায়ের তাওফীক দান করুন। আপনি আমাদের যুলুমকারী হওয়া থেকে হিফাযত করুন এবং অন্যের যুলুম থেকে রক্ষা করুন। আমাদের ইনছাফকারী, সত্যনিষ্ঠ, আমানতদার ও মুত্তাক্বী বান্দাদের অন্তর্ভুক্ত করুন। আপনার মুহব্বত, রহমত, মাগফিরাত এবং সন্তুষ্টি নছীব করুন। রছুলে পাক ছ্বল্লাল্লাহু য়ালাইহি ওয়া আলিহি ওয়া ছাল্লাম উনার পবিত্র অনুসরণে আমাদের জীবন পরিচালনার তাওফীক দান করুন। আমীন ইয়া রব্বাল য়ালামীন।

0 ফেইসবুক: