মুর্শিদ
কী, কেন প্রয়োজন এবং উনার হাক্বিকি পরিচয় কী, তা বুঝতে হলে আগে ঈল্মে তাছ্বাউফ ও
নফছের তাজকিয়াহর উদ্দেশ্য বুঝতে হবে। কেননা মানুষের নফছ ও ক্বলবের সংশোধনের প্রয়োজন থেকেই
মুর্শিদের বিশেষ ইরশাদী দায়িত্ব সামনে আসে।
ঈল্মে
তাছ্বাউফের প্রয়োজনীয়তা বুঝতে হলে প্রথমে এই শাস্ত্রের নামকরণ, শব্দগত পরিচয় এবং
অন্তর্নিহিত উদ্দেশ্য সম্পর্কে পরিষ্কার ধারণা থাকা প্রয়োজন। কারণ কোনো শাস্ত্রের নামের
উৎপত্তি এবং সেই শাস্ত্রের প্রকৃত বিষয়বস্তু সর্বাবস্থায় এক বিষয় নয়।
য়া’রবী
التَّصَوُّفُ (আত-তাছ্বাউফ, অর্থাৎ ছ্বুফী
জীবনপদ্ধতি গ্রহণের প্রক্রিয়া) শব্দটি تَصَوَّفَ (তাছ্বাওয়াফা, অর্থাৎ সে ছ্বুফী হয়েছে বা ছ্বুফী জীবনপদ্ধতি গ্রহণ
করেছে) ক্রিয়ার মাছদার (ক্রিয়াবাচক বিশেষ্য)। এটি تَفَعُّلٌ (তাফা‘উল) ওজনের (শব্দগঠনের ছাঁচের) অন্তর্ভুক্ত। এর সঙ্গে
সম্পর্কিত صُوفِيٌّ (ছ্বুফী) একটি পরিচিত নিছবতবাচক (পরিচয়সূচক) শব্দ।
ছ্বুফী
নামটির উৎস সম্পর্কে প্রাচীন তাছ্বাউফশাস্ত্রবিদ ও ভাষাবিদগণের একাধিক মত রয়েছে। এগুলো
বিচার করার সময় য়া’রবী শব্দগঠন এবং শব্দটির রূহানি ও নৈতিক তাৎপর্য পৃথক রাখা
প্রয়োজন।
প্রথম
মতঃ الصُّوفُ (আছ্-ছ্বুফ), অর্থাৎ পশম। এই মত অনুসারে তাছ্বাউফ শব্দটির নামকরণের সঙ্গে পশমি
পোশাক পরিধানের সম্পর্ক রয়েছে। প্রাথমিক যুগের বহু যাহিদ ও ঈবাদতগুযার ব্যক্তি বিলাসবহুল
পোশাকের পরিবর্তে সাধারণ পশমি পোশাক পরিধান করতেন। এই বাহ্যিক বৈশিষ্ট্যের কারণে
তাঁদের ছ্বুফী বলা হয়েছে বলে ব্যাখ্যা করা হয়।
য়া’রবী
শব্দগঠনের বিচারে এই ব্যাখ্যাটি অপেক্ষাকৃত শক্তিশালী। কারণ صُوفٌ থেকে নিছবতের নিয়মে
صُوفِيٌّ গঠন করা যায়। এরপর تَصَوَّفَ ক্রিয়া এবং তার
মাছদার تَصَوُّفٌ দ্বারা সংশ্লিষ্ট পরিচয় বা বৈশিষ্ট্য গ্রহণের অর্থ প্রকাশ করা
সম্ভব। তবে এখানে একটি মৌলিক পার্থক্য রয়েছে।
কেউ
পশমি পোশাক পরিধান করেও অহংকারী, হিংসুক কিংবা রিয়াকার হতে পারেন। আবার কেউ
অন্য সাধারণ পোশাক পরিধান করেও ইখলাছ, তাক্বওয়া ও উত্তম আখলাকের অধিকারী হতে পারেন। অতএব পশম
থেকে শব্দটির উৎপত্তি গ্রহণ করলেও পশম পরিধানকে তাছ্বাউফের হাক্বিকত বলা যায় না। এই
ব্যাখ্যা নামকরণের একটি সম্ভাব্য ঐতিহাসিক উৎস নির্দেশ করে, শাস্ত্রটির পূর্ণ
উদ্দেশ্য নয়।
দ্বিতীয়
মতঃ الصَّفَاءُ (আছ্-ছ্বফা-উ), অর্থাৎ নির্মলতা ও বিশুদ্ধতা। এই ব্যাখ্যায় তাছ্বাউফের
সঙ্গে ক্বলবের নির্মলতা, নিয়তের বিশুদ্ধতা এবং নফছের কলুষতা দূর করার সম্পর্ক
প্রতিষ্ঠা করা হয়। কিন্তু য়া’রবী ছরফের নিয়ম অনুসারে صَفَاءٌ থেকে صُوفِيٌّ শব্দের উৎপত্তি সরাসরি প্রতিষ্ঠিত হয় না। صَفَاءٌ এবং صُوفٌ শব্দের ধাতুমূল এক
নয়। ফলে উভয়ের অর্থগত সম্পর্ক থাকলেও শব্দগঠনের নিয়মে তাদের অভিন্ন
উৎস প্রমাণিত হয় না। অতএব ছ্বফা থেকে ছ্বুফী শব্দের উৎপত্তিকে নিশ্চিত লুগাতি
ব্যুৎপত্তি না বলে অর্থগত ও ইশারী ব্যাখ্যা হিসেবে গ্রহণ করা অধিক যথাযথ।
তৃতীয়
মতঃ الصُّفَّةُ (আছ্-ছ্বুফফাহ), অর্থাৎ আহলে ছ্বুফফাহর সঙ্গে সম্পর্ক। মদীনা
শরীফে মাছযিদে নববী শরীফের সঙ্গে সংশ্লিষ্ট আহলে ছ্বুফফাহ ছিলেন একদল সম্মানিত
ছ্বহাবায়ে কিরাম, যাঁদের জীবনে দ্বীনি শিক্ষা, ঈবাদত এবং রছুলে পাক ছ্বল্লাল্লাহু
য়ালাইহি ওয়া আলিহি ওয়া ছাল্লাম উনার ছ্বহবতের বিশেষ গুরুত্ব ছিল। আহলে ছ্বুফফাহর জীবনে নববী
ছ্বহবত, দ্বীনি শিক্ষা ও ঈবাদতের যে গুরুত্ব ছিল, তা তাছ্বাউফের ব্যবহারিক
তরবিয়তের সঙ্গে প্রাসঙ্গিক। কিন্তু য়া’রবী নিছবতের নিয়মে صُفَّةٌ থেকে স্বাভাবিকভাবে صُوفِيٌّ গঠিত হয় না। তাই আদর্শগত সম্পর্ক স্বীকার করেও ছ্বুফী শব্দটির সরাসরি
লুগাতি উৎপত্তি ছ্বুফফাহ থেকে নিশ্চিত বলা যায় না।
চতুর্থ
মতঃ الصَّفُّ (আছ্-ছ্বফ্), অর্থাৎ সারি বা কাতার। এই ব্যাখ্যায় ছ্বুফীগণের
সঙ্গে মহান আল্লাহ তা’য়ালা উনার আনুগত্য, ঈবাদত এবং রূহানি উৎকর্ষের ক্ষেত্রে
অগ্রবর্তী হওয়ার ধারণাকে সম্পর্কিত করা হয়। অর্থাৎ তাঁরা আনুগত্য ও ইবাদতের ক্ষেত্রে অগ্রবর্তী
সারিতে থাকার চেষ্টা করেন, এই অর্থে তাঁদের পরিচয়ের সঙ্গে ছ্বফ্ শব্দটির ইশারী
সম্পর্ক নির্দেশ করা হয়। এই ব্যাখ্যার নৈতিক তাৎপর্য
রয়েছে। কিন্তু صَفٌّ থেকে صُوفِيٌّ শব্দের গঠন য়া’রবী নিছবতের স্বাভাবিক নিয়ম অনুসরণ করে না। সুতরাং
এটিও নিশ্চিত শব্দব্যুৎপত্তি নয়; বরং তাছ্বাউফের একটি আদর্শগত ও ইশারী ব্যাখ্যা।
পঞ্চম
মতঃ الصَّفَاءُ وَالْوَفَاءُ (আছ্-ছ্বফাউ ওয়াল-ওয়াফাউ), অর্থাৎ নির্মলতা ও বিশ্বস্ততা। ইমাম আবূ নু‘আইম
আল-আছ্বফাহানী রহমাতুল্লাহি য়ালাইহি উনার হিলইয়াতুল আউলিয়া ওয়া ত্বাবাক্বাতুল
আছফিয়া কিতাবের প্রারম্ভিক আলোচনায় আহলে ইশারতের নিকট তাছ্বাউফের সঙ্গে ছ্বফা ও ওয়াফার সম্পর্ক উল্লেখ
করেছেন। এখানে ছ্বফা দ্বারা অন্তরের নির্মলতা এবং ওয়াফা দ্বারা
অঙ্গীকার, আনুগত্য ও বিশ্বস্ততার অর্থ গ্রহণ করা যায়। এই দুটি গুণের সমন্বয়
তাছ্বাউফের উদ্দেশ্য উপলব্ধিতে বিশেষ গুরুত্বপূর্ণ। কারণ শুধু অন্তরের নির্মলতার
দাবি করলেই যথেষ্ট নয়; মহান আল্লাহ তা’য়ালা উনার আনুগত্যে অবিচল থাকা এবং নিজের
অঙ্গীকারের প্রতি বিশ্বস্ত থাকাও প্রয়োজন। আবার শুধু আনুগত্যের বাহ্যিক প্রকাশ থাকলেও নিয়ত কলুষিত
হলে সেই আনুগত্যের হাক্বিকি উদ্দেশ্য ক্ষতিগ্রস্ত হতে পারে। অতএব ছ্বফা ও ওয়াফার সমন্বয়ে
বাতেনি নির্মলতা এবং আনুগত্যে বিশ্বস্ততার একটি গভীর সম্পর্ক প্রকাশিত হয়। তবে এটিও
সরাসরি ছরফগত শব্দমূল নির্ধারণের পরিবর্তে তাছ্বাউফের ইশারী ও নৈতিক তাৎপর্য
প্রকাশ করে।
ষষ্ঠ
মতঃ صُوفَةٌ (ছ্বুফাহ) এবং অন্যান্য প্রাচীন শব্দের সঙ্গে সম্পর্ক। প্রাচীন
আলোচনায় ছ্বুফাহ নামে পরিচিত একটি আরব গোষ্ঠী, صُوفَانَةٌ নামে এক ধরনের উদ্ভিদ, صُوفَةُ الْقَفَا অর্থাৎ ঘাড়ের পশ্চাৎভাগের লোম এবং পশম
অর্থবোধক صُوفٌ শব্দের সঙ্গেও তাছ্বাউফের নামকরণের সম্ভাব্য সম্পর্ক আলোচনা করা
হয়েছে।
এসব
ব্যাখ্যা ঐতিহাসিকভাবে আলোচিত হলেও কোনো ব্যাখ্যা আলোচিত হওয়া এবং নিশ্চিতভাবে
প্রতিষ্ঠিত হওয়া এক বিষয় নয়। ফলে এগুলোকে সম্ভাব্য ঐতিহাসিক ব্যাখ্যা হিসেবে বিবেচনা
করা যায়; কিন্তু নির্দিষ্ট প্রমাণ ছাড়া কোনো একটিকে চূড়ান্ত উৎস ঘোষণা করা উচিত নয়।
প্রাচীন
ইমামগণের মূল্যায়নঃ ইমাম আবুল ক্বাছিম আল-ক্বুশাইরী রহমাতুল্লাহি য়ালাইহি উনার
আর-রিছালাতুল ক্বুশাইরিয়্যাহ কিতাবে ছ্বুফী নামটির উৎপত্তি সম্পর্কে প্রচলিত
ব্যাখ্যাগুলো পর্যালোচনা করেছেন। তিনি ছ্বফা, ছ্বুফফাহ এবং ছ্বফ্ থেকে শব্দটির উৎপত্তিকে য়া’রবী
ভাষার শব্দগঠনের নিয়মে গ্রহণযোগ্য মনে করেননি। এমনকি পশম থেকে নামকরণের
সম্ভাবনা আলোচনার ক্ষেত্রেও তিনি লক্ষ্য করেছেন যে পশমি পোশাক কেবল ছ্বুফীগণের একক
বৈশিষ্ট্য ছিল না। তাঁর মূল্যায়নে ছ্বুফী নামটি একটি পরিচিত উপাধি হিসেবে
প্রতিষ্ঠিত হয়েছে। অন্যদিকে ইবনে খালদূনের আল-মুক্বাদ্দিমাহ কিতাবে পশম
অর্থবোধক صُوفٌ থেকে শব্দটির উৎপত্তিকে অধিক গ্রহণযোগ্য মনে করেছেন। এই দুই
মূল্যায়ন পরস্পরের সঙ্গে তুলনা করলে একটি গুরুত্বপূর্ণ পার্থক্য স্পষ্ট হয়। ইমাম
ক্বুশাইরী রহমাতুল্লাহি আলাইহি শব্দটির নিশ্চিত ব্যুৎপত্তি প্রতিষ্ঠার সীমাবদ্ধতা
নির্দেশ করেছেন। আর ইবনে খালদূন সম্ভাব্য ব্যুৎপত্তিগুলোর মধ্যে পশম থেকে উৎপত্তির
ব্যাখ্যাকে অধিক গ্রহণযোগ্য মনে করেছেন।
শব্দটির
সম্ভাব্য উৎপত্তি পর্যালোচনার পর এবার তার হাক্বিকতে আসি। পশমি পোশাক নামের ঐতিহাসিক
সূত্র হতে পারে, কিন্তু পোশাক পরিধানই তাছ্বাউফের উদ্দেশ্য নয়। ছ্বফা ও
ওয়াফার ইশারী সম্পর্কও শুধু উচ্চারণের বিষয় নয়। তাছ্বাউফের প্রকৃত উদ্দেশ্য
নফছের রোগ শনাক্ত করা, ক্বলবের কলুষতা সংশোধন করা, নিয়তকে ইখলাছের উপর প্রতিষ্ঠিত
করা, আখলাক পরিশুদ্ধ করা এবং ক্বুরআন ও ছুন্নাহ শরীফদ্বয়ের অনুসরণে য়ামলকে সংশোধন
করা।
অতএব
আমি ঈল্মে তাছ্বাউফ বলতে এমন একটি দ্বীনি শাস্ত্রকে বুঝাচ্ছি, যার আলোচ্য বিষয়
নফছের তাজকিয়াহ, ক্বলবের সংশোধন, ইখলাছ, ইহছান, জিকির, মুহাছাবাহ, মুরাক্বাবাহ এবং
রূহানি তরবিয়ত; আর যার শুদ্ধতার মানদণ্ড ক্বুরআন ও ছুন্নাহ শরীফদ্বয়।
ঈল্মে
তাছ্বাউফের এই হাক্বিকি পরিচয়ের সঙ্গে নববী ইহছানের শিক্ষার সম্পর্ক বিশেষভাবে
লক্ষ্য করা প্রয়োজন। কেননা বান্দা কী য়ামল করছেন, শুধু সেটিই বিবেচ্য নয়; কোন
নিয়তে এবং কেমন ক্বলবি হালে সেই য়ামল করছেন, সেটিও দ্বীনি জীবনের মৌলিক বিষয়।
হযরত
আবূ হুরায়রাহ রদ্বিয়াল্লাহু তা’য়ালা য়ানহু উনার সূত্রে ছহীহ বুখারী শরীফের ৫০
নম্বর হাদীছে বর্ণিত হয়েছে, হযরত জিবরীল য়ালাইহিছ ছালাম রছুলে পাক ছ্বল্লাল্লাহু
য়ালাইহি ওয়া আলিহি ওয়া ছাল্লাম উনার নিকট ঈমান, ইছলাম ও ইহছান সম্পর্কে প্রশ্ন
করেছিলেন। ইহছানের পরিচয়ে রছুলে পাক ছ্বল্লাল্লাহু য়ালাইহি ওয়া আলিহি ওয়া
ছাল্লাম ইরশাদ মুবারক করেনঃ (أَنْ تَعْبُدَ اللَّهَ كَأَنَّكَ تَرَاهُ فَإِنْ لَمْ تَكُنْ تَرَاهُ
فَإِنَّهُ يَرَاكَ) অর্থাৎ, আপনি মহান আল্লাহ তা’য়ালা উনার ঈবাদত এমনভাবে করবেন, যেন
আপনি উনাকে দেখতেছেন। আর যদি আপনি উনাকে দেখতে না পান, তবে নিশ্চয়ই তিনি
আপনাকে দেখতেছেন (এই হালে ঈবাদাত করতে হবে)।
এই
প্রশ্নোত্তরের পর রছুলে পাক ছ্বল্লাল্লাহু য়ালাইহি ওয়া আলিহি ওয়া ছাল্লাম
জানিয়েছেন, হযরত জিবরীল য়ালাইহিছ ছালাম মানুষকে তাঁদের দ্বীন শিক্ষা দিতে এসেছিলেন। অতএব ঈমান
ও ইছলামের পাশাপাশি ইহছানের শিক্ষাও দ্বীনের অন্তর্ভুক্ত। ঈবাদতের বাহ্যিক বিধান পালন
করার সঙ্গে ক্বলবের উপস্থিতি, ইখলাছ এবং মহান আল্লাহ তা’য়ালা উনার পর্যবেক্ষণ
সম্পর্কে সচেতনতার সম্পর্ক রয়েছে।
একজন
মানুষ প্রকাশ্যে সুন্দরভাবে ঈবাদত করলেও নির্জনে নিজের নফছের কাছে পরাজিত হতে
পারেন। আবার যাঁর ক্বলবে মহান আল্লাহ তা’য়ালা উনার পর্যবেক্ষণের
সচেতনতা দৃঢ়, তিনি নির্জনেও নিজের নিয়ত ও য়ামল সম্পর্কে সতর্ক থাকার চেষ্টা করেন। এই
পার্থক্য থেকেই বুঝি, তাছ্বাউফের আলোচ্য ইখলাছ, মুরাক্বাবাহ ও ক্বলবের সংশোধন কোনো
স্বতন্ত্র দ্বীন প্রতিষ্ঠার কথা নয়; নববী ইহছানের শিক্ষাকে নিজের জীবনে
বাস্তবায়নের সঙ্গে এগুলোর গভীর সম্পর্ক রয়েছে।
কোনো
ব্যক্তি তাছ্বাউফের ইতিহাস, পরিভাষা ও মাক্বাম সম্পর্কে ব্যাপক ঈল্ম অর্জন করলেও
কেবল সেই জ্ঞানে কি তাঁর নফছ স্বয়ংক্রিয়ভাবে পরিশুদ্ধ হয়? মানুষ রিয়ার সংজ্ঞা
জানেন, অথচ নিজের য়ামলে রিয়া শনাক্ত করতে ব্যর্থ হন; অহংকারের নিন্দা জানেন, অথচ
নিজের অহংকারকে আত্মমর্যাদা মনে করেন। এই পার্থক্যের ভয়াবহ পরিণতি নববী হাদীছ শরীফে প্রকাশিত
হয়েছে।
অতএব
কোনো বিষয় সম্পর্কে ঈল্ম অর্জন এবং সেই ঈল্মের মাধ্যমে নিজেকে সংশোধিত করা এক বিষয়
নয়। এই পার্থক্যের ভয়াবহ তাৎপর্য রছুলে পাক ছ্বল্লাল্লাহু য়ালাইহি
ওয়া আলিহি ওয়া ছাল্লাম উনার একটি ছহীহ হাদীছ শরীফে প্রকাশিত হয়েছে। বাহ্যিক য়ামলের
বিশালতা এবং বাতেনি অবস্থার ভয়াবহতা। হযরত আবূ হুরায়রাহ রদ্বিয়াল্লাহু তা’য়ালা য়ানহু উনার
সূত্রে বর্ণিত ছহীহ মুছলিমের ১৯০৫ নম্বর হাদীছ শরীফে ক্বিয়ামতের দিন সর্বপ্রথম
বিচারকৃত তিন ব্যক্তির ভয়াবহ পরিণতির বিবরণ এসেছেনঃ
প্রথম
ব্যক্তি ছিলেন এমন একজন দীনের মুজাহিদ, যিনি যুদ্ধ করেছিলেন এবং শহীদ হয়েছিলেন। তাঁকে
মহান আল্লাহ তা’য়ালা উনার প্রদত্ত নিয়ামতসমূহ স্মরণ করিয়ে দেওয়া হবে। তিনি
সেগুলো স্বীকার করবেন। এরপর তাঁকে জিজ্ঞাসা করা হবে, সেই নিয়ামত দ্বারা তিনি কী
করেছেন? তিনি দাবি করবেন, মহান আল্লাহ তা’য়ালা উনার সন্তুষ্টির জন্য যুদ্ধ করেছেন,
এমনকি নিহত হয়েছেন। কিন্তু তাঁকে জানিয়ে দেওয়া হবে, তাঁর দাবি সত্য নয়। তিনি
যুদ্ধ করেছিলেন মানুষ যেন তাঁকে বীর বলে। দুনিয়ায় তাঁকে বীর বলা হয়েছে। অতঃপর তাঁকে মুখের উপর টেনে
জাহান্নামে নিক্ষেপ করার নির্দেশ দেওয়া হবে।
দ্বিতীয়
ব্যক্তি ছিলেন এমন একজন, যিনি ঈল্ম অর্জন করেছিলেন, অন্যদের ঈল্ম শিক্ষা দিয়েছিলেন
এবং ক্বুরআন শরীফ তিলাওয়াত করেছিলেন। তিনিও দাবি করবেন, মহান আল্লাহ তা’য়ালা উনার সন্তুষ্টির
জন্য এসব করেছেন। কিন্তু তাঁকে জানিয়ে দেওয়া হবে, তাঁর উদ্দেশ্য ছিল মানুষ
যেন তাঁকে য়ালীম এবং ক্বারি বলে। দুনিয়ায় তিনি সেই পরিচিতি ও প্রশংসা পেয়েছেন। অতঃপর
তাঁকেও জাহান্নামে নিক্ষেপ করার নির্দেশ দেওয়া হবে।
তৃতীয়
ব্যক্তি ছিলেন এমন একজন সম্পদশালী ব্যক্তি, যাঁকে মহান আল্লাহ তা’য়ালা প্রচুর
সম্পদ দান করেছিলেন। তিনি বিভিন্ন কল্যাণকর কাজে সম্পদ ব্যয় করেছিলেন। কিন্তু
তাঁর উদ্দেশ্য ছিল মানুষ যেন তাঁকে দানশীল বলে। দুনিয়ায় তিনি সেই প্রশংসা
পেয়েছেন। অতঃপর তাঁকেও জাহান্নামে নিক্ষেপ করার নির্দেশ দেওয়া হবে। (দলিলঃ
ছহীহ মুছলিম শরীফ, কিতাবুল ইমারাহ, হাদীছ শরীফ ১৯০৫।)
তাঁদের
ভয়াবহ পরিণতির কারণ ছিল নিয়তের কলুষতা। জিহাদ, ঈল্ম শিক্ষা এবং দান-ছদক্বাহ বাহ্যিকভাবে
মর্যাদাপূর্ণ য়ামল হলেও তাঁরা সেগুলো মানুষের প্রশংসা অর্জনের উদ্দেশ্যে করেছিলেন। ফলে
ইখলাছের পরিবর্তে রিয়াই কার্যকর ছিল।
এই
হাদীছ শরীফে একটি মৌলিক পার্থক্য প্রতিষ্ঠিত হয়ঃ য়ামলের বাহ্যিক মহত্ত্ব এবং য়ামলের
বাতেনি বিশুদ্ধতা এক নয়। য়ামলের পরিমাণ যত গুরুত্বপূর্ণ, তার চেয়ে কেন সেই য়ামল
করা হচ্ছে, সেই নিয়তের সংশোধন করা তার চেয়ে বেশী গুরুত্বপূর্ণ।
এই
কারণেই আমি বলি, মানুষের শুধু য়ামলের পরিমাণ বৃদ্ধি করাই যথেষ্ট নয়। সেই য়ামলের
উদ্দেশ্য ও নিয়তের সংশোধনও প্রয়োজন। এখানেই ঈল্মে তাছ্বাউফের কেন্দ্রীয় উদ্দেশ্য সামনে আসে। কেননা
ইখলাছ, রিয়া থেকে মুক্তি, নফছের সংশোধন এবং ক্বলবের পরিশুদ্ধি এই শাস্ত্রের মৌলিক
আলোচ্য বিষয়। তবে হাদীছ শরীফে সরাসরি তাছ্বাউফ শব্দটি ব্যবহৃত হয়নি। হাদীছটি
ইখলাছের অপরিহার্যতা এবং রিয়ার ভয়াবহতা প্রতিষ্ঠা করে। আর সেই দীক্ষার সঙ্গে ঈল্মে
তাছ্বাউফের উদ্দেশ্যের প্রত্যক্ষ সম্পর্ক রয়েছে।
সুতরাং
তাছ্বাউফের প্রয়োজনীয়তা পোশাক, উপাধি কিংবা প্রচলিত সামাজিক পরিচয়ে নয়; মানুষের
নিয়ত, নফছ, ক্বলব ও য়ামলের বাস্তব সংশোধনে নিহিত। কিন্তু এই নফছ কী, যার কলুষতা
মর্যাদাপূর্ণ য়ামলকেও ভয়াবহ পরিণতির দিকে নিয়ে যেতে পারে?
এই প্রশ্নের উত্তরে ছূরাহ
আশ-শামছের ধারাবাহিক ক্বছমগুলো বিশেষ তাৎপর্যপূর্ণ। একদিন মহান আল্লাহ তা’য়ালা জমিনবাসিকে লক্ষ্য করে ক্বছম করা শুরু করলেন। মহান আল্লাহ তা’য়ালা পুরো কায়েনাতের মালিক, গোলামদের
প্রতি হুকুমই যথেষ্ট ছিলো, কিন্তু মালিক এক্সট্রা এটেনশন চাইলেন, তিনি এমন কিছু বলতে চান যা সবার শোনা জরুরী, তাই তিনি ক্বছমের উপর ক্বছম করা শুরু করলেন এইভাবেঃ (وَالشَّمْسِ وَضُحَاهَا، وَالْقَمَرِ إِذَا تَلَاهَا، وَالنَّهَارِ إِذَا
جَلَّاهَا، وَاللَّيْلِ إِذَا يَغْشَاهَا، وَالسَّمَاءِ وَمَا بَنَاهَا،
وَالْأَرْضِ وَمَا طَحَاهَا، وَنَفْسٍ وَمَا سَوَّاهَا، فَأَلْهَمَهَا فُجُورَهَا
وَتَقْوَاهَا) ক্বছম সূর্যের এবং তার কিরণের, ক্বছম চাঁদেরঃ যখন সে সূর্যের পেছনে
পেছনে চলে, ক্বছম দিনেরঃ যখন সে তাকে আলোকিত করে, ক্বছম রাতেরঃ যখন সে তাকে ঢেকে দেয়, ক্বছম আকাশের এবং যিনি তা নির্মাণ করেছেন উনার, ক্বছম পৃথিবীর এবং যিনি একে বিছিয়ে দিয়েছেন উনার, আরো ক্বছম নফছের এবং যিনি তাকে সুবিন্যস্ত করেছেন উনার, অতঃপর মহান আল্লাহ তা’য়ালা তাকে ইলহাম করেছেন গুনাহের (নার) ও তাক্বওয়ার (নূর) সম্পর্কে। (ছুরাহ আশ-শামছ ৯১:১-৮)
ক্বছম শেষ, মানুষ মেন্টালি রেডি শোনার জন্য, এতগুলো ক্বছমের পর তিনি যেটা বলতে চান, এবার সেটা বলা শুরু করলেনঃ (قَدْ أَفْلَحَ مَنْ
زَكَّاهَا، وَقَدْ خَابَ مَنْ دَسَّاهَا) নিশ্চয়ই কামিয়াব হয়েছে সেই
ব্যক্তি, যে তার নফছের তাজকিয়া করেছে, আর যে তাকে (অর্থাৎ নফছকে) কলুষিত করেছে সে-ই বরবাদ হয়েছে। (ছুরাহ আশ-শামছ ৯১:৯-১০)
এই আয়াত শরীফদ্বয় প্রমাণ করেন যে, নফছের মধ্যে দুইটি বিপরীত শক্তি রয়েছে একটি ফুজুর (পাপ ও খারাপ প্রবৃত্তি যা
নার উৎপন্ন করে) এবং অন্যটি তাক্বওয়া (আল্লাহভীতি যা নূর উৎপন্ন করেন)। এরপর বলছেন যে ব্যক্তি তার নফছকে পরিশুদ্ধ করতে সক্ষম হবে, সেই সফলকাম হবে, আর যে ব্যক্তি তার নফছকে নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হবে, সে ধ্বংসপ্রাপ্ত হবে।
অর্থাৎ
ক্বছমসমূহের ধারাবাহিকতার পর যে মূল বক্তব্যটি প্রতিষ্ঠিত হয়েছে, তা হলো নফছের
তাজকিয়াহর সঙ্গে মানুষের সফলতা এবং নফছের কলুষতার সঙ্গে মানুষের ব্যর্থতার সম্পর্ক। এখানে
কেবল একটি নৈতিক উপদেশ দেওয়া হয়নি। বরং মানুষের নিজের নফছের অবস্থা এবং তার পরিণতি সম্পর্কে
সতর্ক করা হয়েছে। একজন মানুষ বাহ্যিক পৃথিবীর বহু বিষয় জানতে পারেন,
কিন্তু নিজের নফছের প্রবণতা সম্পর্কে অজ্ঞ থাকতে পারেন।
তিনি
অন্যের ভুল শনাক্ত করতে পারেন, কিন্তু নিজের অন্তরের অহংকার বুঝতে পারেন না। তিনি
অন্যের রিয়া সম্পর্কে আলোচনা করতে পারেন, কিন্তু নিজের প্রশংসাপ্রিয়তা শনাক্ত করতে
পারেন না। তিনি অন্যের হিংসা দেখতে পান, কিন্তু নিজের হিংসাকে ন্যায়বোধ
মনে করেন। এভাবে মানুষ নিজের মধ্যেই এমন এক প্রবণতার অধীন হয়ে যেতে পারেন,
যার প্রকৃত অবস্থা সম্পর্কে তিনি সচেতন নন। তাই নফছের পরিচয় জানা এবং তার তাজকিয়াহর প্রয়োজনীয়তা
উপলব্ধি করা দ্বীনি জীবনের একটি মৌলিক বিষয়।
নফছ
কি সর্বাবস্থায় মন্দ?
কিছু
মানুষ নফছ বলতে কেবল মন্দ প্রবৃত্তিকে বুঝে থাকেন। কিন্তু ক্বুরআন শরীফের
আলোচনায় নফছের অবস্থাকে এত সরলভাবে একটি মাত্র মন্দ পরিচয়ের মধ্যে সীমাবদ্ধ করা
যায় না। ছুরাহ আশ-শামছের আয়াত শরীফে নফছের ফুজুর ও তাক্বওয়ার কথা এসেছে। আবার
নফছের পরিশুদ্ধি ও কলুষতার কথাও এসেছে। এখান থেকে বোঝা যায়, মানুষের নফছের অবস্থা সংশোধন ও
কলুষতার সঙ্গে সম্পর্কিত। এছাড়াও আল ক্বুরআন ও হাদিছ শরীফে নফছের আরো অনেক
অবস্থা/মাক্বাম পাওয়া যায়।
নফছ
যখন অন্যায় প্রবৃত্তির অধীন হয়ে যায়, তখন তা মানুষকে গুনাহ, অহংকার, রিয়া, হিংসা ও
প্রবৃত্তির গোলামির দিকে পরিচালিত করতে পারে। অন্যদিকে নফছের তাজকিয়াহর
মাধ্যমে মানুষ নিজের প্রবৃত্তিকে মহান আল্লাহ তা’য়ালা উনার আনুগত্যের অধীন করার
চেষ্টা করেন। অতএব নফছের মন্দ অবস্থাকে নফছের একমাত্র পরিচয় মনে করার সুযোগ
নাই, বরং এই দুইয়ের সংঘাত মানুষের নিয়ত, সিদ্ধান্ত ও আচরণে প্রকাশ পায়। তবে ফুজুর
ও তাক্বওয়ার ইলহাম বলতে মহান আল্লাহ তা’য়ালা উনার পক্ষ থেকে নৈতিক পার্থক্য
উপলব্ধির সামর্থ্য দান করার বিষয়টি বুঝতে হবে। এটিকে মানুষের মধ্যে দুটি
স্বাধীন সত্তা অবস্থানের সরাসরি ক্বুরআনী ঘোষণা হিসেবে উপস্থাপন করা যায় না। মনে রাখতে
হবে নফছকে সংশোধন না করে তার অন্যায় প্রবণতার অধীন থাকা এবং তাজকিয়াহর মাধ্যমে সেই
প্রবণতাকে নিয়ন্ত্রণে আনা এক অবস্থা নয়। মানুষের মধ্যে নফছের বিপরীতমুখী প্রবণতা কার্যকর হতে
পারে। একদিকে দুনিয়ার আকর্ষণ, অন্যদিকে মহান আল্লাহ তা’য়ালা উনার
আনুগত্য ও আখিরাতের সফলতার আকাঙ্ক্ষা। নফছ যখন তরবিয়ত পেয়ে পাক পবিত্র হয়, তখন সে ভিন্ন ভিন্ন
মাক্বামে ফায়েজ হয় তার হাল অনুসারে। আর ত্বরীক্বাহ আল-রাজ অনুসারে নফছের ৭ টি মাক্বাম রয়েছে।
নফছের
রোগ অনেক ধরনের হতে পারে। তবে আমার নফছবিষয়ক আলোচনায় ছয়টি প্রবণতাকে বিশেষভাবে
চিহ্নিত করেছি, যেগুলো মানুষের নিয়ত, সিদ্ধান্ত ও আচরণকে গভীরভাবে প্রভাবিত করে।
প্রথমতঃ
شَهْوَةٌ (শাহওয়াত), অর্থাৎ
লাগামহীন কামনা। মানুষের স্বাভাবিক চাহিদা নিজে সর্বাবস্থায় নিন্দনীয় নয়। কিন্তু
সেই চাহিদা যখন শরীয়তের সীমা অতিক্রম করে অবৈধ আকাঙ্ক্ষায় পরিণত হয়, তখন তা নফছের
কলুষতার কারণ হয়ে দাঁড়ায়।
দ্বিতীয়তঃ
غَضَبٌ (গ্বদ্বব), অর্থাৎ
ক্রোধ। ক্রোধ মানুষের স্বাভাবিক অনুভূতি হলেও তা যখন হিতাহিত জ্ঞানকে
আচ্ছন্ন করে অন্যায়, জুলুম ও সীমালঙ্ঘনের কারণ হয়, তখন সংশোধন প্রয়োজন।
তৃতীয়তঃ
وَهْمٌ (ওয়াহম),
অর্থাৎ ভ্রম ও ভুল ধারণা। মানুষ কখনো নশ্বর বিষয়কে স্থায়ী মনে করেন, কখনো নিজের
ধারণাকে অকাট্য সত্য মনে করেন, আবার কখনো নফছের প্রবঞ্চনাকে সঠিক সিদ্ধান্ত হিসেবে
গ্রহণ করেন। এই ভ্রম তাঁর নিয়ত ও আচরণকে প্রভাবিত করতে পারে।
চতুর্থতঃ
طَمَعٌ (ত্বমা’য়), অর্থাৎ
লোভাতুর আকাঙ্ক্ষা। সম্পদ, মর্যাদা, মানুষের অনুগ্রহ কিংবা দুনিয়ার কোনো
প্রাপ্তির প্রতি অতিরিক্ত লালসা মানুষকে অন্যায় পথে পরিচালিত করতে পারে।
পঞ্চমতঃ
تَكَبُّرٌ (তাকাব্বুর),
অর্থাৎ অহংকার, গুরুর। নিজেকে অন্যের তুলনায় বড় মনে করা, সত্যকে প্রত্যাখ্যান
করা এবং মানুষকে তুচ্ছ-তাচ্ছিল্য করার প্রবণতা নফছের ভয়াবহ রোগ।
ষষ্ঠতঃ
حَسَدٌ (হাছাদ), অর্থাৎ
হিংসা। অন্যের নিয়ামত দেখে অন্তরে অস্বস্তি সৃষ্টি হওয়া এবং সেই
নিয়ামতের বিলুপ্তি কামনা করা হাছাদের অন্তর্ভুক্ত।
নফছের
কলুষতার ব্যবহারিক বিশ্লেষণে আমি এই ছয়টি প্রবণতাকে বিশেষ গুরুত্ব দিয়েছি। ক্বুরআন
শরীফে এগুলো একত্রে নফছের ছয়টি নির্ধারিত শ্রেণি হিসেবে তালিকাভুক্ত হয়নি; এটি
আমার গবেষণার বিশ্লেষণমূলক শ্রেণিবিন্যাস। পূর্বোক্ত ছহীহ মুছলিম ১৯০৫-এর ঘটনাগুলোতেও মানুষের
প্রশংসা ও মর্যাদালাভের আকাঙ্ক্ষা কীভাবে নিয়তকে কলুষিত করে, তার বাস্তব দৃষ্টান্ত
পাওয়া যায়।
বাহ্যিক
য়ামল ভিন্ন হলেও নিয়তের কলুষতা মানুষের হাক্বিকি সফলতা নষ্ট করতে পারে। নফছের
খায়েশাতকে নিজের উপর প্রাধান্য দেওয়ার ভয়াবহতা সম্পর্কে মহান আল্লাহ তা’য়ালা ইরশাদ
মুবারক করেনঃ (أَفَرَأَيْتَ مَنِ اتَّخَذَ إِلَٰهَهُ هَوَاهُ وَأَضَلَّهُ اللَّهُ عَلَىٰ
عِلْمٍ وَخَتَمَ عَلَىٰ سَمْعِهِ وَقَلْبِهِ وَجَعَلَ عَلَىٰ بَصَرِهِ غِشَاوَةً
فَمَنْ يَهْدِيهِ مِنْ بَعْدِ اللَّهِ أَفَلَا تَذَكَّرُونَ) অর্থাৎ আপনি কি সেই ব্যক্তির প্রতি লক্ষ্য
করেছেন, যে তার নফছের খায়েশাতকে নিজের ইলাহ বানিয়ে নিয়েছে? আর (পর্যাপ্ত পরিমাণ
দ্বীনি) জ্ঞান থাকা সত্ত্বেও মহান আল্লাহ তা’য়ালা তাকে গোমরাহ করে দিয়েছেন, তার
শ্রবণশক্তি ও ক্বলবে মুহর মেরে দিয়েছেন এবং তার দৃষ্টির উপরও পর্দা এঁটে দিয়েছেন। অতঃপর
মহান আল্লাহ তা’য়ালা উনার পর (আর) কে (আছে যে) তাকে হেদায়েত দান করবে? এরপরও কি
তোমরা উপদেশ গ্রহণ করবে না? (ছুরাহ আল-যাছিয়াহ, ৪৫:২৩।)
এখানে
দীনি ঈল্ম থাকা এবং সেই দীনি ঈল্ম অনুযায়ী পরিচালিত হওয়া যে এক বিষয় নয়, তা
অত্যন্ত স্পষ্ট। নফছের খায়েশাতের অধীন মানুষকে শুধু তথ্য জানিয়ে সংশোধন করা
সর্বাবস্থায় সম্ভব নয়; মুজাহাদা, নিয়তের সংশোধন এবং আনুগত্যের অনুশীলন প্রয়োজন। এই
তাজকিয়াহর দায়িত্বেই আমার গবেষণায় মুর্শিদে কামিলাহ এক বিশেষ রূহানি জাতের পরিচয়
বহন করেন, যাঁরা মানুষের নফছের নাপাকি দূর করার ইরশাদী দায়িত্ব পালন করেন।
নফছের
রোগগুলো শনাক্ত করার পর সংশোধনের প্রক্রিয়াটিও পরিষ্কার করা প্রয়োজন। শুধু মন্দ
প্রবণতা দূর করার চেষ্টা নয়, সেই প্রবণতার বিপরীতে উত্তম ছিফাত প্রতিষ্ঠা করাও
তাজকিয়াহর গুরুত্বপূর্ণ অংশ।
তাছ্বাউফের
পরিভাষায় تَزْكِيَةٌ (তাজকিয়াহ) বলতে নফছের পরিশুদ্ধি ও সংশোধনের ব্যাপক প্রক্রিয়াকে
বোঝানো হয়। এই প্রক্রিয়ার দুটি দিক ব্যাখ্যা করতে تَخْلِيَةٌ (তাখলিয়াহ), অর্থাৎ নিন্দনীয় গুণ থেকে নিজেকে মুক্ত করা,
এবং تَحْلِيَةٌ (তাহলিয়াহ), অর্থাৎ উত্তম গুণে নিজেকে সুসজ্জিত করার কথা
বলা হয়। এগুলোকে পরস্পরবিচ্ছিন্ন দুটি লক্ষ্য মনে করছি না; বরং
তাজকিয়াহর পরস্পরসম্পর্কিত দুটি দিক হিসেবে বিবেচনা করছি।
ধরা
যাক, একজন মুরীদের অন্তরে হাছাদ রয়েছে। নিজের হিংসা শনাক্ত করা এবং সেই প্রবণতা দমন করা তাঁর সংশোধনের
একটি দিক। কিন্তু অন্যের কল্যাণ কামনা, মহান আল্লাহ তা’য়ালা উনার বণ্টনের
প্রতি সন্তুষ্টি এবং নিজের প্রাপ্তিতে শোকর আদায়ের হাল গড়ে তোলাও প্রয়োজন। এভাবেই
কেবল রোগ দমনের পাশাপাশি তার বিপরীতে উত্তম ছিফাতের বিকাশ ঘটে।
একইভাবে
একজন মুরীদ অহংকারের কারণে অন্যকে তুচ্ছ মনে করেন। তাঁর মধ্যে অহংকার কমানোর
পাশাপাশি বিনয়, হক্ব গ্রহণের প্রস্তুতি এবং অন্যের সম্মান রক্ষার অভ্যাস
প্রতিষ্ঠিত হওয়া প্রয়োজন। আবার ক্রোধপ্রবণ মুরীদের জন্য শুধু রাগ থামানো নয়;
ছ্ববর, ক্ষমা ও হুছনে ছুলুকের তরবিয়তও গুরুত্বপূর্ণ হতে পারে।
এখানে
মুর্শিদের দায়িত্ব শুধু নফছের রোগের নাম বলে দেওয়া নয়। কোন মুরীদের মধ্যে কোন কলুষতা
কার্যকর এবং তার বিপরীতে কোন উত্তম ছিফাতের বিকাশ দরকার, তা মুরীদের হাল অনুযায়ী
বিবেচনা করতে হয়। এই কারণেই হাক্বিকি তরবিয়তকে একরকম নির্দেশনা কিংবা একই
অনুশীলন সকলের উপর প্রয়োগ করার মধ্যে সীমাবদ্ধ মনে করি না।
তাত্ত্বিক
ঈল্ম এবং নিজের উপর সেই ঈল্ম প্রয়োগ করার পার্থক্যটি চিকিৎসার উপমায় স্পষ্ট হয়। একজন
ব্যক্তি চিকিৎসাবিজ্ঞানের বহু বই পড়ে রোগের নাম ও চিকিৎসাপদ্ধতি জানতে পারেন;
কিন্তু নিজের শরীরে রোগ দেখা দিলে ভুল নির্ণয়ও করতে পারেন। অনুরূপভাবে নফছ নিজের ভুলকে
গ্রহণযোগ্য করে উপস্থাপন করলে আত্মপ্রবঞ্চনা সংশোধনের বড় প্রতিবন্ধক হয়ে দাঁড়ায়। তাই নফছের
রোগ শনাক্ত করা, উপযুক্ত সংশোধনপদ্ধতি নির্ধারণ করা, নিয়মিত অনুশীলন এবং অগ্রগতি
যাচাই করা প্রয়োজন। এই প্রয়োজনই অভিজ্ঞ সংশোধনকারীর দায়িত্বকে সামনে আনে।
রোগ
ও চিকিৎসার প্রসঙ্গে রছুলে পাক ছ্বল্লাল্লাহু য়ালাইহি ওয়া আলিহি ওয়া ছাল্লাম উনার
একটি হাদীছ শরীফ স্মরণীয়ঃ (لِكُلِّ دَاءٍ دَوَاءٌ فَإِذَا أُصِيبَ دَوَاءُ الدَّاءِ
بَرَأَ بِإِذْنِ اللَّهِ عَزَّ وَجَلَّ) অর্থাৎ প্রত্যেক রোগের চিকিৎসা রয়েছে। অতঃপর যখন
রোগের উপযুক্ত চিকিৎসা প্রয়োগ করা হয়, তখন মহান আল্লাহ তা’য়ালা উনার অনুমতিক্রমে
আরোগ্য লাভ হয়। (ছহীহ মুছলিম শরীফ, হাদীছ ২২০৪)
ছহীহ
মুছলিম শরীফের এই হাদীছের প্রত্যক্ষ বিষয় শারীরিক রোগ ও চিকিৎসা। নফছের
সংশোধনের আলোচনায় আমি এখান থেকে একটি উপমা গ্রহণ করছি; শারীরিক ও রূহানি রোগকে
অভিন্ন ঘোষণা করছি না। যেমন প্রতিটি শারীরিক রোগের চিকিৎসা এক নয়, তেমনি
মুরীদের হাল, প্রবণতা ও সংশোধনের প্রয়োজনও এক নয়।
কেউ
অহংকারে, কেউ হিংসায়, কেউ রিয়ায়, কেউ ক্রোধ বা লোভে, আবার কেউ নিরাশা কিংবা নিজের
নেক য়ামলের আত্মতুষ্টিতে আক্রান্ত। রোগের শুধু নাম জানা নয়, ব্যক্তির প্রকৃত হাল অনুযায়ী
সংশোধনপদ্ধতি নির্ধারণ করাই গুরুত্বপূর্ণ।
এই
কাজের জন্য এমন একজন অভিজ্ঞ ও যোগ্য সংশোধনকারীর প্রয়োজনীয়তা উপলব্ধি করা যায়,
যিনি নফছের রোগ, তার লক্ষণ এবং সংশোধনের পদ্ধতি সম্পর্কে ঈল্ম ও বাস্তব অভিজ্ঞতা
রাখেন।
নফছের
সংশোধনে একজন মুর্শিদের ভূমিকা তিনটি পরস্পরসম্পর্কিত দায়িত্বে বিশেষভাবে প্রকাশ
পায়।
প্রথমতঃ
নফছের রোগ শনাক্তকরণ।
মানুষ
নিজের নফছের সব রোগ নিজে শনাক্ত করতে সক্ষম হন না। বিশেষত যখন নফছ নিজের অন্যায় প্রবণতাকে ভালো কাজের ছদ্মবেশে
উপস্থাপন করে, তখন একজন অভিজ্ঞ সংশোধনকারীর পর্যবেক্ষণ ও নছীহত বিশেষভাবে উপকারী
হতে পারে।
একজন
ব্যক্তি নিজের অহংকারকে আত্মমর্যাদা মনে করেন। অন্যজন নিজের রিয়াকে দ্বীনের
খিদমত মনে করেন। এমন অবস্থায় অভিজ্ঞ
সংশোধনকারী ব্যক্তির আচরণ, বক্তব্য এবং সিদ্ধান্তের মধ্যে কার্যকর প্রবণতাগুলো
শনাক্ত করতে সাহায্য করতে পারেন।
দ্বিতীয়তঃ
মুরীদের হাল অনুযায়ী তরবিয়ত।
সকল
মানুষের মানসিক অবস্থা, অভ্যাস, দুর্বলতা, প্রবৃত্তি এবং সংশোধনের প্রয়োজন এক নয়। একজন ব্যক্তি অল্পতেই ক্রুদ্ধ হয়ে পড়েন। তাঁর জন্য
ক্রোধ সংযম, ধৈর্য, ক্ষমা এবং নিজের আচরণের হিসাব গ্রহণের বিশেষ অনুশীলন প্রয়োজন
হতে পারে। অন্যদিকে একজন ব্যক্তি
মানুষের প্রশংসার উপর অত্যন্ত নির্ভরশীল। তাঁর জন্য নিয়তের সংশোধন, গোপন নেক য়ামল এবং প্রশংসার
প্রতি আসক্তি হ্রাসের অনুশীলন প্রয়োজন হতে পারে।
আরেকজন
ব্যক্তি নিজের ঈল্মের কারণে অন্যদের তুচ্ছ মনে করেন। তাঁর জন্য বিনয়, নিজের
সীমাবদ্ধতা উপলব্ধি এবং অন্যের হক্বের প্রতি সচেতনতার বিশেষ শিক্ষা প্রয়োজন হতে
পারে।
অতএব
সকলের জন্য একই নির্দেশনা প্রয়োগ করার পরিবর্তে সংশ্লিষ্ট ব্যক্তির হাল বুঝে
উপযুক্ত সংশোধনপদ্ধতি নির্ধারণ করা অধিক ফলপ্রসূ।
তৃতীয়তঃ
ধারাবাহিক সংশোধন ও মুহাছাবাহ।
একবার
নছীহত শুনলেই নফছের দীর্ঘদিনের অভ্যাস দূর হয়ে যায় না। মানুষকে নিজের আচরণ পর্যবেক্ষণ করতে হয়, ভুল সংশোধন করতে হয় এবং
সংশোধনের পথে অবিচল থাকতে হয়। এই ধারাবাহিকতায় একজন যোগ্য
মুর্শিদের ইরশাদ, ছ্বহবত ও তরবিয়ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।
নফছের
তাজকিয়ার য়ামলী পথে জিকিরের মাধ্যমে বান্দা মহান আল্লাহ তা’য়ালা উনার স্মরণে
নিয়োজিত থাকেন; মুহাছাবাহর মাধ্যমে নিজের নিয়ত ও আচরণের হিসাব নেন; মুরাক্বাবাহর
মাধ্যমে মহান আল্লাহ তা’য়ালা উনার পর্যবেক্ষণ সম্পর্কে সচেতন থাকেন; মুজাহাদার
মাধ্যমে অন্যায় প্রবৃত্তির বিরুদ্ধে সংগ্রাম করেন। শরীয়তসম্মত রিয়াজত (আত্মিক অনুশীলন) ও মাশাক্কাতের (কঠোর পরিশ্রমের) সাহায্যে আত্মসংযম ও
ইস্তিক্বামত অর্জনের চেষ্টা করেন; আর যোগ্য মুর্শিদের ছ্বহবত ও তরবিয়তে নিজের হাল
অনুযায়ী দিকনির্দেশনা লাভ করেন।
এই
ব্যবহারিক অনুশীলনের মধ্যে জিকিরের তা’লীম এবং ছ্বহবতের সংশোধনমূলক দায়িত্বের একটি
পার্থক্যও রয়েছে। তাছ্বাউফের ঐতিহাসিক আলোচনায় تَلْقِينُ الذِّكْرِ (তালক্বীনুজ জিকির), অর্থাৎ জিকিরের তা’লীম
প্রদান, এবং صُحْبَةٌ (ছ্বহবত), অর্থাৎ সংশোধনমূলক সান্নিধ্যের কথা পাওয়া যায়।
মুরীদকে
কোন জিকির কীভাবে করতে হবে তা শেখানো এক বিষয়। সেই জিকির তাঁর ক্বলবে কী
প্রভাব ফেলছে, নফছের কোন রোগটি সংশোধিত হচ্ছে এবং আচরণে কী পরিবর্তন আসছে, তা
পর্যবেক্ষণ করে প্রয়োজনীয় তরবিয়ত দেওয়া আরেক বিষয়। একজন মুরীদ নিয়মিত জিকির
করলেও সামান্য অপমানে ক্রোধ সংযত করতে ব্যর্থ হতে পারেন; আবার নিজের অধিক জিকিরের
কারণে অন্যকে তুচ্ছও মনে করতে পারেন। সেখানে কেবল জিকিরের সংখ্যা বৃদ্ধি করাই যথেষ্ট সংশোধন
হবে কি না, তা তাঁর হাল বুঝে নির্ধারণ করতে হবে।
অন্যদিকে
একজন মুরীদ হয়তো নিজের সীমাবদ্ধতা স্বীকার করে ধীরে ধীরে গুনাহ থেকে ফিরছেন,
মানুষের হক্ব রক্ষায় যত্নবান হচ্ছেন এবং নির্জনেও মহান আল্লাহ তা’য়ালা উনার স্মরণে
সচেতন থাকার চেষ্টা করছেন। তাঁর এই পরিবর্তনকে শুধু বাহ্যিক সংখ্যার তুলনায় বিচার
করা যায় না। কারও ক্বলবের গোপন অবস্থা সম্পর্কে চূড়ান্ত ফয়সালা না করেও তাঁর
প্রকাশিত য়ামল ও আচরণে তরবিয়তের প্রভাব লক্ষ্য করা সম্ভব।
এখানেই
তালক্বীনুজ জিকিরের সঙ্গে ছ্বহবতের সম্পর্ক স্পষ্ট হয়। জিকিরের শিক্ষা মুরীদের
অনুশীলনের একটি দিক; আর মুরীদের হাল বুঝে নছীহত, মুহাছাবাহ ও সংশোধনের ধারাবাহিক
ব্যবস্থাই ছ্বহবতের তরবিয়তী দায়িত্বের বিস্তৃত পরিচয়। তবে এই পদ্ধতিগুলোর প্রয়োগে
ক্বুরআন ও ছুন্নাহর সীমারেখা অক্ষুণ্ণ রাখতে হবে। কোনো বিশেষ অনুশীলনকে শরীয়তের
নির্ধারিত ইবাদতের বিকল্প করা যায় না। আবার শরীয়তে নির্ধারিত নয় এমন কোনো পদ্ধতিকে সকলের জন্য
স্বতন্ত্র ফরজ হিসেবে ঘোষণা করতেও দলিল প্রয়োজন।
যেখানে
জ্ঞান ও সংশোধনের প্রয়োজন, সেখানে যথার্থ আহলে ঈল্মের নিকট ফিরে যাওয়ার প্রশ্নও
আসে। এই প্রসঙ্গে মহান আল্লাহ তা’য়ালা ইরশাদ মুবারক করেনঃ (فَاسْأَلُوا
أَهْلَ الذِّكْرِ إِنْ كُنْتُمْ لَا تَعْلَمُونَ) অর্থাৎ, তোমরা যদি না জানো, তাহলে আহলে
জিকিরের (যাঁরা বিষয়টি জানেন) কাছে জিজ্ঞাসা করো। (ছুরাহ আন-নাহল ১৬:৪৩ ছুরাহ
আল-আম্বিয়া য়ালাইহিমুছ ছালাম ২১:৭।) এই আয়াত শরীফের প্রত্যক্ষ
প্রসঙ্গ পূর্ববর্তী রছুলগণের মানবীয় পরিচয় সম্পর্কে জিজ্ঞাসার নির্দেশের সঙ্গে
সম্পর্কিত। পাশাপাশি এর মধ্যে না জানলে সংশ্লিষ্ট বিষয়ে জ্ঞানসম্পন্ন
ব্যক্তির নিকট জিজ্ঞাসা করার সাধারণ শিক্ষাও রয়েছে। সুতরাং নফছের রোগ, তাজকিয়াহ
এবং আখলাকের সংশোধন সম্পর্কে নিজের অজ্ঞতা বা সীমাবদ্ধতা উপলব্ধি করলে যোগ্য ও
অভিজ্ঞ ব্যক্তির নিকট শিক্ষা ও পরামর্শ গ্রহণ করা যুক্তিসংগত। নফছের রোগ, তাজকিয়ার প্রয়োজন
এবং সংশোধনের পদ্ধতি আলোচনার পর আমার মূল বক্তব্য সামনে আসে। মুর্শিদ কোনো পুরুষের সাধারণ
সামাজিক পরিচয় বা প্রচলিত উপাধি নয়; মুর্শিদ একটি বিশেষ রূহানি জাত ও ইরশাদী
দায়িত্বের পরিচয়, যার কার্যকারিতা মুরীদের অভাব ও হাল অনুযায়ী প্রকাশ পায়। এই পরিচয়
উপলব্ধি করতে হেদায়েতের মালিকানা ও ইরশাদের দায়িত্ব পৃথক করে বুঝতে হবে।
মুর্শিদ কে?
একজন
মানুষ মাথায় পাগড়ি পরলেন, কিছু লোক উনাকে পীর বলে ডাকলেন, তাহলে কি তিনি মুর্শিদ
হয়ে গেলেন? নাকি মুর্শিদ হওয়ার সঙ্গে মানুষের নফছের তাজকিয়া, ক্বলব রৌশন, রূহ কে
আজ্বীম, ও হাজারো বিভ্রান্তির মাঝে চলার জন্যে সত্যের পথ চিনিয়ে দেওয়া এবং মহান
আল্লাহ তা’য়ালা উনার হেদায়েতের গভীর সম্পর্ক রয়েছে?
এই
প্রশ্নের উত্তর খুঁজতে হলে আগে হেদায়েত বুঝতে হবে। হেদায়েত অর্থ সঠিক পথের দিশা
পাওয়া। মানুষ পথ দেখাতে পারেন, বুঝিয়ে দিতে পারেন, ভুল ধরিয়ে দিতে
পারেন। কিন্তু সেই সত্যকে অন্তর দিয়ে গ্রহণ করার তাওফিক্ব (সুযোগ ও
সামর্থ্য) দান করেন কেবল মহান আল্লাহ তা’য়ালা।
এখানে
আমার বক্তব্য অত্যন্ত স্পষ্টঃ মুর্শিদ হেদায়েতের স্বাধীন মালিক নন। উনার কাজ
হলো ইরশাদ (সঠিক পথ দেখানো) ও তরবিয়ত (শিক্ষা দিয়ে ক্বলব ও আখলাক অর্থাৎ উত্তম
চরিত্রের অধিকারী হিসেবে গড়ে তোলা)। আর মানুষের ক্বলবকে সত্য গ্রহণের উপযোগী করে দেওয়ার
চূড়ান্ত ইখতিয়ার (ক্ষমতা) মহান আল্লাহ তা’য়ালা উনারই।
এই
পার্থক্যের আলোচনায় ক্বুরআন শরীফে মুর্শিদ শব্দটির উপস্থিতিই প্রথমে লক্ষ্য করি। মহান আল্লাহ তা’য়ালা ইরশাদ
মুবারক করেনঃ (مَن يَهْدِ اللَّهُ فَهُوَ الْمُهْتَدِ ۖ وَمَن يُضْلِلْ فَلَن تَجِدَ لَهُ
وَلِيًّا مُّرْشِدًا) মহান আল্লাহ তা’য়ালা যাকে হেদায়েত দান করেন, একমাত্র সেই
হেদায়েতপ্রাপ্ত হয়। আর যাকে তিনি গুমরাহির উপর ছেড়ে দেন, (পেয়ারে হাবীব
ছ্বল্লাল্লাহু য়ালাইহি ওয়া আলিহি ওয়া ছাল্লাম) তার জন্য দ্বীনের অভিবাবকরূপে আপনি
কোনো মুর্শিদ (খুঁজে) পাবেন না, (যিনি তাকে হেদায়েত দিবেন)। (ছুরাহ আল-কাহফ, ১৮:১৭।)
এই
আয়াত শরীফের শেষাংশে (وَلِيًّا مُّرْشِدًا) এসেছেন। এখানে ওলী অর্থ অভিভাবক বা সহায়, আর মুর্শিদ অর্থ সঠিক
পথের দিশাদানকারী। আয়াতের বক্তব্য হলো, মহান আল্লাহ তা’য়ালা যাকে হেদায়েত
থেকে বঞ্চিত রাখেন, কোনো মানুষ নিজের ক্ষমতায় তাকে হেদায়েত দিতে পারেন না।
তাহলে
মুর্শিদের প্রয়োজন কোথায়? প্রয়োজন এখানেই যে, মানুষ সত্য না জানলে তাকে শেখাতে হয়;
ভুল পথে চললে তাকে সতর্ক করতে হয়; অন্তর গ্বফিল (মহান আল্লাহ তায়ালা উনার
স্মরণ/জিকির থেকে উদাসীন) হলে তাকে জাগিয়ে তুলতে হয়, বেদার করতে হয়। এই শিক্ষা
ও সংশোধনের কাজই ইরশাদের অন্তর্ভুক্ত। কিন্তু শিক্ষা দেওয়ার ক্ষমতা আর অন্তরে হেদায়েত সৃষ্টি
করার ক্ষমতা এক নয়। যেমন খনীতে সোনা সৃষ্টির ক্ষমতা কেবল মহান আল্লাহ তায়ালা
উনার, কিন্তু উনি এসে সেটাকে রিফাইন করে ২৪ ক্যারেটের অলংকার বানিয়ে দোকানে সাজিয়ে
রাখেন না, এই কাজ করে সোনারি, এই মিছাল বুঝলেই হেদায়েতে ইলাহী ও হেদায়েতে
মুর্শিদির কনসেপ্ট ক্লিয়ার হয়ে যায়। পথ চিনিয়ে দেওয়া এবং সেই পথ
গ্রহণের তাওফিক্ব দানের পার্থক্য নববী ইরশাদের আয়াত শরীফদ্বয়েও স্পষ্ট হয়।
রছুলে
পাক ছ্বল্লাল্লাহু য়ালাইহি ওয়া আলিহি ওয়া ছাল্লাম উনার বিষয়ে মহান আল্লাহ তা’য়ালা
ইরশাদ মুবারক করেনঃ (وَإِنَّكَ لَتَهْدِي إِلَىٰ صِرَاطٍ مُّسْتَقِيمٍ) অর্থাৎ, নিশ্চয়ই আপনি ছ্বিরাত্বূল
মুছতাক্বীমের দিকে পরিচালিত করেন। (ছুরাহ আশ-শূরা, ৪২:৫২) আবার ইরশাদ মুবারক করেনঃ (إِنَّكَ لَا
تَهْدِي مَنْ أَحْبَبْتَ وَلَٰكِنَّ اللَّهَ يَهْدِي مَن يَشَاءُ) অর্থাৎ, নিশ্চয়ই
আপনি যাকে মুহব্বত করেন, তাকে নিজের ইচ্ছামতো হেদায়েতের তাওফীক্ব দান করতে পারেন
না। বরং মহান আল্লাহ তা’য়ালা যাকে ইচ্ছা তাকে হেদায়েতের তাওফীক্ব
দান করেন। (ছুরাহ আল-ক্বাছাছ, ২৮:৫৬।)
দুটি
আয়াতের মধ্যে বিরোধ নেই। প্রথমটিতে নববী পথপ্রদর্শন এবং দ্বিতীয়টিতে সেই পথ
গ্রহণের তাওফিক্ব দানের ইলাহী ইখতিয়ার প্রকাশিত হয়েছে। উদাহরণ হিসেবে, একজন
প্রগ্রামার অ্যাপ তৈরি করলেও ডিভাইসের অপারেটিং সিস্টেমে প্রয়োজনীয় ব্যবস্থা ও
অনুমতি না থাকলে তা ইনস্টল করতে পারেন না। এটি কেবল তাওফিক্বের বিষয়টি বোঝানোর প্রযুক্তিগত মিছাল;
নববী ইরশাদের মর্যাদার সঙ্গে কোনো প্রগ্রামারের তুলনাই নয়।
মুর্শিদ কীভাবে চিনব?
কেবল
উপাধি, পোশাক, অনুসারীর সংখ্যা বা বংশপরিচয় দেখে কাউকে হাক্বিকি মুর্শিদ বলা যায়
না। দেখতে হবে, উনার তা’য়লীম মানুষকে মহান আল্লাহ তা’য়ালা উনার দিকে
ফিরিয়ে নেয় কি না; তিনি নিজের নফছের সংশোধন ও মুরীদের চরিত্র গঠনে গুরুত্ব দেন কি
না; উনার ইরশাদ ক্বুরআন ও ছুন্নাহ মুবারকের অনুযায়ী কি না।
কেউ
হয়তো বছরের পর বছর কোনো তাছ্বাউফি দরবারে যান, কিন্তু নিজের রাগ, অহংকার, হিংসা বা
অন্যের হক্ব নষ্ট করার অভ্যাস এর কোন পরিবর্তনই হয় না। তার এই হাল যদি ঐ দরবারের
মুর্শিদের নজরে ধরা না পড়ে, তাহলে সে আসলে মুর্শিদ তো দূর কথিত পির ও নয়, আর
মুরিদের নিজের অন্তরের অবস্থাও যাচাই করা প্রয়োজন। কারণ তাজকিয়াহ (নফছ ও ক্বলবের
পরিশুদ্ধি) ছাড়া বাহ্যিক আনুগত্য মানুষকে কতটুকু বদলেছে, সেই প্রশ্ন থেকেই যায়।
তবে
কোনো ব্যক্তির অন্তরের প্রকৃত অবস্থা সম্পর্কে চূড়ান্ত ফয়সালা করা আমার উদ্দেশ্য
নয়। আমার উদ্দেশ্য হলো, পাঠক যেন নিজেকে প্রশ্ন করেনঃ আমি কি সত্যের
পথে বদলাচ্ছি, নাকি শুধু একটি পরিচয়ের সঙ্গে জড়িয়ে আছি? আমি অমুকের মুরিদ।
মুর্শিদকে
পরিচয়ের বাহ্যিক চিহ্ন দিয়ে বিচার করার পর এবার শব্দটির লুগাতি গঠন, রুশদের
তাৎপর্য এবং তার সঙ্গে ইশারী উপলব্ধির সম্পর্ক দেখা প্রয়োজন।
য়া’রবী
مُرْشِد (মুর্শিদ) শব্দের
মূল অক্ষর ر ش د। এই মূলের সঙ্গে রুশদ (সঠিক পথ চেনা ও সুবিবেচনা), ইরশাদ (পথ
দেখানো) এবং রশীদ (সঠিক পথে পরিচালিত বা সুবিবেচক) শব্দের সম্পর্ক রয়েছে। مُرْشِد হলেন أَرْشَدَ ক্রিয়ার ইছমে ফায়িল (যিনি কাজটি করেন, উনার পরিচয়বাচক শব্দ)। সহজ কথায়,
মুর্শিদ মানে যিনি সঠিক পথ নিজে জানেন, সাথে অন্যকেও সেই সঠিক পথের দিশা দেন।
ধরা
যাক, একজন পথিক অচেনা পথে ভুল দিকে চলছেন। তাঁকে পথ চিনিয়ে দেওয়া এবং সেই পথে চলতে সাহায্য করা এক
বিষয় নয়। মুর্শিদের ইরশাদে সঠিক কথা শেখানোর সঙ্গে নফছের প্রবঞ্চনা ধরিয়ে
দেওয়া এবং য়ামলে স্থির থাকার তরবিয়তও রয়েছে।
مُرْشِد শব্দের প্রথম অক্ষর م, অর্থাৎ মীম। য়া’রবী ব্যাকরণে এই মীম শব্দ গঠনের অংশ। তাই
মুর্শিদ শব্দটি আক্ষরিকভাবে মীম এবং রশীদ নামের দুটি পৃথক শব্দ জুড়ে বানানো হয়েছে,
এমন কথা আমি বলছি না। ভাষার নিয়মকে বদলে দেওয়া আমার উদ্দেশ্য নয়।
কিন্তু
শব্দের গঠন এক বিষয়, আর সেই শব্দকে কেন্দ্র করে রূহানি ইশারা (অন্তরের উপলব্ধির
জন্য অর্থপূর্ণ ইঙ্গিত) গ্রহণ করা অন্য বিষয়। এই মীম আমাকে মুহাম্মদী
নিছবতের (অর্থাৎ রছুলে পাক ছ্বল্লাল্লাহু য়ালাইহি ওয়া আলিহি ওয়া ছাল্লাম উনার পথের
সঙ্গে সম্পর্কের) কথা স্মরণ করায়। কারণ বান্দার জন্য দ্বীনের পথ শেখার সর্বোচ্চ নববী আদর্শ
হলেন রছুলে পাক ছ্বল্লাল্লাহু য়ালাইহি ওয়া আলিহি ওয়া ছাল্লাম।
পূর্বোক্ত
ছূরাহ আশ-শূরা ৪২:৫২-এর
আয়াত শরীফ নববী পথপ্রদর্শনের মর্যাদা প্রতিষ্ঠা করেছেন। মীমের সঙ্গে নূরে মুহাম্মদীর
যে ইশারী সম্পর্ক আমি আলোচনা করছি, তা নতুন কোনো অভিধানগত অর্থ নয়; বরং মুর্শিদের
ইরশাদ যে মুহাম্মদী পথের অধীন থাকবে, তার রূহানি স্মারক। উনার শেখানো পথে মুরীদের য়ামল
ও চরিত্র কতটা সংশোধিত হচ্ছে, সেটিই এই নিছবতের ব্যবহারিক তাৎপর্য।
মীমের
এই ইশারার পাশাপাশি রুশদ শব্দের অর্থগত ভিত্তিটিও ক্বুরআনের আলোকে পরিষ্কার করা
প্রয়োজন। মহান আল্লাহ তা’য়ালা ইরশাদ মুবারক করেনঃ (قَد تَّبَيَّنَ الرُّشْدُ مِنَ الْغَيِّ) অর্থঃ নিশ্চয়ই
সঠিক পথ ভ্রান্ত পথ থেকে স্পষ্ট হয়ে গেছেন। (ছুরাহ আল-বাক্বারাহ, ২:২৫৬-এর অংশ।)
এখানে
রুশদ মানে সঠিক পথ, আর গ্বইয়্যী মানে ভ্রান্তি বা ভুল পথে চলা। সাধারণ
মানুষও বিষয়টি বুঝতে পারেন। যেমন কেউ নিয়মিত ঈবাদত করেন, কিন্তু মানুষের হক্ব নষ্ট
করেন, অহংকার ছাড়তে চান না, অন্যের কষ্টকে তুচ্ছ মনে করেন। তাঁর বাহ্যিক কাজ দেখে সব ঠিক
মনে হলেও অন্তরের সংশোধন নিয়ে প্রশ্ন থেকেই যায়। মুর্শিদের কাজ সেই প্রশ্ন
এড়িয়ে যাওয়া নয়; মুরীদকে নিজের ভুল চিনতে সাহায্য করা।
এই
জায়গায় মানুষের মন বোঝা জরুরি। কাউকে সবার সামনে অপমান করলে তিনি হয়তো ভুল স্বীকারের
বদলে আত্মরক্ষায় ব্যস্ত হয়ে পড়বেন। আবার কেউ নিজের ভুল বুঝেও হতাশ হয়ে যান। তাই
একজনের কাছে কোমল কথা প্রয়োজন, অন্যজনের কাছে স্পষ্ট সংশোধন। উভয়ের উদ্দেশ্য একইঃ সত্যের
দিকে ফিরিয়ে আনা। এটাই তরবিয়তের হিকমত (কোন অবস্থায় কীভাবে শিক্ষা দিতে
হয়, সেই সুবিবেচনা থাকা, এটা ওয়াল হিকমাহ এর অন্তর্ভুক্ত)।
الرشيد শব্দটি মহান আল্লাহ তা’য়ালা উনার ছিফাতি নাম হিসেবে আছমাউল হুছনার
অন্তর্ভুক্ত। তাই আমি যখন নূরে ছিফাতে রশীদ বলি, তখন মহান আল্লাহ তা’য়ালা
উনার সঠিক পথপ্রদর্শন ও হিকমতের সঙ্গে সম্পর্কিত একটি ইশারী তাৎপর্য বোঝাই। এর দ্বারা
মুর্শিদের মধ্যে মহান আল্লাহ তা’য়ালা উনার কোনো স্বতন্ত্র ক্ষমতা স্থানান্তরিত
হয়েছে, এমন দাবি করছি না, কেননা মুর্শিদ সৃষ্ট মাখলুক; বরং আমি যেটা বলতে চাই সেটা
হলো, যাকে মহান আল্লাহ তায়ালা মুর্শিদী আতা করেন, তখন ঐ মুর্শিদ রশিদি নূরের
অধিকারী হোন। আর উনার মূল দায়িত্ব হলো মহান আল্লাহ তা’য়ালা উনার নির্দেশিত
পথের দিকে ডাকা, ফেরানো, ইস্তিকামত রাখা।
আমার
ইশারী পাঠে মীম স্মরণ করান মুহাম্মদী পথের অনুসরণ; আর রুশদ স্মরণ করান সত্য ও
ভ্রান্তির পার্থক্য। এই দুইয়ের সমন্বয়ে মুর্শিদের ইরশাদের উদ্দেশ্য প্রকাশ
পায়।
যিনি
নিজেকে মুর্শিদ বলেন, উনার কাছে মানুষ কী পাচ্ছেন? শুধু পরিচয়, আনুগত্য আর
প্রশংসা? নাকি ক্বলবের গ্বাফলতি কমছে, নফছের অহংকার ভাঙছে, মানুষের হক্ব আদায়ের
অনুভূতি বাড়ছে, ঈবাদতে ইখলাছ (লোকদেখানো ছাড়া আন্তরিকতা) আসছে? এই প্রশ্নগুলো
কাউকে হেয় করার জন্য নয়। এগুলো নিজের রূহানি ছ্বফর (অন্তর সংশোধনের পথচলা) যাচাই
করার জন্য।
ধরা
যাক, একজন মুরীদ বহুদিন ধরে একটি দরবারে যাচ্ছেন। তিনি সেখানে শান্তি অনুভব
করেন। কিন্তু বাড়িতে ফিরে রাগের মাথায় স্ত্রী-সন্তানকে কষ্ট দেন,
প্রতিবেশীর অধিকার নষ্ট করেন, নিজের ভুল স্বীকার করেন না। তাঁর অনুভূত প্রশান্তিকে
অবজ্ঞা করছি না; বরং প্রশ্ন করছি, সেই প্রশান্তি তাঁর চরিত্রে কী পরিবর্তন আনছে?
কারণ সত্যিকারের তরবিয়তের ফল শুধু মাহফিলের মুহূর্তে নয়, ঘরের আচরণেও প্রকাশ পাওয়া
উচিত।
আবার
একজন মুরীদ অতীতের ভুলে ভেঙে পড়েছেন। তাঁকে কেবল ধমক দিলে তিনি আরও দূরে সরে যেতে পারেন। তাঁর
সামনে তাওবার দরজা, মহান আল্লাহ তা’য়ালা উনার রহমতের আশা এবং সংশোধনের বাস্তব পথ
খুলে দেওয়া প্রয়োজন। মুর্শিদের তাওয়াজ্জুহ (মুরীদের হালের প্রতি বিশেষ
মনোযোগ) এখানেই অর্থপূর্ণ হয়।
এই
দুই উদাহরণে স্পষ্ট হয়, মুর্শিদত্ব কোনো পুরুষের সামাজিক পরিচয় নয়; মানুষের হাল
বুঝে হেদায়েতমুখী ইরশাদের দায়িত্ব। এই দায়িত্বের তাজকিয়াহ, ফায়েজ ও রূহানি নিছবতের গভীরতা
পরবর্তী আলোচনায় প্রকাশিত হবে।
মুর্শিদের
ইরশাদ ও মুরীদের সংশোধনের নববী ভিত্তি ছূরাহ আল-বাক্বারাহর ১৫১ নম্বর আয়াত শরীফে
প্রকাশিত হয়েছে। মহান আল্লাহ তা’য়ালা ইরশাদ মুবারক করেনঃ (كَمَا
أَرْسَلْنَا فِيكُمْ رَسُولًا مِّنكُمْ يَتْلُو عَلَيْكُمْ آيَاتِنَا
وَيُزَكِّيكُمْ وَيُعَلِّمُكُمُ الْكِتَابَ وَالْحِكْمَةَ وَيُعَلِّمُكُم مَّا لَمْ
تَكُونُوا تَعْلَمُونَ) অর্থাৎ (সঠিক পথের সন্ধান দেওয়ার জন্যে) যেভাবে আমি তোমাদের
মধ্যে থেকেই একজনকে রছ্বুল বানিয়ে পাঠিয়েছি, যিনি তোমাদের উপর আমার আয়াত শরীফ সমূহ
তিলাওয়াত করবেন, আর তোমাদের নফছ ও ক্বলবের তাজকিয়া করে দেবেন, এবং পবিত্র কিতাব
(আল ক্বুরআনের জাহেরি বাতেনি) ঈলম শিক্ষা দেবেন আর (বাতেনী ঈলম বোঝার) হিকমত বা
প্রজ্ঞার দীক্ষা সহ এমন বিষয়েরও দীক্ষা দিবেন, যা এর আগে তোমরা জানতেই না। (ছুরাহ
আল-বাক্বারাহ ২:১৫১।)
এই
আয়াত শরীফে রছুলে পাক ছ্বল্লাল্লাহু য়ালাইহি ওয়া আলিহি ওয়া ছাল্লাম উনার দায়িত্বের
কয়েকটি দিক একসঙ্গে এসেছেনঃ মানুষের উপর আয়াত তিলাওয়াত করা, তাজকিয়াহ (নফছ ও
ক্বলবকে পরিশুদ্ধ করা), কিতাবের ঈল্ম (জাহির বাতিন জ্ঞান), হিকমত (সঠিকভাবে বুঝে
কাজে লাগানোর প্রজ্ঞা, অর্থাৎ কখন কোথায় কিভাবে কি করতে হবে, তা) এবং পূর্বে অজানা
বিষয় শিক্ষা দেওয়া। শুধু মুখে কথা পৌঁছানোই এখানে পূর্ণ দায়িত্ব নয়। মানুষ যেন
সেই কথায় বদলায়, সেটিও গুরুত্বপূর্ণ।
তবে
এই অনুবাদে বন্ধনীর ভেতর জাহেরি ও বাতেনি ঈল্মের যে ব্যাখ্যা রয়েছে, সেটি আমার
ব্যাখ্যামূলক উপলব্ধি; আয়াত শরীফের প্রত্যেক য়া’রবী শব্দের সরাসরি আভিধানিক অনুবাদ
নয়।
ধরা
যাক, একজন মানুষ জানেন অহংকার হারাম। কিন্তু তাঁর সামনে ভুল ধরিয়ে দিলে তিনি সঙ্গে সঙ্গে
অন্যকে অপমান করেন। তাঁর মুখে ঈল্ম আছে, কিন্তু অন্তরে সেই ঈল্মের ফল এখনো
স্পষ্ট হয়নি। তাজকিয়াহ হলো এই ভেতরের রোগ চেনা এবং মহান আল্লাহ তা’য়ালা উনার
রশিদি নূরের সাহায্যে তা সংশোধন করা, কেননা মহান আল্লাহ তা’য়ালা ইরশাদ মুবারক
করেনঃ (قَدْ أَفْلَحَ مَن زَكَّاهَا وَقَدْ خَابَ مَن دَسَّاهَا) অর্থাৎ, নিশ্চয়ই
সফলকাম হলো সে, যে নিজের নফছকে পরিশুদ্ধ করল। আর ব্যর্থ-মনোরথ হলো সে, যে
তাকে কলুষিত করল। (ছুরাহ আশ-শামছ ৯১:৯-১০) অন্য আয়াতে বলেছেনঃ (قَدْ أَفْلَحَ
مَنْ تَزَكَّىٰ وَذَكَرَ اسْمَ رَبِّهِ فَصَلَّىٰ بَلْ تُؤْثِرُونَ الْحَيَاةَ
الدُّنْيَا وَالْآخِرَةُ خَيْرٌ وَأَبْقَىٰ) নিশ্চয়ই সেই ব্যক্তি সফলকাম হয়েছে, যে
নিজেকে পরিশুদ্ধ করেছে এবং তার রব তায়ালা উনার নামের জিকির করেছে, অতঃপর নামাজ
আদায় করেছে। অথচ তোমরাতো দুনিয়ার জীবনকেই (আখেরাতের উপর) প্রাধান্য দিয়ে
থাকো, অথচ আখিরাতই সর্বোত্তম চিরস্থায়ী। (ছ্বুরাহ আল-আ’লা ৮৭:১৪-১৭।)
এখানে
শুধু নির্দিষ্ট সংখ্যায় জিকির ও নামাজ পড়ার আলোচনা নয়; নফছের তাজকিয়াহ, নিয়তের
ইখলাছ, আখলাক, মানুষের হক্ব এবং রিয়া-হিংসা-লোভ সংশোধনের প্রয়োজনও রয়েছে। নামাজ ও জিকির
আদায় করেও কেউ অন্যকে ঠকালে তাঁর য়ামলের ভেতরের রোগ শনাক্ত করা জরুরি।
জাহেরি
ঈল্মে মানুষ জানতে পারেন কী করতে হবে, কী থেকে বাঁচতে হবে। বাতেনি উপলব্ধিতে সেই জানা
কথা অন্তরে কী পরিবর্তন আনছে, তা দেখা হয়। যেমন, কেউ জানেন দান করা উত্তম। কিন্তু দানের পর মানুষের
প্রশংসা না পেলে তাঁর মন খারাপ হয়। এখানে দানের বিধান জানা হয়েছে, অথচ ইখলাছ (শুধু আল্লাহ
তা’য়ালা উনার সন্তুষ্টি চাওয়া) এখনো সংশোধনের দাবি রাখে।
মা’রিফাত
(মহান আল্লাহ তা’য়ালা উনার পরিচয় ও মহিমা গভীরভাবে উপলব্ধি) কোনো নতুন শরীয়ত নয়। এমন
অনুভূতি, স্বপ্ন কিংবা দাবি, যার কারণে ক্বুরআন ও ছুন্নাহর বিধান অমান্য করা হয়,
তাকে মা’রিফাতের প্রমাণ বলা যায় না। প্রকৃত উপলব্ধির ফল হওয়া উচিত অধিক বিনয়, ইখলাছ এবং
আনুগত্য।
এই
দুইয়ের সম্পর্ক বাস্তবে প্রয়োগ করতে হিকমত অপরিহার্য; এক মুরীদের জন্য যা উপযোগী,
অন্যজনের জন্য তা-ই সর্বদা উপযোগী নয়।
একজন
অনুতপ্ত মুরীদকে বারবার ধমক দিলে তিনি হতাশ হয়ে যেতে পারেন। আবার অহংকারে ডুবে থাকা কাউকে
শুধু প্রশংসা করলে তাঁর রোগ আরও বাড়তে পারে। একজন বিধবার প্রয়োজন সান্ত্বনার পাশাপাশি জীবিকার ও
শারীরিক হক্বের হালাল সহায়তা হতে পারে। একজন সন্তানহারা মানুষের প্রয়োজন ধৈর্য ধরে তাঁর কথা
শোনা হতে পারে। মুরীদের হাল বুঝে কথা বলা এবং প্রয়োজনমতো জাহেরি সাহায্যের পথ
দেখানোও তরবিয়তের হিকমতের অন্তর্ভুক্ত। মহান আল্লাহ তা’য়ালা ইরশাদ মুবারক করেনঃ (يُؤْتِي
الْحِكْمَةَ مَن يَشَاءُ وَمَن يُؤْتَ الْحِكْمَةَ فَقَدْ أُوتِيَ خَيْرًا
كَثِيرًا) অর্থাৎ, তিনি যাকে ইচ্ছা হিকমত দান করেন। আর যাকে হিকমত দেওয়া হয়েছে,
তাকে অনেক কল্যাণ দেওয়া হয়েছে। (ছুরাহ আল-বাক্বারাহ ২:২৬৯।)
এই
হিকমতপূর্ণ সংশোধনের কেন্দ্রবিন্দু ক্বলবের ইছলাহ। অন্তরের অবস্থার সঙ্গে আচরণের
সম্পর্ক হাদীছ শরীফেও এসেছে। রছুলে পাক ছ্বল্লাল্লাহু য়ালাইহি ওয়া আলিহি ওয়া ছাল্লাম ইরশাদ
মুবারক করেছেনঃ (أَلَا وَإِنَّ فِي الْجَسَدِ مُضْغَةً، إِذَا صَلَحَتْ صَلَحَ الْجَسَدُ
كُلُّهُ، وَإِذَا فَسَدَتْ فَسَدَ الْجَسَدُ كُلُّهُ، أَلَا وَهِيَ الْقَلْبُ) অর্থাৎ, সাবধান!
শরীরে একটি গোশতপিণ্ড আছে। সেটি ঠিক হলে সারা শরীর ঠিক হয়, আর সেটি নষ্ট হলে সারা
শরীর নষ্ট হয়। জেনে রাখো, সেটিই ক্বলব। (ছ্বহীহ আল-বুখারী, হাদীছ ৫২; ছ্বহীহ মুছলিম, হাদীছ ১৫৯৯।)
এ
জন্য মুর্শিদের তরবিয়ত কেবল বাইরের নিয়ম শেখানোর মধ্যে শেষ হয় না। মুরীদ
নিজের ভেতরের রোগ চিনতে শিখছেন কি না, রাগের সময় নিজেকে সামলাতে পারছেন কি না,
অন্যের হক্ব ফিরিয়ে দিচ্ছেন কি না, এগুলোও দেখতে হয়। তবে কোনো মানুষের অন্তরের সব
গোপন কথা স্বাধীনভাবে জেনে ফেলার দাবি এই আলোচনার উদ্দেশ্য নয়।
আয়াত
শরীফে নববী তা’য়লীমের যে মর্যাদা এসেছে, তা রছুলে পাক ছ্বল্লাল্লাহু য়ালাইহি ওয়া
আলিহি ওয়া ছাল্লাম উনার। পরবর্তী কোনো মুর্শিদ সেই নববী মর্যাদা নিজের জন্য দাবি
করতে পারেন না। মুর্শিদের কাজ হলো সেই শিক্ষার অনুসরণে মানুষকে সংশোধনের পথে
সাহায্য করা, নতুন দ্বীন তৈরি করা নয়।
মুর্শিদের
কাছে গিয়ে যদি মুরীদ মহান আল্লাহ তা’য়ালা উনার প্রতি বেশি মনোযোগী হন, রছুলে পাক
উনার মুহব্বত ও অনুসরণে অগ্রসর হন, মানুষের হক্ব আদায়ে যত্নবান হন এবং নিজের নফছের
দোষ ধরতে শেখেন, তাহলে সেই তরবিয়তের ফল দেখা যাচ্ছে। আর যদি শুধু ব্যক্তির নাম ও
দলের গৌরব বাড়ে, কিন্তু অন্তর না বদলায়, তাহলে নিজের অবস্থার হিসাব নেওয়া জরুরি।
কোনো
ব্যক্তির মুর্শিদত্বের দাবি যাচাই করতে মুরীদের সামনে তিনটি প্রশ্ন রাখছিঃ
১) মুর্শিদ-উনার
শিক্ষা কি ক্বুরআন ও ছুন্নাহর দিকে নিয়ে যায়?
২) মুর্শিদ-উনার
তরবিয়তে নফছ ও ক্বলবের সংশোধন কি হয়?
৩)
মুরীদের জীবনে সেই সংশোধনের ফল কি দেখা যায়?
শুধু
উপাধি বা দাবির পরিবর্তে এই প্রশ্নগুলোই মানুষকে হাক্বিকি ইরশাদের সন্ধানে সচেতন
করবে। কেউ বহু বছর ধরে একজন পীরের মুরীদ। পীরের নাম শুনলেই তাঁর চোখে পানি আসে। কিন্তু
কেউ যদি জিজ্ঞাসা করেন, আপনার নফছের কোন দোষটি সংশোধন হয়েছে, কোন ভুলটি আপনি
ছেড়েছেন, মানুষের কোন হক্ব ফিরিয়ে দিয়েছেন, তখন তিনি উত্তর খুঁজে পান না। আমি তাঁকে
অপমান করতে চাই না। বরং তাঁর অন্তরে একটি দরজা খুলতে চাই। যে
সম্পর্ক আমাকে মহান আল্লাহ তা’য়ালা উনার দিকে নিয়ে যাওয়ার কথা, সেই সম্পর্ক আমার
জীবনে কী পরিবর্তন আনছে?
মুর্শিদ
শব্দের অর্থ জানা এক বিষয়; হাক্বিকি মুর্শিদকে চেনা আরেক বিষয়। নামের আগে
বড় উপাধি, বিশেষ পোশাক, বংশের পরিচয় কিংবা অসংখ্য অনুসারী থাকা একা কোনো ব্যক্তিকে
মুর্শিদে কামিল প্রমাণ করে না। আবার এগুলোর কোনোটি না থাকলেই কাউকে অযোগ্য বলা যায় না। বিচার
করতে হবে ঈল্ম (সঠিক জ্ঞান), য়ামল (কাজে তার প্রকাশ), হিকমত (বুঝে যথাস্থানে
প্রয়োগ) এবং মানুষের নফছ ও ক্বলবের ইছলাহ (সংশোধন) করার যোগ্যতার ভিত্তিতে। মুর্শিদির
বিষয়টি এমন না যে কোন পির তার ছেলেকে গদিনিশিন করে দিলে, বা কোন পির তার কোন খাছ
মুরিদকে খিলাফত দিয়ে দিলেই সে মুর্শিদ হয়ে যাবে, যেভাবে একজন প্রকৃত ডাক্তারও যদি
তার জীবনের শেষ সময় উপনীত হলে তার চেয়ারে তার ইঞ্জিনিয়ার ছেলেকে বসালেই সে ডাক্তার
হয়ে যাবেনা, মুর্শিদির বিষয়টিও অনুরূপ, বরং কেউ যদি কোন রোগের প্রপার চিকিৎসা জেনে
ফেলে কোন মাধ্যম, কোন প্রাতিষ্ঠানিক শিক্ষা ছাড়াই, এবং তার চিকিৎসার বাস্তব ফলাফল
ও ভালো আসে, তাহলে তাকে কেউ স্বীকার না করলেও সে চিকিৎসক। মুর্শিদির বিষয়টি হলো ইরশাদের
হাক্বিকি যোগ্যতা লাভ করা, যার ফলে মানুষের তাজকিয়া হয়।
কারও
কাছে দ্বীনি জ্ঞান জানতে চাইব, আর কার ইরশাদ গ্রহণ করব, সে প্রশ্নে আহলে জিকরের
ক্বুরআনী নির্দেশনা বিশেষ প্রাসঙ্গিক। মহান আল্লাহ তা’য়ালা ইরশাদ
মুবারক করেনঃ (فَاسْأَلُوا أَهْلَ الذِّكْرِ إِنْ كُنْتُمْ لَا تَعْلَمُونَ) অর্থাৎ, তোমরা যদি
না জানো, তাহলে আহলে জিকিরের (যাঁরা বিষয়টি জানেন) কাছে জিজ্ঞাসা করো। (ছুরাহ
আন-নাহল ১৬:৪৩ ছুরাহ আল-আম্বিয়া য়ালাইহিমুছ ছালাম ২১:৭)
এই
আয়াত শরীফদ্বয়ের মূল আলোচনায় পূর্ববর্তী রছুলগণ মানুষ ছিলেন কি না, সেই প্রশ্নের
জবাব রয়েছে। তাই আয়াতটিকে তুলে এনে যে কেউ নিজেকে আহলে জিকর ঘোষণা করলেই
তাঁর সব কথা মানতে হবে, এমন কথা বলা যায় না। তবে একটি শিক্ষা পরিষ্কারঃ যে বিষয়ে জানি না, সে বিষয়ে
যথার্থ জ্ঞানসম্পন্ন ব্যক্তির কাছ থেকে জানতে হবে।
ধরা
যাক, কারও চোখে অসুখ হয়েছে। তিনি শুধু পরিচিতই না যত মুহব্বতের মানুষই হোক, একজন
অদক্ষ লোকের হাতে নিজের চোখ তুলে দেবেন না চিকিৎসার জন্যে। বরং যিনি চোখের রোগ বোঝেন,
তাঁর কাছেই তিনি যাবেন। তাহলে নফছের রোগ, ইমানের সংশয় এবং ক্বলবের অস্থিরতার
বিষয়ে এমন ব্যক্তির কাছে কেন যাব, যিনি রোগের নামই জানেন না, অথবা নিজের কথার দলিল
দিতে পারেন না?
তবে
চিকিৎসার এই উদাহরণ দিয়ে মুর্শিদকে চিকিৎসকের সমতুল্য কোনো পেশাগত মর্যাদা দেওয়া
হচ্ছে না। উদ্দেশ্য হলো, গুরুতর দায়িত্বে যোগ্যতা যাচাই করা যে কত জরুরি,
তা সহজ করে বোঝানো। ঈল্মের মূল্য শুধু পরিভাষায় সীমাবদ্ধ নয়; তার অন্যতম ফল মহান
আল্লাহ তা’য়ালা উনার প্রতি খাশিয়াত। মহান আল্লাহ তা’য়ালা ইরশাদ
মুবারক করেনঃ (إِنَّمَا يَخْشَى اللَّهَ مِنْ عِبَادِهِ الْعُلَمَاءُ) অর্থাৎ, মহান
আল্লাহ তা’য়ালা উনার বান্দাগণের মধ্যে (সত্যিকারের) উলামারাই উনাকে যথার্থভাবে ভয়
করেন। (ছুরাহ আল-ফাতির ৩৫:২৮)
খাশিয়াত
মানে কেবল শাস্তির ভয় নয়। মহান আল্লাহ তা’য়ালা উনার মহিমা ও নিজের জবাবদিহি
গভীরভাবে বুঝে অন্তরে যে ভয়মিশ্রিত শ্রদ্ধা জন্মায়, সেটিও খাশিয়াতের অন্তর্ভুক্ত। একজন
মানুষ যত বড় ঈল্মের দাবি করেন, তাঁর কথাবার্তা ও আচরণে তত বেশি বিনয়, সতর্কতা এবং
সত্যের প্রতি দায়িত্ববোধ প্রত্যাশিত।
আমি
কারও অন্তরের চূড়ান্ত ফয়সালা দিতে পারি না। কিন্তু প্রকাশ্যে তিনি মানুষের হক্ব নষ্ট করেন কি না,
ভুল ধরিয়ে দিলে কীভাবে জবাব দেন, নিজের স্বার্থে দলিল বদলে দেন কি না, এসব দেখা
যায়। ঈল্মের কথা মুখে আছে অথচ কাজে উল্টো, এমন অসংগতি যাচাইয়ের
প্রয়োজন আছে। জানা এবং চেনার এই পার্থক্য থেকেই মা’রিফাতের ঈল্মের তাৎপর্য
প্রকাশিত হয়।
একজন
মানুষ জানেন, মহান আল্লাহ তা’য়ালা সব দেখেন। তবু সুযোগ পেলে অন্যের সম্পদ আত্মসাৎ করেন। আরেকজন
একা থাকলেও অন্যায় থেকে ফিরে আসেন, কারণ তিনি রবের সামনে দাঁড়ানোর কথা স্মরণ করেন। দুজনেই
মুখে একই কথা বলতে পারেন; কিন্তু কথাটি ক্বলবে কতটুকু প্রভাব ফেলেছে, সেখানে
পার্থক্য আছে।
মা’রিফাত
বলতে আমি মহান আল্লাহ তা’য়ালা উনার পরিচয়, মহিমা, রহমত এবং নিজের বান্দাত্বের
হাক্বিকত গভীরভাবে উপলব্ধি করাকে বুঝাচ্ছি। এর ফল হওয়ার কথা ইখলাছ (লোক দেখানো ছাড়া য়ামল), খাশিয়াত,
মুহব্বত, বিনয় ও আনুগত্য। এটি শরীয়তের বিকল্প কোনো গোপন বিধান নয়।
কেউ
যদি বলেন, আমি এমন মাক্বামে পৌঁছেছি যে এখন আমার জন্য শরীয়তের হুকুম মানার প্রয়োজন
নেই, তাহলে তাঁর দাবিকে মা’রিফাতের প্রমাণ বলা যায় না। আবার কেউ যদি বলেন, আমার
অন্তরের সব কথা আমি না বললেও তিনি অবশ্যই জানেন, তাহলে এমন দাবির সত্যতা আলাদা
দলিল ছাড়া নিশ্চিত করা যায় না। মুর্শিদের প্রজ্ঞা ও পর্যবেক্ষণকে গায়েবের স্বাধীন জ্ঞান
বলে চালানো ঠিক নয়।
মা’রিফাত
ও সংশোধনের আলোচনায় আরেকটি বিষয় অবহেলা করা যায় নাঃ প্রত্যেক মুরীদের হাল এক নয়।
একই
কথায় সবাই সংশোধিত হন না। যে মুরীদ নিজের ভুলে কাঁদছেন, তাঁকে শুধু ধমক দিলে তিনি
হতাশ হতে পারেন। যে মুরীদ নিজের ঈবাদত নিয়ে অহংকার করছেন, তাঁকে শুধু বাহবা দিলে
অহংকার আরও বাড়তে পারে। আবার একজন বিধবা কিংবা সন্তানহারা মুরীদের কাছে প্রথম
প্রয়োজন হতে পারে তাঁর কষ্টের কথা ধৈর্য ধরে শোনা।
যোগ্য
মুর্শিদ প্রথমে বোঝার চেষ্টা করেন, মুরীদ কী বলছেন, কেন বলছেন, কী হারিয়েছেন এবং
কোন অবস্থায় আছেন। তারপর তাঁর কথার সঙ্গে বাস্তব আচরণ মিলিয়ে দেখেন। এভাবে হাল
বুঝে তাওয়াজ্জুহ (মনোযোগ ও দোয়া), নছীহত এবং প্রয়োজনে জাহেরী সাহায্যের পথ
নির্ধারণ করেন। তিনি ভুল বুঝতেও পারেন; তাই মুরীদের কথা শুনে নিজের ধারণা যাচাই
করাও হিকমতের অংশ।
মুরীদের
হাল অনুযায়ী সংশোধন যেমন প্রয়োজন, তেমনি আদব ও আনুগত্যের শরঈ সীমা বোঝাও জরুরি। মুরীদের হাল অনুযায়ী সংশোধন
যেমন প্রয়োজন, তেমনি আদব ও আনুগত্যের সীমাও জানা প্রয়োজন।
মুর্শিদের
প্রতি আদব মানে উনার কথা মন দিয়ে শোনা, নছীহতের মর্যাদা বোঝা এবং নিজের নফছের
অজুহাত খুঁজে না বেড়ানো। কিন্তু আদব মানে এই নয় যে, ভুলকেও ঠিক বলতে হবে। মুর্শিদ
যখন সত্যের দিকে ডাকেন, তখন নিজের অহংকার বাধা হয়ে দাঁড়াতে পারে। আবার কেউ
মুর্শিদের নাম ব্যবহার করে অন্যায় দাবি করলে সেটিও চিনতে হবে। দুটির মাঝখানে সত্যনিষ্ঠ থাকা
জরুরি।
সুতরাং
কেবল বক্তব্যে নয়, একজন দাবিদারের জীবন ও তরবিয়তের ফলেও যোগ্যতার পরিচয় খুঁজতে হবে।
আমি
সাধারণ মুরীদকে বলব, নিজের চোখে কয়েকটি বিষয় দেখুন। তিনি কি নববী ছুরতে দায়িম আর
কায়িম থাকেন পোশাক, আশাক, খাবার-দাবারে, তিনি ক্বুরআন ও ছুন্নাহ শরীফের কথা
যথাযথভাবে ব্যাখ্যা করেন কি না। তাঁর নছীহতে মানুষ নিজের দোষ চিনতে শেখে কি না। অনুসারীরা
অন্যের হক্ব আদায়ে যত্নবান হচ্ছেন কি না। তিনি প্রশ্ন শুনতে পারেন কি না। নিজের ভুল প্রমাণিত হলে
সংশোধনের পথ খোলা রাখেন কি না। মানুষের কষ্টকে কেবল নিজের প্রভাব বাড়ানোর উপায় বানান কি
না।
একজন
দরিদ্র মানুষের প্রতি তাঁর আচরণ যেমন, প্রভাবশালী ব্যক্তির প্রতি আচরণও কি
ন্যায়ভিত্তিক? যে মুরীদ অর্থ দিতে পারেন না, তাঁর কষ্ট কি সমান গুরুত্ব পায়? এমন
প্রশ্ন বাহ্যিক আড়ম্বরের চেয়ে গভীর পরিচয় দিতে পারে। তবে একটি ঘটনা দেখেই কারও
অন্তরের সবকিছু নির্ধারণও করব না; যাচাই করব ধৈর্য ও ন্যায়ের সঙ্গে। এরপরও মূল প্রশ্ন ব্যক্তির
নাম নয়; হাক্বিকি মুর্শিদের দিকে ধাবিত হওয়ার উদ্দেশ্য কী, সেটিই মুখ্য।
আমি
চাই না পাঠক শুধু এক ব্যক্তির নাম ছেড়ে আরেক ব্যক্তির নাম উচ্চারণ করুন। আমি চাই,
তিনি নিজের অন্তরকে জিজ্ঞাসা করুন, আমার হেদায়েতের অনুসন্ধান সত্যি কি না। যে
ব্যক্তি আমাকে মহান আল্লাহ তা’য়ালা উনার আনুগত্য, রছুলে পাক ছ্বল্লাল্লাহু য়ালাইহি
ওয়া আলিহি ওয়া ছাল্লাম উনার মুহব্বত, নফছের সংশোধন এবং মানুষের হক্ব আদায়ের দিকে
নিয়ে যান, তাঁর ইরশাদের মর্যাদা বোঝার প্রস্তুতি আমার আছে কি না।
হাক্বিকি
মুর্শিদের যোগ্যতা উপাধির অলংকার নয়; এটি ঈল্মের আমানত, খাশিয়াতের প্রভাব,
মা’রিফাতের উপলব্ধি, নফছের রোগ বোঝার হিকমত এবং মানুষকে সত্যের পথে পরিচালনার
দায়িত্ব। এই মাপকাঠিই মুরীদের নিজের জীবনে ইরশাদের ফল যাচাই করতে সাহায্য
করে।
মুর্শিদের
পরিচয়, নববী তাজকিয়াহ এবং মা’রিফাতের ঈল্ম সম্পর্কে আলোচনার পর এখন মুর্শিদ ও
মুরীদের সম্পর্কের প্রকৃত ভিত্তি অনুসন্ধান করা প্রয়োজন। কারণ কোনো ব্যক্তির নিকট
বা’য়আত গ্রহণ করা, তাঁকে সম্মান করা কিংবা তাঁর নছীহত অনুসরণ করা এক বিষয়; আর সেই
ব্যক্তিকে মহান আল্লাহ তা’য়ালা উনার বিধানের ঊর্ধ্বে স্থান দেওয়া সম্পূর্ণ ভিন্ন
বিষয়। এই দুইয়ের পার্থক্য অক্ষুণ্ণ না রাখলে ত্বরীক্বাহর নামে এমন
কর্তৃত্ব সৃষ্টি হতে পারে, যার সঙ্গে নববী তরবিয়তের উদ্দেশ্যের কোনো সম্পর্ক নেই।
বায়আতের
প্রসঙ্গে ক্বুরআন শরীফের বক্তব্য সামনে রাখা প্রয়োজন। মহান আল্লাহ তা’য়ালা ইরশাদ
মুবারক করেনঃ (إِنَّ الَّذِينَ يُبَايِعُونَكَ إِنَّمَا يُبَايِعُونَ اللَّهَ يَدُ
اللَّهِ فَوْقَ أَيْدِيهِمْ ۚ فَمَن نَّكَثَ فَإِنَّمَا يَنكُثُ عَلَىٰ نَفْسِهِ ۖ
وَمَنْ أَوْفَىٰ بِمَا عَاهَدَ عَلَيْهُ اللَّهَ فَسَيُؤْتِيهِ أَجْرًا عَظِيمًا) অর্থাৎ, নিশ্চয়ই
যাঁরা আপনার নিকট বায়আত করেন, তাঁরা প্রকৃতপক্ষে মহান আল্লাহ তা’য়ালা উনার সঙ্গেই
অঙ্গীকার করেন। মহান আল্লাহ তা’য়ালা উনার হাত তাঁদের হাতের ঊর্ধ্বে। অতএব যে
অঙ্গীকার ভঙ্গ করে, সে নিজের ক্ষতির জন্যই তা ভঙ্গ করে। আর যে মহান আল্লাহ তা’য়ালা
উনার সঙ্গে কৃত অঙ্গীকার পূর্ণ করে, তিনি তাকে মহাপুরস্কার দান করবেন। (ছুরাহ
আল-ফাতহ, ৪৮:১০।)
এই
আয়াত শরীফে বর্ণিত বায়আত সরাসরি রছুলে পাক ছ্বল্লাল্লাহু য়ালাইহি ওয়া আলিহি ওয়া
ছাল্লাম উনার নিকট সংঘটিত বায়আত। অতএব এর অনন্য নববী মর্যাদা পরবর্তী কোনো ব্যক্তির
বায়আতের ওপর অবিকল আরোপ করা যায় না। কিন্তু অঙ্গীকারের গুরুত্ব, তার দায়বদ্ধতা এবং মহান
আল্লাহ তা’য়ালা উনার আনুগত্যকে কেন্দ্র করে প্রতিশ্রুতি রক্ষার যে শিক্ষা এখানে
রয়েছে, তা আমাদের আলোচনায় মৌলিক গুরুত্ব বহন করে।
বায়আতের
আলোচনায় মুরীদের নিজের অভিমুখ, নিয়ত ও অঙ্গীকার কী, তা পরিষ্কার হওয়া চাই।
মুরীদ
শব্দের সঙ্গে ইরাদাহ অর্থাৎ ইচ্ছা ও অভিমুখের সম্পর্ক রয়েছে। ত্বরীক্বাহর আলোচনায় মুরীদ
বলতে সেই ব্যক্তিকে বোঝানো হয়, যিনি মহান আল্লাহ তা’য়ালা উনার সন্তুষ্টির
উদ্দেশ্যে নিজের নফছের সংশোধন এবং দ্বীনের পথে অগ্রসর হওয়ার জন্য একজন যোগ্য
পথপ্রদর্শকের তরবিয়ত গ্রহণ করেন।
এখানে
মুরীদের উদ্দেশ্য মুর্শিদের ব্যক্তিগত খ্যাতি বৃদ্ধি করা নয়। তাঁর সম্পদ, সময় ও আনুগত্যকে
কোনো মানুষের অবাধ নিয়ন্ত্রণে সমর্পণ করাও নয়। বরং নিজের নিয়ত ও য়ামলকে
সংশোধনের জন্য যথার্থ নছীহত গ্রহণ করা, ভুল শনাক্ত করা এবং মহান আল্লাহ তা’য়ালা
উনার বিধানের প্রতি অধিকতর দায়িত্বশীল হওয়াই মূল উদ্দেশ্য।
সুতরাং
বায়আতকে এমন কোনো যান্ত্রিক প্রক্রিয়া মনে করা যায় না, যার মাধ্যমে কেবল হাত
রাখলেই তাজকিয়াহ সম্পন্ন হয়ে যায়। বায়আতের পরে সত্যবাদিতা, তাওবাহ, ফরজ য়ামল, হারাম থেকে
বিরত থাকা এবং নফছের বিরুদ্ধে সংগ্রাম অব্যাহত না থাকলে অঙ্গীকারের দাবি
বাস্তবায়িত হয় না। নববী বায়আতের মধ্যে যে নৈতিক দায়বদ্ধতার শিক্ষা রয়েছে, তার একটি
স্পষ্ট দৃষ্টান্ত ক্বুরআন শরীফে এসেছেন, মহান আল্লাহ তা’য়ালা ইরশাদ মুবারক করেনঃ (يَا أَيُّهَا
النَّبِيُّ إِذَا جَاءَكَ الْمُؤْمِنَاتُ يُبَايِعْنَكَ عَلَىٰ أَن لَّا
يُشْرِكْنَ بِاللَّهِ شَيْئًا وَلَا يَسْرِقْنَ وَلَا يَزْنِينَ وَلَا يَقْتُلْنَ
أَوْلَادَهُنَّ وَلَا يَأْتِينَ بِبُهْتَانٍ يَفْتَرِينَهُ بَيْنَ أَيْدِيهِنَّ
وَأَرْجُلِهِنَّ وَلَا يَعْصِينَكَ فِي مَعْرُوفٍ فَبَايِعْهُنَّ) হে নবী
ছ্বল্লাল্লাহু ইয়ালাইহি ওয়া আলিহি ওয়া ছাল্লাম! যখন ইমানদার নারীগণ আপনার নিকট এই
মর্মে বায়আত করতে আসেন যে, তাঁরা মহান আল্লাহ তা’য়ালা উনার সঙ্গে কাউকে শরিক করবেন
না, চুরি করবেন না, ব্যভিচার করবেন না, নিজেদের সন্তানদের হত্যা করবেন না, নিজেদের
পক্ষ থেকে মিথ্যা অপবাদ রচনা করবেন না এবং ন্যায়সংগত বিষয়ে আপনার অবাধ্য হবেন না,
তখন আপনি তাঁদের বায়আত গ্রহণ করুন। (ছুরাহ আল-মুমতাহিনাহ, ৬০:১২, আয়াতের প্রাসঙ্গিক অংশ)
এই
আয়াত শরীফে বায়আতের সঙ্গে আক্বীদাহ, আখলাক এবং য়ামলের সংশোধনের প্রত্যক্ষ সম্পর্ক
রয়েছে। বিশেষভাবে (وَلَا يَعْصِينَكَ فِي مَعْرُوفٍ) ইবারতটি লক্ষণীয়। নববী বায়আতের বর্ণনাতেই
মা’রূফের সীমারেখা উল্লেখিত হয়েছে। কাজেই কোনো মাধ্যমিক মুর্শিদের আনুগত্যকে সীমাহীন
ব্যক্তিগত কর্তৃত্বে রূপান্তর করার সুযোগ নেই। অঙ্গীকারের মর্যাদা রক্ষা
করতে গিয়ে আনুগত্যকে অন্ধ অনুসরণে পরিণত করা যাবে না। এই সীমারেখা সম্পর্কে রছুলে
পাক ছ্বল্লাল্লাহু য়ালাইহি ওয়া আলিহি ওয়া ছাল্লাম ইরশাদ মুবারক করেনঃ (إِنَّمَا
الطَّاعَةُ فِي الْمَعْرُوفِ) অর্থাৎ, আনুগত্য কেবল মা’রূফ তথা ন্যায়সংগত বিষয়ের মধ্যেই। (ছ্বহীহ
আল-বুখারী, হাদীছ ৭১৪৫, ছ্বহীহ মুছলিম, হাদীছ ১৮৪০)
মুর্শিদের
প্রতি আদবকে অস্বীকার করার সুযোগ নাই কিন্তু প্রকৃত আদবের ভিত্তিই হলো সত্যের
প্রতি দায়িত্বশীলতা। মুর্শিদের নছীহত গ্রহণের সময় অহংকার পরিত্যাগ করা
প্রয়োজন, কিন্তু উনার কোনো বক্তব্য সম্পর্কে দলিল জানতে চাওয়া কিংবা শরীয়তবিরোধী
নির্দেশ প্রত্যাখ্যান করা নিজে নিজে বেয়াদবি নয়।
একইভাবে
মুর্শিদও মুরীদের দুর্বলতাকে ব্যক্তিগত শাসনক্ষমতার সুযোগ হিসেবে গ্রহণ করতে পারেন
না। তরবিয়ত হবে সংশোধনের জন্য, অপমানের জন্য নয়। নছীহত হবে
কল্যাণের জন্য, ব্যক্তিগত প্রতিশোধের জন্য নয়। গোপনীয়তার আমানত রক্ষা করা
এবং মুরীদের মর্যাদার প্রতি দায়িত্বশীল থাকাও এই সম্পর্কের গুরুত্বপূর্ণ অংশ।
ইতিপূর্বে
ছুরাহ আল-বাক্বারার ২:১৫১ আয়াত শরীফকে ভিত্তি করে নববী তাজকিয়াহ, কিতাবের ঈল্ম,
হিকমত এবং পূর্বে অজানা বিষয়ের তা’য়লীম আলোচনা করেছি। সেই আলোচনার ধারাবাহিকতায়
মুর্শিদ ও মুরীদের সম্পর্কের উদ্দেশ্যও সুস্পষ্ট হয়।
মুর্শিদ
মুরীদকে এমনভাবে শিক্ষা দেবেন, যাতে কেবল মুখস্থ জ্ঞান বৃদ্ধি না পায়; বরং ক্বলবের
মধ্যে খাশিয়াত, ইখলাছ, মুহব্বত এবং মহান আল্লাহ তা’য়ালা উনার আনুগত্যের প্রভাব
বৃদ্ধি পায়। মা’রিফাতের দাবি য়ামলের বিকল্প নয়। বরং বান্দা যত গভীরভাবে নিজের
রবের পরিচয় অনুধাবন করবেন, তাঁর দায়িত্ববোধও তত গভীর হওয়ার কথা।
এই
তরবিয়ত কোনো গোপন স্বাধীন শরীয়ত প্রতিষ্ঠার পন্থা নয়। আবার প্রত্যেক ব্যক্তিগত
রূহানি অনুভূতিকে অপরিহার্য ধর্মীয় সত্য ঘোষণা করার সুযোগও নয়। ক্বুরআন ও
ছুন্নাহর আলোকে অন্তরের সংশোধন এবং ঈল্মের যথার্থ প্রয়োগই এখানে বিচার্য।
বায়আত
গ্রহণের মাধ্যমে কোনো মুর্শিদ হেদায়েতে হাক্বিকির স্বাধীন ইখতিয়ারের অংশীদার হন না। মহান
আল্লাহ তা’য়ালা উনার ইচ্ছার অধীনেই ইরশাদ, নছীহত ও তরবিয়তের মাধ্যমগুলো মানুষের
সংশোধনের সহায়ক হয়।
কিন্তু
এর অর্থ এই নয় যে, ইরশাদ, শিক্ষা, নছীহত এবং তরবিয়তের মাধ্যমগুলো অর্থহীন। বরং মহান
আল্লাহ তা’য়ালা উনার ইচ্ছার অধীনেই এসব মাধ্যম মানুষের সংশোধনের পথে কার্যকর হতে
পারে। মুর্শিদের দায়িত্ব সেই মাধ্যমের আমানত যথার্থভাবে পালন করা,
হেদায়েতের মালিকানা দাবি করা নয়।
বায়আতের
শরয়ি অবস্থান সম্পর্কে আরও একটি বিষয় স্পষ্ট রাখা প্রয়োজন। নববী বায়আতের ক্বুরআনিক
প্রমাণ থেকে প্রত্যেক মুসলমানের জন্য পরবর্তী যুগের কোনো নির্দিষ্ট ত্বরীক্বাহর
মুর্শিদের হাতে আনুষ্ঠানিক বায়আত করা সর্বাবস্থায় ফরজ, এমন সিদ্ধান্ত সরাসরি
প্রতিষ্ঠিত হয় না। এ বিষয়ে ইমামগণের ব্যাখ্যা ও প্রয়োগের পার্থক্য রয়েছে। তবে
তাওবাহ, তাজকিয়াহ, ফরজ য়ামল এবং সত্যের অনুসরণের দায়িত্ব বায়আত থাকুক বা না থাকুক
প্রত্যেক বান্দার জন্য প্রাসঙ্গিক।
মুর্শিদ
ও মুরীদের সম্পর্কের হাক্বিকত তাই ব্যক্তিপূজা নয়, দায়িত্বশীল ইরশাদ ও সংশোধনের
অঙ্গীকার। এই সম্পর্কের সার্থকতা মুর্শিদের নাম প্রচারে নয়, মুরীদের ইমান,
য়ামল, আখলাক এবং মহান আল্লাহ তা’য়ালা উনার আনুগত্যে বাস্তব উন্নতির মধ্যে প্রকাশিত
হবে।
বায়আতের
এই সীমারেখা প্রতিষ্ঠার পর ত্বরীক্বার নামে অনিয়ম ও কর্তৃত্বের অপব্যবহার থেকে
হাক্বিকি ইরশাদকে পৃথক করে দেখা প্রয়োজন।
কেউ
নিজেকে মুর্শিদ বললেই যেমন তিনি হাক্বিকি মুর্শিদ হয়ে যান না। আবার কোনো ব্যক্তির বিরুদ্ধে
কোন গোষ্টির অভিযোগ উঠলেই প্রমাণ ছাড়া উনাকে মুর্শিদ নন ঘোষণা করাও ন্যায়সংগত নয়। এখানে
আবেগ নয়, দলিল, প্রকাশ্য য়ামল, নির্ভরযোগ্য সাক্ষ্য এবং শরীয়তের সুস্পষ্ট উছুলের
আলোকে বিচার প্রয়োজন।
অতএব
প্রকৃত পথপ্রদর্শকের পরিচয় শুধু কথার সৌন্দর্যে নয়। তাঁর শিক্ষা মানুষকে মহান
আল্লাহ তা’য়ালা উনার আনুগত্য, রছুলে পাক ছ্বল্লাল্লাহু য়ালাইহি ওয়া আলিহি ওয়া
ছাল্লাম উনার অনুসরণ, নফছের তাজকিয়াহ এবং ঈল্মের যথার্থ উপলব্ধির দিকে নিয়ে যায় কি
না, সেটিই মূল বিবেচ্য।
আধ্যাত্মিক
দাবির ক্ষেত্রে যা যাচাইযোগ্য নয়, তা নিশ্চিত তথ্যের মর্যাদা দিয়ে প্রচার করাও
উচিত নয়। কেউ কারামত, কাশফ, ইলহাম কিংবা বিশেষ রূহানি অবস্থার দাবি করতে পারেন। কিন্তু
এসব দাবির সত্যতা যাচাই ব্যতীত গ্রহণ করা যেমন অনুচিত, তেমনি কোনো অস্বাভাবিক
ঘটনার বর্ণনাকে শরীয়তের বিধান পরিবর্তনের অধিকার হিসেবে গ্রহণ করাও অনুচিত, কেননাঃ
(وَلَا
تَقْفُ مَا لَيْسَ لَكَ بِهِ عِلْمٌ ۚ إِنَّ السَّمْعَ وَالْبَصَرَ وَالْفُؤَادَ
كُلُّ أُولَٰئِكَ كَانَ عَنْهُ مَسْئُولًا) অর্থাৎ যে বিষয়ে তোমার জ্ঞান নেই, তার
অনুসরণ করো না। নিশ্চয়ই কান, চোখ ও অন্তর, এদের প্রত্যেকটি সম্পর্কে
জিজ্ঞাসাবাদ করা হবে। (ছুরাহ আল-ইছরা ১৭:৩৬)
এই
আয়াত শরীফ আমাদের শিক্ষা দেয়, প্রমাণ ছাড়া দাবি গ্রহণ কিংবা প্রচার করা থেকে বিরত
থাকতে হবে। কোনো মুর্শিদের বিষয়ে ভালো ধারণা রাখা এবং তাঁর প্রতিটি অলৌকিক
দাবি যাচাই ছাড়াই সত্য বলে ঘোষণা করা এক বিষয় নয়। বায়আতের মাধ্যমে একজন মুরীদ
সংশোধনের অঙ্গীকার করতে পারেন, কিন্তু তা তাঁর শরীয়তসম্মত অধিকার কিংবা মহান
আল্লাহ তা’য়ালা উনার প্রতি ব্যক্তিগত জবাবদিহি বিলুপ্ত করে না। পূর্বে
বর্ণিত নববী উছুল হলোঃ আনুগত্য কেবল মা’রূফের মধ্যে (ছহীহ বুখারী, ৭১৪৫; ছহীহ
মুছলিম, ১৮৪০)।
সুতরাং
দ্বীনের নামে অপমান, ভয় দেখানো, আর্থিক শোষণ, ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘন কিংবা
শরীয়তবিরোধী কাজ চাপিয়ে দেওয়া কোনো অবস্থাতেই তরবিয়তের অপরিহার্য অঙ্গ হতে পারে না। কারও
প্রতি আদব প্রদর্শন মানে তাঁর অন্যায়কে বৈধতা দেওয়া নয়।
মুরীদ-মুর্শিদ
সম্পর্কের সঙ্গে অর্থসম্পদ, হাদিয়া ও দ্বীনি খিদমতের বিষয় যুক্ত হলে আমানতদারির
পরীক্ষাও সামনে আসে।
কোনো
দ্বীনি প্রতিষ্ঠানের প্রয়োজন পূরণে স্বেচ্ছায় সহায়তা করা এবং মুরীদের উপর চাপ
সৃষ্টি করে অর্থ আদায় করা এক বিষয় নয়। উপহার গ্রহণের প্রতিটি ঘটনাকে শোষণ বলা যায় না; আবার
উপহারের নাম ব্যবহার করে বাধ্যতামূলক অর্থ আদায় করাও গ্রহণযোগ্য নয়। এখানে
স্বচ্ছতা, স্বেচ্ছাসম্মতি এবং আমানতদারিতা অপরিহার্য।
কোনো
ব্যক্তি সম্পদশালী হলেই তিনি অযোগ্য নন, আর দরিদ্র হলেই তিনি হাক্বিকি মুর্শিদ হয়ে
যান না। বিচার করতে হবে তাঁর অর্থসম্পদের ব্যবহার, দাবির সত্যতা এবং
মানুষের অধিকার রক্ষার বাস্তব অবস্থান।
প্রকৃত
তরবিয়ত মানুষের নফছের অহংকার ভাঙতে সহায়তা করে, কিন্তু তাঁর আত্মমর্যাদা বিনষ্ট
করার অনুমতি দেয় না। মুর্শিদের প্রতি মুহব্বত মানুষকে মহান আল্লাহ তা’য়ালা
উনার দিকে অধিক মনোযোগী করবে। যদি কোনো সম্পর্কের ফলে মানুষ দ্বীনের দলিলের পরিবর্তে
একজন ব্যক্তির ইচ্ছাকেই চূড়ান্ত বিধান মনে করতে শুরু করে, তাহলে সেই অবস্থার
পুনর্বিবেচনা প্রয়োজন।
এখানে
একটি সূক্ষ্ম পার্থক্য মনে রাখতে হবে। মুর্শিদের প্রতি আস্থা, আদব এবং সংশোধনমূলক নির্দেশ
গ্রহণের প্রস্তুতি একটি বিষয়। অন্যদিকে মুর্শিদকে ভুলের ঊর্ধ্বে মনে করা কিংবা তাঁর
ব্যক্তিগত দাবিকে ওহির সমমর্যাদা দেওয়া সম্পূর্ণ ভিন্ন বিষয়। সন্দেহ ও অভিযোগের ক্ষেত্রেও
ন্যায়সংগত যাচাই প্রয়োজন। অমূলক ধারণাকে প্রমাণের স্থানে বসানো যায় না, কেননা মহান
আল্লাহ তায়ালাই বলছেনঃ (يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا اجْتَنِبُوا كَثِيرًا مِّنَ الظَّنِّ إِنَّ
بَعْضَ الظَّنِّ إِثْمٌ) হে ঈমানদারগণ! তোমরা (মানুষ সম্পর্কে) অধিক পরিমাণে মন্দ ধারণা
করা থেকে বেঁচে থাকো। (কেননা) নিশ্চয়ই কোনো কোনো ধারণা (কবিরা) গুনাহ (এর অন্তর্ভুক্ত)। (ছুরাহ
আল-হুজুরাত, ৪৯:১২।
মিথ্যা
দাবিদার থেকে মানুষকে সতর্ক করা প্রয়োজন হতে পারে। কিন্তু সতর্ক করার নামে
অপবাদ, বিকৃত উদ্ধৃতি কিংবা প্রমাণহীন অভিযোগ প্রচার করা গ্রহণযোগ্য নয়। অভিযোগের
প্রকৃতি, প্রমাণের মান এবং সংশ্লিষ্ট ব্যক্তির বক্তব্য বিবেচনা করা ন্যায়বিচারের
অংশ। মনে রাখতে হবে মানুষকে মেনিপুলেট করা গেলেও আখিরাতে মহান
আল্লাহ তায়ালা উনাকে করা যাবেনা।
অন্যদিকে
ক্ষতির নির্ভরযোগ্য লক্ষণ পাওয়া গেলে শুধু সামাজিক সম্মান রক্ষার অজুহাতে
ক্ষতিগ্রস্ত ব্যক্তিকে নীরব থাকতে বাধ্য করাও সঠিক নয়। শরীয়তসম্মত উপায়ে সংশোধন,
প্রয়োজনীয় সুরক্ষা এবং ন্যায়সংগত প্রতিকার অনুসন্ধান করতে হবে।
মা’রিফাতের
ঈল্মের আলোচনা মুখের পরিভাষায় সীমাবদ্ধ থাকলে তার উদ্দেশ্য অপূর্ণ থেকে যায়। বান্দার
অন্তরে খাশিয়াত, ইখলাছ, বিনয়, সত্যনিষ্ঠা ও আনুগত্য বৃদ্ধি না পেলে তাঁর আধ্যাত্মিক
দাবির বাস্তব ফল সম্পর্কে প্রশ্ন থেকে যায়। তবে কারও অন্তরের চূড়ান্ত অবস্থা সম্পর্কে ফয়সালা করার
অধিকার আমাদের নেই।
একজন
হাক্বিকি মুর্শিদ নিজের পরিচয়কে মানুষের উপর কর্তৃত্বের হাতিয়ার না বানিয়ে নববী
ইরশাদের আমানত হিসেবে বিবেচনা করবেন। তাঁর দায়িত্ব মানুষকে নিজের ব্যক্তিত্বে আবদ্ধ করা নয়;
বরং মহান আল্লাহ তা’য়ালা উনার হেদায়েতের দিকে পরিচালিত করা।
অতএব
ত্বরীক্বার নামে প্রচলিত অনিয়মের সমালোচনা করা মানে হাক্বিকি ইরশাদ অস্বীকার করা
নয়। বরং মিথ্যা দাবি থেকে প্রকৃত দায়িত্বকে পৃথক করা এবং নববী
তরবিয়তের মর্যাদা রক্ষা করাই এই অনুসন্ধানের উদ্দেশ্য। এই সীমারেখার পর ছ্বহবতে
মুর্শিদের প্রভাব, ক্বলবের হাল এবং রূহানি তরবিয়তের বাস্তব দিক বিবেচনা করা যাক।
একজন
মুরীদ মুর্শিদের ছ্বহবতে বসে কাঁদলেন। অন্তরে মহান আল্লাহ তা’য়ালা উনার স্মরণ জাগল। মনে হলো,
আজ থেকে আর গুনাহের দিকে ফিরবেন না। কিন্তু বাড়ি ফিরে সংসারের কাজে ব্যস্ত হতে না হতেই সেই
অনুভূতির তীব্রতা কমে গেল। এখন তিনি ভাবছেন, আমার কি সব শেষ হয়ে গেল? আমি কি
মুনাফিক্ব হয়ে গেলাম?
ছ্বহবত
অর্থ সঙ্গ বা সান্নিধ্য। কিন্তু আমি ছ্বহবতে মুর্শিদ বলতে শুধু কাছে বসে থাকা,
কথা শোনা কিংবা কিছুক্ষণ আবেগে আপ্লুত হওয়াকে বোঝাচ্ছি না। হাক্বিকি ছ্বহবতের উদ্দেশ্য
হলো মুরীদের ক্বলব (অন্তর) মহান আল্লাহ তা’য়ালা উনার স্মরণে জাগ্রত হওয়া, নফছের
(কুপ্রবৃত্তির) প্রবঞ্চনা চেনা এবং সেই উপলব্ধি দৈনন্দিন জীবনে কাজে লাগানো।
যেমন
কেউ নদীর পাড়ে গিয়ে ঠান্ডা বাতাস পেলেন। ফিরে আসার পর বাতাস সঙ্গে আনতে পারবেন না। কিন্তু
সেখানে তিনি যদি সাঁতার শিখে আসেন, সেই শিক্ষা তাঁর সঙ্গে থাকবে। এই
উদাহরণে ছ্বহবতের বাহ্যিক অনুভূতি আর ছ্বহবত থেকে অর্জিত স্থায়ী তরবিয়তের পার্থক্য
বোঝানো হচ্ছে।
ছ্বহবতের
প্রভাবে ক্বলবের হাল কীভাবে বদলায়, তা বোঝাতে হযরত হানযালা রদ্বিআল্লাহু য়ানহু
উনার হাদীছ শরীফ গুরুত্বপূর্ণ। হযরত হানযালা আল-উছাইদী
রদ্বিআল্লাহু য়ানহু নবীজি উনার ছ্বহবতে জান্নাত ও জাহান্নামের কথা শুনে এমন গভীর
অনুভূতি লাভ করতেন, যেন বিষয়গুলো চোখের সামনে উপস্থিত। কিন্তু স্ত্রী-সন্তান ও সংসারের
কাজে ফিরলে সেই হাল (অন্তরের বিশেষ অবস্থা) আগের মতো থাকত না। তিনি এতে নিজের মুনাফিক্বী
হওয়ার আশঙ্কা প্রকাশ করেন। হযরত আবূ বকর ছিদ্দীক রদ্বিআল্লাহু য়ানহু উনিও অনুরূপ
অবস্থার কথা বলেন। অতঃপর তাঁরা নবীজি উনার কাছে বিষয়টি পেশ করেন।
রছুলে
পাক ছ্বল্লাল্লাহু য়ালাইহি ওয়া আলিহি ওয়া ছাল্লাম তাঁদের বুঝিয়ে দেন, মানুষের
ক্বলবের হাল সব সময় এক মাক্বামে স্থির থাকে না। হাদীছ শরীফের প্রসিদ্ধ বাক্যঃ
(وَلَكِنْ
يَا حَنْظَلَةُ سَاعَةً وَسَاعَةً) তবে হে হানযালাহ! সব সময় মানুষের অবস্থা একরকম থাকে না। (কিছু সময়
মহান আল্লাহ তায়ালা উনার যিকির ও আখিরাতের চিন্তায় গভীরভাবে নিমগ্ন থাকার সময়, আবার
কখনো পরিবার-পরিজন ও দুনিয়ার বৈধ প্রয়োজনসমূহে ব্যস্ত থাকার সময়।) (ছ্বহীহ
মুছলিম ২৭৫০)।
এখানে
নববী ছ্বহবতের অতুলনীয় প্রভাবের কথা রয়েছে। পাশাপাশি এটিও বোঝা যায়, সংসারের বৈধ দায়িত্ব পালনের সময়
রূহানি অনুভূতির তীব্রতা কমে যাওয়াকে ছ্বহাবিরা মুনাফিক্বী হিসেবে মনে করতেন, উক্ত
হাদিছ কে সম্মুখে রেখে আমাদের হাল চিন্তা করা উচিৎ। এই হাদীছ শরীফটি সরাসরি নববী
ছ্বহবত সম্পর্কে; সাধারণ মুর্শিদের ছ্বহবতের সঙ্গে তার মর্যাদা এক করা আমার
উদ্দেশ্য নয়। তবে মানুষের হালের পরিবর্তন বোঝার ক্ষেত্রে এখান থেকে শিক্ষা
গ্রহণ করার দলিল এটা। আর এই অভিজ্ঞতার সঙ্গে নাছুতের প্রভাব থেকে ক্বলবের
মুক্তির প্রশ্নও সম্পর্কিত।
আমার
পূর্বপ্রকাশিত অনেক আলোচনায় মুর্শিদের ছ্বহবতে ক্বলব থেকে নাছুতের প্রভাব দূর
হওয়ার কথা এসেছে। নাছুত বলতে এখানে মানুষের শরীর কিংবা মানবীয় অস্তিত্ব
বিলুপ্ত হওয়া বোঝাচ্ছি না। বোঝাচ্ছি নফছের এমন প্রাধান্য, যেখানে মানুষ নিজের
স্বার্থ, অহংকার এবং পার্থিব আসক্তিকে সবকিছুর উপরে স্থান দেয়।
একজন
মানুষ আগে সামান্য অপমান শুনলেই প্রতিশোধের চিন্তা করতেন। মুর্শিদের নছীহত ও নিজের
মুজাহাদার (নফছের বিরুদ্ধে সাধনা) ফলে তিনি এখন রাগ থামিয়ে নিজের ভুল খোঁজার
চেষ্টা করেন। তাঁর মানবীয় অনুভূতি হারিয়ে যায়নি। বরং সেই অনুভূতির উপর নফছের
কর্তৃত্ব কিছুটা দুর্বল হয়েছে মুর্শিদের ছ্বহবতে। এই পরিবর্তনকে আমি নাছুতের
প্রভাব কমার একটি সহজ উদাহরণ হিসেবে তুলে ধরছি।
হযরত
হানযালা রদ্বিআল্লাহু য়ানহু উনার হাদীছ শরীফের মূল ইবারতে নাছুত শব্দের এই
ব্যাখ্যা নেই। এটি আমার ইশারী ও তাছ্বাউফি বিশ্লেষণ। হাদীছের সরাসরি বক্তব্য আর এই
ব্যাখ্যাকে এক করে দেখা যাবে না। গ্বইরুল্লাহর মুহব্বত থেকে
মুক্ত হওয়ার অর্থ কী, সেটিও সঠিকভাবে বুঝতে হবে। গ্বইরুল্লাহ অর্থ মহান আল্লাহ
তা’য়ালা ছাড়া অন্য সবকিছু। কিন্তু পিতা-মাতা, স্বামী-স্ত্রী, সন্তান কিংবা মানুষের
প্রতি শরীয়তসম্মত মুহব্বত রাখা নিজে অন্যায় নয়। এখানে আমার বক্তব্য সেই
মুহব্বতের বিরুদ্ধে নয়। আমার বক্তব্য হলো, এমন আসক্তি থেকে ক্বলবকে মুক্ত করা,
যা মহান আল্লাহ তা’য়ালা উনার হুকুমের প্রতিদ্বন্দ্বী হয়ে দাঁড়ায়।
যেমন
কেউ সন্তানকে অত্যন্ত ভালোবাসেন। সেই ভালোবাসার কারণে তিনি সন্তানের হক্ব আদায় করেন,
শিক্ষা দেন, যত্ন করেন। এটি কল্যাণের বিষয়। কিন্তু সন্তানের জন্য অন্যের
সম্পদ আত্মসাৎ করতে শুরু করলে সেই ভালোবাসা অন্যায়ের কারণ হয়ে দাঁড়ায়। তখন
ভালোবাসা ধ্বংস করা নয়, তার সীমা ও দিক সংশোধন করা প্রয়োজন।
সুতরাং
গ্বইরুল্লাহর মুহব্বত শূন্য হওয়ার অর্থ সব সম্পর্ক ছিন্ন করা নয়। অর্থ হলো,
মহান আল্লাহ তা’য়ালা উনার আনুগত্যের বিরুদ্ধে কোনো সম্পর্ক বা আসক্তিকে চূড়ান্ত
কর্তৃত্ব না দেওয়া। মুর্শিদের ছ্বহবত এই পার্থক্য অন্তরে বুঝতে সাহায্য করতে
পারে।
কেউ
নিয়মিত জিকির করেন, কিন্তু নিজের অহংকার টের পান না। আবার ছ্বহবতে কোনো একটি নছীহত
শুনে হঠাৎ বুঝতে পারেন, এতদিন মানুষের প্রশংসা পাওয়ার জন্যই তিনি অনেক কাজ করেছেন। এই
উপলব্ধি তাঁর পরবর্তী য়া’মলের নিয়ত বদলে দিতে পারে।
এ
কারণেই আমি ছ্বহবতের বিশেষ ফায়দার কথা বলি। ছ্বহবত এমন শিক্ষা দিতে পারে, যা পরবর্তী ঈবাদতকে অধিক
ইখলাছ (খাঁটি নিয়ত) ও হুযূরের (মনোযোগ ও অন্তরের উপস্থিতি) সঙ্গে সম্পাদনে সাহায্য
করে। কিন্তু এ থেকে সব অবস্থায় ছ্বহবতকে প্রত্যেক ফরজ ওয়াজিব য়া’মলের
চেয়ে অধিক ছাওয়াবের বলে ফয়সালা করা যায় না। ফরজ দায়িত্ব ছেড়ে মুর্শিদের কাছে বসে থাকাই উত্তম, এমন
কথাও আমি বলছি না, পক্ষেও না।
ছ্বহবতের
পরীক্ষা শুধু মুর্শিদের সামনে বসে থাকার সময় হয় না। প্রকৃত পরীক্ষা শুরু হয় মানুষ
যখন ঘরে ফেরেন, কাজে যান, একা থাকেন, রাগের মুখে পড়েন কিংবা গুনাহের সুযোগ সামনে
আসে। তখন ক্বলব মহান আল্লাহ তা’য়ালা উনাকে স্মরণ করে কি না, সেটিই বড়
প্রশ্ন। ক্বলবের প্রশান্তির মূল উৎস সম্পর্কে মহান আল্লাহ তা’য়ালা ইরশাদ মুবারক
করেনঃ (أَلَا بِذِكْرِ اللَّهِ تَطْمَئِنُّ الْقُلُوبُ) অর্থাৎ, জেনে রেখো, মহান আল্লাহ তা’য়ালা
উনার জিকিরের মাধ্যমেই ক্বলবসমূহ প্রশান্তি লাভ করে। (ছুরাহ আর-রা’দ ১৩:২৮)
একজন
মুরীদ মুর্শিদের কাছে থাকতে না পারলেও যদি কাজের মধ্যে সত্যবাদী থাকেন, একাকী
গুনাহের প্রলোভন এলে মহান আল্লাহ তা’য়ালা উনাকে স্মরণ করেন, মানুষের হক্ব আদায়
করেন এবং ভুল হলে তাওবাহ করেন, তাহলে তাঁর তরবিয়ত জীবনের ভেতর কাজ করছে বলে আশা
করা যায়। দূরত্ব তখন ইরশাদের শিক্ষাকে মুছে দিতে পারে না।
ছ্বহবতের
বিশেষ হাল সম্পর্কে আলোচনা করতে গিয়ে ফিরিশতাগণের মুছাফাহার হাদীছটিকেও তার
প্রাসঙ্গিক সীমায় বুঝতে হবে।
হযরত
হানযালা রদ্বিআল্লাহু য়ানহু উনার হাদীছে আরও এসেছে, ছ্বাহাবীগণ যদি নবীজি উনার
কাছে থাকার সময়কার সেই অবস্থায় এবং জিকিরে অবিচল থাকতে পারতেন, ফিরিশতাগণ তাঁদের
সঙ্গে মুছাফাহা করতেন। এই বর্ণনা নববী ছ্বহবত ও জিকিরের উচ্চ মর্যাদা প্রকাশ
করে যে, মুরীদ যখন ক্বলবি জিকিরে সিক্ত হয় অন্তরের আল্লাহভিতী বিদ্যমান থাকে, তখন
ফিরিশতাগণ অদৃশ্যভাবে এসে তাঁর সঙ্গে মুছাফাহা করেন। এইখানে আমাদের জন্য শিক্ষা
হলো, মহান আল্লাহ তা’য়ালা উনার জিকিরে অন্তরকে জাগ্রত করা এবং ছ্বহবতে মুর্শিদে
ইস্তিক্বামত থাকে যখন মুর্শিদ অনুপস্থিত থাকেন তখনও।
অন্যদিকে
একজন মুর্শিদেরও তার মুরীদের ভিন্ন ভিন্ন হালের প্রতি বিশেষ মনোযোগ দেওয়া অত্যন্ত
গুরুত্বপূর্ন, মুরিদ কেবল ছ্বহবতে বসলেই হবেনা, কার অন্তরে কোন বাধা আছে, তা শুনে
বুঝে হিকমতের সঙ্গে সংশোধনের পথ দেখানোও মুর্শিদের দায়িত্ব। আমি চাই, একজন মুরীদ
মুর্শিদের ছ্বহবত থেকে উঠে শুধু এই কথা না বলুক যে, আজ কত ভালো লেগেছে। তিনি যেনো
আরও বলতে পারেন, আজ আমি নিজের একটি দোষ চিনেছি, একটি ভুল সংশোধনের সংকল্প করেছি,
একটি মানুষের হক্ব ফিরিয়ে দেওয়ার কথা মনে পড়েছে এবং মহান আল্লাহ তা’য়ালা উনার জিকিরে
স্থির হওয়ার নতুন চেষ্টা শুরু করেছি।
ছ্বহবতের
হাক্বিকত মানুষের বৈধ জীবন থেকে বিচ্ছিন্ন হওয়া নয়। বরং সেই জীবনের মধ্যেই
ক্বলবকে মহান আল্লাহ তা’য়ালা উনার দিকে ফিরিয়ে রাখা। মুর্শিদের সান্নিধ্য যদি
মুরীদকে এই পথে অগ্রসর করে, তাহলে তাঁর ইরশাদের ফায়দা কেবল সাক্ষাতের সময়টুকুতে
সীমাবদ্ধ থাকে না।
ছ্বহবতের
বাস্তব ফলের সঙ্গে নূরে মুহাম্মদী, নূরে ছিফাতে রশীদ এবং মুর্শিদের রূহানি নিছবতের
সম্পর্কও বিবেচনা করা প্রয়োজন। একজন মানুষ মুর্শিদের এসব নিছবতের কথা শুনে মুগ্ধ হতে
পারেন; কিন্তু এই নিছবতের হাক্বিকি প্রভাব মুরীদের য়ামল ও আচরণে কীভাবে প্রকাশ
পায়, সেই প্রশ্নের জবাবও প্রয়োজন।
মুর্শিদের
পরিচয় কেবল তাঁর ব্যক্তিগত মর্যাদার আলোচনা নয়। তাঁর ইরশাদ (সঠিক পথের দিকে
পরিচালনা) কোথা থেকে দিকনির্দেশনা নেয়, কিসের দিকে মুরীদকে নিয়ে যায় এবং মুরীদের
ক্বলবে কী সংশোধন ঘটায়, এই তিনটি প্রশ্নও এর সঙ্গে জড়িত।
মুর্শিদ
শব্দের মীমকে মুহাম্মদী ইরশাদের নিছবতের স্মারক হিসেবে আগে ব্যাখ্যা করেছি। এর
ব্যবহারিক তাৎপর্য হলো, মুর্শিদের ইরশাদ রছুলে পাক ছ্বল্লাল্লাহু য়ালাইহি ওয়া
আলিহি ওয়া ছাল্লাম উনার শিক্ষার অধীন থাকবে, কেননা
রছুলে পাক
ছ্বল্লাল্লাহু য়ালাইহি ওয়া আলিহি ওয়া ছাল্লাম উনার মাধ্যমেই মহান আল্লাহ তা’য়ালা নিজের
ইচ্ছানুযায়ী উনার বান্দাগণকে সঠিক পথে পরিচালিত করেছেন। তাই মুহাম্মদী নিছবতের
আলোচনায় আমি নববী ওহী ও পথপ্রদর্শনের সঙ্গে সম্পর্কটিকে বিশেষ গুরুত্ব দিই।
একজন
মুরীদ যদি বলেন, আমার মুর্শিদ মুহাম্মদী নিছবতের অধিকারী, তাহলে আমি তাঁর কাছে
জানতে চাইব, এই নিছবতের ফল কী? মুরীদ কি ছুন্নাহর অনুসরণে আগ্রহী হচ্ছেন? তাঁর
অন্তরে রছুলে পাক উনার মুহব্বত কি আনুগত্যে প্রকাশ পাচ্ছে? কেবল উচ্চারণে নিছবত
প্রতিষ্ঠিত হয় না; পথের সঙ্গে বাস্তব সম্পর্কও দেখতে হয়।
পূর্বোক্ত
(ছূরাহ আল-বাক্বারাহ ২:২৫৬)-এ রুশদের বিপরীতে গ্বইয়্য (ভ্রান্তি) এসেছে। মুর্শিদের
কাজ মুরীদকে এমনভাবে গড়ে তোলা, যাতে তিনি নিজের দল বা পছন্দের পরিবর্তে সত্যকে
সত্য এবং ভুলকে ভুল বলে চিনতে শেখেন।
আর-রশীদ
মহান আল্লাহ তা’য়ালা উনার সেই ছিফাতি নাম হিসেবে আছমাউল হুছনার অন্তর্ভুক্ত যার
দ্বারা বান্দা সঠিক পথ লাভ করে। মুর্শিদের ইরশাদ রশীদী ছিফাতের নূরের সাথে কিভাবে
কানেক্টেড আসুন সেটা বুঝি, ধরা যাক একজন মাদ্রাসার শিক্ষক তিনি ক্বুরআন হাদিছ
শিক্ষা দেন, কিন্তু দেখা গেলো তিনি জ্ঞান থাকা স্বত্বেও জিনা, ব্যবিচার, হারাম,
অন্যের হক্ব মারার বিষয়ে ডেস্পারেট, অন্যদিকে একজন সাধারন মানুষ যে এইসব কাজ গুনাহ
জানতনা, কিন্তু কোন মুর্শিদে কামিলের ছ্বহবতে এসে এইসব থেকে নিজেকে শতভাগ পাক
পবিত্র করে ফেলেছে, অথচ এগুলোর শরিয়তি হুকুম আহকামের পুর্ন ব্যখ্যা ঐ য়ালীমের মতো
জানেনা, কেবল মুর্শিদি ফায়েজ আর রশিদি নূরের প্রভাবে। তবে সকল মুরিদ যে একসাথে পাক
পবিত্র হয়ে যাবে এমন ও না। মুরীদগণের হাল ভিন্ন হওয়ায় তাঁদের ফায়েজ, ক্বুরব ও
ছাকিনাহর প্রয়োজনও একই ছাঁচে ফেলা যায় না। মুর্শিদের ফায়েজ (রূহানি
উপকার ও প্রভাব) বলতে তাঁর ছ্বহবত, নছীহত, জিকিরের শিক্ষা ও তরবিয়তের মাধ্যমে
মুরীদের মধ্যে যে ঈমানী জাগরণ, অনুতাপ কিংবা সংশোধনের আগ্রহ সৃষ্টি হতে পারে, সেই
অর্থ আলোচনা করছি। তবে ফায়েজের স্বাধীন দাতা মুর্শিদ নন। চূড়ান্ত তাওফিক মহান আল্লাহ
তা’য়ালা উনার।
ক্বুরব
(নৈকট্য) ও ছাকিনাহ (অন্তরের প্রশান্তি) সকল মুরীদের জীবনে একই অভিজ্ঞতায় প্রকাশ
পায় না। একজন ইয়াতীমের অন্তরে দীর্ঘদিনের নিরাপত্তাহীনতা থাকতে পারে। একজন
সন্তানহারা মানুষের ক্বলবে শোকের ভার থাকতে পারে। একজন যুবক নিজের গুনাহের
কারণে হতাশ হতে পারেন। তাঁদের সবার জন্য একই কথা, একই সুরে, একই সময়ে বলা
হিকমতের পূর্ণতা নয়।
মুর্শিদ
যদি একজন শোকাহত মানুষের কথা ধৈর্য ধরে শোনেন, তাঁর অন্তরে মহান আল্লাহ তা’য়ালা
উনার রহমতের আশা জাগান এবং প্রয়োজনমতো বাস্তব সহায়তার পথ দেখান, তাহলে সেটিও
ইরশাদের গুরুত্বপূর্ণ প্রকাশ। আবার অহংকারে আক্রান্ত মুরীদকে নিজের দোষ চেনাতে দৃঢ়
নছীহত প্রয়োজন হতে পারে। এখানে মুর্শিদের পরিচয় কোনো পার্থিব সম্পর্কের অনুকরণ
নয়; তাঁর দায়িত্ব মুরীদের পৃথক হাল বুঝে হেদায়েতমুখী তরবিয়ত করা। এই
তত্ত্বের বিস্তৃত আলোচনা স্বতন্ত্র অধ্যায়ে হবে। ফলে মুর্শিদের রূহানি নিছবতের
মূল্যায়ন শুধু কথার দাবিতে নয়; মুরীদের হেদায়েতমুখী য়ামল, তাজকিয়াহ ও তরবিয়তের
বাস্তব ফলে প্রকাশ পায়।
আমি
মুরীদকে জিজ্ঞাসা করতে চাই, আপনি যাঁর কাছে যান, তাঁর ছ্বহবত থেকে ফিরে আপনার
মধ্যে কী থাকে? শুধু তাঁর প্রশংসার ভাষা, নাকি মহান আল্লাহ তা’য়ালা উনার জিকিরে
স্থির থাকার চেষ্টা? শুধু আশ্চর্য ঘটনার গল্প, নাকি নিজের ভুল স্বীকার করার সাহস?
শুধু দলের গৌরব, নাকি রছুলে পাক উনার ছুন্নাহ-এর প্রতি অধিক মুহব্বত?
কারামতের
দাবি, অদ্ভুত অনুভূতি কিংবা অনুসারীর সংখ্যা নিজে কোনো ব্যক্তির সমস্ত বক্তব্যকে
নির্ভুল করে না। মুর্শিদের ইরশাদের মর্যাদা বুঝতে তাঁর শিক্ষা, আচরণ, সত্যনিষ্ঠা
এবং মুরীদের সংশোধনের ফল বিচার করতে হবে। বিচার হবে ইনছাফের সঙ্গে; অনুমানকে প্রমাণের জায়গায়
বসানো যাবে না।
মুরীদের
ভিন্ন হালের কথাটি একটি মজলিসের উদাহরণে স্পষ্ট হয়। একই মজলিসে দশজন মুরীদ বসে
আছেন। একজন নীরবে কাঁদছেন, একজন প্রশ্ন করতে ভয় পাচ্ছেন, একজন নিজের
নেক য়ামল নিয়ে আত্মতুষ্ট, আরেকজন দীর্ঘদিনের শোকে ক্লান্ত। বাহ্যিকভাবে তাঁরা একই স্থানে
উপস্থিত হলেও প্রত্যেকের সংশোধনের প্রয়োজন এক নয়।
মুরীদের
হাল বোঝার সুবিধার্থে কয়েকটি অবস্থা পৃথক করছি। এগুলো মানুষের স্থায়ী পরিচয়
নয়; একজনের মধ্যে একাধিক হাল থাকতে পারে এবং সময়ের সঙ্গে পরিবর্তিতও হতে পারে। মুর্শিদ
মুরীদের সমস্ত অন্তরগত অবস্থা স্বাধীনভাবে জানেন, এমন দাবি করছি না; প্রকাশিত
আচরণ, বক্তব্য ও প্রয়োজন বুঝেই হিকমতের সঙ্গে ইরশাদ করতে হয়।
প্রথমত,
অনুতপ্ত মুরীদ। তিনি ভুল বুঝেছেন, কিন্তু মনে করেন মহান আল্লাহ তা’য়ালা হয়তো
তাঁকে আর ক্ষমা করবেন না। তাঁর জন্য আশার কথা, তাওবাহর পথ এবং ধীরে ধীরে য়ামলে
ফেরার উপদেশ প্রয়োজন।
দ্বিতীয়ত,
আত্মতুষ্ট মুরীদ। তিনি নিজের জিকির, ঈবাদত ও খেদমত নিয়ে এত গর্বিত যে
অন্যের ভুলই শুধু চোখে পড়ে। তাঁকে নিজের নফছের অহংকার চিনতে সাহায্য করা প্রয়োজন।
তৃতীয়ত,
সংশয়গ্রস্ত মুরীদ। তাঁর মনে ইমান, য়ামল কিংবা জীবনের কোনো ঘটনা নিয়ে প্রশ্ন
আছে। তাঁকে ধমক দিলে প্রশ্ন মুছে যায় না; বরং অনেক সময় তিনি প্রশ্ন
লুকাতে শেখেন। তাঁর প্রয়োজন নির্ভরযোগ্য জবাব ও ধৈর্যশীল শ্রবণ।
চতুর্থত,
শোকাহত মুরীদ। প্রিয়জন হারিয়ে তাঁর ক্বলব ভারী। তাঁর সামনে শুধু দীর্ঘ
বক্তৃতা নয়, কখনো নীরবে পাশে থাকা, দোয়া করা এবং দৈনন্দিন প্রয়োজন বুঝে সাহায্য
করাও কল্যাণকর।
পঞ্চমত,
অবহেলিত বা আশ্রয়হীন মুরীদ। তিনি হয়তো স্নেহ ও সম্মানের অভাবে দীর্ঘদিন কষ্ট পেয়েছেন। তাঁর কাছে
সামান্য মনোযোগও অনেক বড় মনে হতে পারে। এই আস্থাকে সম্মান করা জরুরি; এটিকে নিজের প্রভাব
বিস্তারের সুযোগ বানানো নয়।
ষষ্ঠত,
অভ্যাসের সঙ্গে সংগ্রামরত মুরীদ। তিনি ভুল ছাড়তে চান, আবার বারবার ফিরে যান। তাঁকে
শুধু দোষী বলে থামিয়ে দিলে হবে না। কোন পরিবেশে ভুলটি ঘটে, কীভাবে তা থেকে বাঁচা যায়, কোন
সহায়তা দরকার, সেসবও বোঝাতে হবে।
সপ্তমত,
ইস্তিক্বামতের পথে অগ্রসর মুরীদ। তিনি সংশোধনের চেষ্টা করছেন, কিন্তু কখনো মনে করেন তাঁর
উন্নতি হচ্ছে না। তাঁর প্রয়োজন অতিরিক্ত প্রশংসা নয়, বরং সঠিক মাপকাঠি ও
ধারাবাহিকতার শিক্ষা।
এই
ভিন্নতাগুলো থেকে আমার সিদ্ধান্ত হলো, মুরীদের হাল না বুঝে সবাইকে একই রকম নছীহত
দেওয়া পূর্ণ হিকমতের পরিচয় নয়। আবার মুর্শিদের ভুল বোঝার সম্ভাবনাও আছে। তাই তিনি
জিজ্ঞাসা করবেন, শুনবেন এবং নিজের ধারণা যাচাই করবেন।
মুরীদের
হালের এই ভিন্নতা বাস্তব আচরণে প্রকাশ পায়। কেউ রাগ সংযত করার বিধান জানেন, তবু উত্তেজনার মুহূর্তে
ভুল করেন; অন্যজন গীবতের নিন্দা জানেন, অথচ সঙ্গীদের সঙ্গে বসে অন্যের দোষ বলেন। তাই শুধু
বিধান জানা নয়, কখন কোন নছীহত প্রয়োজন এবং তা কীভাবে প্রয়োগ করতে হবে, সেই হিকমতও
জরুরি।
একই
মুরীদের ক্ষেত্রেও কখন কোমল কথা, কখন দৃঢ় সতর্কতা প্রয়োজন হতে পারে। এই
হিকমতের নীতিও ক্বুরআনে এসেছে। মহান আল্লাহ তা’য়ালা ইরশাদ
মুবারক করেনঃ (ادْعُ إِلَىٰ سَبِيلِ رَبِّكَ بِالْحِكْمَةِ وَالْمَوْعِظَةِ الْحَسَنَةِ) আপনার রবের পথে
হিকমত (যথার্থ বিবেচনা) ও উত্তম নছীহতের মাধ্যমে আহ্বান করুন। (ছুরাহ আন-নাহল, ১৬:১২৫,
প্রাসঙ্গিক অংশ।)
হিকমত
মানে সত্য গোপন করা নয়। হিকমত হলো, সত্যটি কখন, কীভাবে এবং কোন ভাষায় বললে মানুষ
বুঝতে ও গ্রহণ করতে পারবেন, তা বিবেচনা করা। এক শিশুকে যেমন বড় মানুষের দায়িত্ব চাপিয়ে দেওয়া যায় না,
তেমনি সদ্য তাওবাহকারী মুরীদকে এমনভাবে ভর্ৎসনা করা ঠিক নয় যাতে তিনি সব আশা
হারিয়ে ফেলেন। আবার যে ব্যক্তি নিজের অন্যায়কে ন্যায় মনে করছেন, তাঁর কাছে
স্পষ্ট কথা বলা প্রয়োজন হতে পারে। তবে কঠোরতা মানে অপমান নয়। কোমলতা
মানে ভুলকে প্রশ্রয় দেওয়াও নয়। দুটির উদ্দেশ্য একই, মুরীদের সংশোধন। মুরীদের ক্বলবে প্রশান্তি
আসতে পারে; কিন্তু ছাকিনাহর প্রকৃত উৎস কে, তা কখনো আড়াল করা চলে না। এই বিষয়ে মহান আল্লাহ তা’য়ালা
ইরশাদ মুবারক করেনঃ (هُوَ الَّذِي أَنْزَلَ السَّكِينَةَ فِي قُلُوبِ الْمُؤْمِنِينَ
لِيَزْدَادُوا إِيمَانًا مَعَ إِيمَانِهِمْ) অর্থাৎ, তিনিই মুমিনগণের ক্বলবে ছাকিনাহ
(আল্লাহপ্রদত্ত প্রশান্তি ও স্থিরতা) অবতীর্ণ করেছেন, যাতে তাঁদের বিদ্যমান ঈমানের
সঙ্গে আরও ঈমান বৃদ্ধি পায়। (ছুরাহ আল-ফাতহ, ৪৮:৪, প্রাসঙ্গিক অংশ।)
এখানে
ছাকিনাহ অবতীর্ণ করার কাজ মহান আল্লাহ তা’য়ালা নিজের দিকে নিছবত করেছেন। সুতরাং
মুর্শিদকে ছাকিনার স্বাধীন দাতা বলা যায় না। কিন্তু একজন মুরীদ যখন ক্বুরআনের কথা শুনে, নিজের ভয়
খুলে বলেন, জিকিরে মনোযোগী হন এবং সঠিক নছীহত পান, তখন মহান আল্লাহ তা’য়ালা উনার
তাওফিকক্রমে তাঁর ক্বলবে প্রশান্তি আসতে পারে কেননা নবীজির বিষয়ে মহান আল্লাহ
তায়ালা বলেনঃ (وَصَلِّ عَلَيْهِمْ ۖ إِنَّ صَلَاتَكَ سَكَنٌ لَهُمْ) আর আপনি তাঁদের জন্য দোয়া করুন। নিশ্চয়ই
আপনার দোয়া তাঁদের জন্য ছাকিনাহ (প্রশান্তির কারণ)। (ছুরাহ আত-তাওবাহ, ৯:১০৩) এই কল্যাণকর প্রভাবকে
তাছ্বাউফি ভাষায় ফায়েজের (রূহানি কল্যাণের প্রভাব) অন্তর্ভুক্ত করে বর্ণনা করা যায়।
একজন
মুরীদ কাঁদছেন মানেই তিনি উচ্চ মাক্বামে পৌঁছে গেছেন, কিংবা যিনি কাঁদতে পারছেন না
তাঁর ক্বলব মৃত, এমন ফয়সালা করা ঠিক নয়। কেউ নীরবে তাওবাহ করেন, কেউ অশ্রু ফেলেন, কেউ আবার
কষ্টের মধ্যেও নিজের ফরজ দায়িত্ব পালন করেন। অন্তরের সত্যিকার অবস্থা মহান আল্লাহ তা’য়ালা উনিই ভালো
জানেন।
ক্বুরবের
আলোচনায় প্রথম প্রশ্ন হলো, বান্দা কার নৈকট্য প্রত্যাশা করেন? মহান আল্লাহ তা’য়ালা ইরশাদ
মুবারক করেনঃ (وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ) আর আমার বান্দারা যখন আপনার
নিকট আমার সম্পর্কে জানতে চায়, তখন (তাদের জানিয়ে দিন যে,) নিশ্চয়ই আমি তাদের অতি
নিকটেই রয়েছি। (ছুরাহ আল-বাক্বারাহ ২:১৮৬,
প্রাসঙ্গিক অংশ।)
এই
ক্বুরব (নৈকট্য) কোনো মানুষের ব্যক্তিগত সম্পত্তি নয়। মুর্শিদের সঙ্গে মুরীদের যে
ঘনিষ্ঠ তরবিয়তী সম্পর্ক, তা মহান আল্লাহ তা’য়ালা উনার নৈকট্যের বিকল্প কিছু নয়। বরং সেই সম্পর্কের উদ্দেশ্য
বান্দাকে ঈবাদাত, তাওবাহ, জিকির, দোয়া, দুরুদ, আনুগত্য ও মুহব্বত দিয়ে ইলাহী
ক্বুরবের পথে অগ্রসর হতে সাহায্য করা।
মহান
আল্লাহ তা’য়ালা উনার নৈকট্যের আলোচনায় বান্দাগণের মর্যাদাগত পার্থক্যও বিবেচ্য। ছূরাহ
আল-ওয়াক্বিয়াহয় মহান আল্লাহ তা’য়ালা ইরশাদ মুবারক করেনঃ (وَالسَّابِقُونَ السَّابِقُونَ أُولَٰئِكَ الْمُقَرَّبُونَ
فِي جَنَّاتِ النَّعِيمِ) অর্থাৎ, আর অগ্রবর্তীগণ তো অগ্রবর্তীই। উনারাই মহান আল্লাহ তা’য়ালা
উনার নৈকট্যপ্রাপ্ত। উনারা নিয়ামতপূর্ণ জান্নাতে অবস্থান করবেন। (ছূরাহ
আল-ওয়াক্বিয়াহ, ৫৬:১০-১২) এখানে السَّابِقُونَ (অগ্রবর্তীগণ) এবং الْمُقَرَّبُونَ (নৈকট্যপ্রাপ্তগণ) শব্দদ্বয় গুরুত্বপূর্ণ। ক্বুরআন
শরীফে বান্দাগণের মর্যাদা ও পরিণতি সর্বাবস্থায় একইভাবে বর্ণিত হয়নি। মহান
আল্লাহ তা’য়ালা উনার আনুগত্যে অগ্রবর্তী হওয়া এবং উনার নৈকট্য লাভের গুরুত্ব এই
আয়াত থেকে উপলব্ধি করা যায়।
তাছ্বাউফের
রূহানি উৎকর্ষের আলোচনায় এই আয়াত শরীফ প্রাসঙ্গিক। নফছের তাজকিয়াহ, ইখলাছ,
তাক্বওয়া ও ইস্তিক্বামতের উদ্দেশ্য মানুষের কাছে বিশেষ উপাধি অর্জন নয়; মহান
আল্লাহ তা’য়ালা উনার সন্তুষ্টি অনুসন্ধান। এখানে মুক্বাররাবূন এবং মুর্শিদ শব্দকে আভিধানিক সমার্থক
করছি না।
এখানে
একটি সূক্ষ্ম বিষয় আছে। মুরীদ মুর্শিদের কাছে এমন কথা খুলে বলতে পারেন, যা অন্য কাউকে
বলেন না। এতে আস্থা জন্মায়। কিন্তু এই আস্থা মুর্শিদের জন্য আমানত। মুরীদের
দুর্বলতা, গোপন কথা ও আবেগকে নিজের স্বার্থে ব্যবহার করা যাবে না। যাঁর কাছে
মুরীদ আশ্রয়ের আশা নিয়ে আসেন, তাঁর দায়িত্ব সেই আশাকে মহান আল্লাহ তা’য়ালা উনার
দিকে পরিচালিত করা। একই মুর্শিদের কাছে বিভিন্ন মুরীদের হাল কেন ভিন্ন হতে পারে, তা
কয়েকটি বাস্তব অবস্থায় দেখা যাক।
ধরা
যাক, এক তরুণী নিজের জীবনের অনিশ্চয়তা নিয়ে উদ্বিগ্ন। তিনি ভবিষ্যৎ নিয়ে ভয় পাচ্ছেন। তাঁর কাছে
প্রথম প্রয়োজন হতে পারে, ভয়টি কী কারণে হচ্ছে তা মন দিয়ে শোনা এবং তাঁর দ্বীনি ও
বাস্তব দায়িত্ব বোঝানো। তাঁকে অবাস্তব নিশ্চয়তা দিলে সাময়িক স্বস্তি মিলতে পারে,
কিন্তু তা সত্যনিষ্ঠ ইরশাদ নয়।
একজন
ইয়াতীম বহুদিন ধরে অবহেলার মধ্যে বড় হয়েছেন। তিনি ভাবেন, কেউ তাঁকে গুরুত্ব দেন না। তাঁর
সঙ্গে সম্মান রেখে কথা বলা, তাঁর যোগ্যতা ও প্রয়োজন বোঝা এবং প্রয়োজনীয় সাহায্যের
পথ দেখানো তাঁর ক্বলবে নতুন আশা জাগাতে পারে।
একজন
মা সন্তান হারিয়েছেন। তাঁকে শুধু সবর করতে বললেই তাঁর ব্যথা শেষ হয় না। তিনি যখন
বারবার সন্তানের কথা বলেন, তখন ধৈর্য ধরে শোনা, তাঁর জন্য দোয়া করা এবং দৈনন্দিন
জীবনে ফিরে আসতে সহায়তা করাও হিকমতের অংশ হতে পারে।
আরেকজন
মুরীদ মানুষের সামনে খুব বিনয়ী, কিন্তু ঘরে গিয়ে পরিবারের সঙ্গে কঠোর ব্যবহার করেন। তাঁর জন্য
প্রয়োজন নিজের আচরণ দেখার সাহস, ভুল স্বীকার এবং যাঁদের কষ্ট দিয়েছেন তাঁদের হক্ব
আদায়ের চেষ্টা।
একজন
মাতৃহীন তরুণী হয়তো প্রয়োজনের মুহূর্তে আপন স্নেহের অভাব অনুভব করেন; একজন তরুণী
বিধবা জীবিকা, নিরাপত্তা ও একাকিত্বের প্রশ্নে দিকনির্দেশনা চান; আর কোনো
নিঃসন্তান মুরীদ অন্যদের আনন্দের মধ্যেও নিজের নীরব বেদনা বহন করেন। তাঁদের
প্রত্যেকের প্রয়োজন আলাদা, তাই মুর্শিদের তরবিয়ত ও বাস্তব সহায়তার পদ্ধতিও
সংশ্লিষ্ট হাল অনুযায়ী হবে।
এখানে
মুর্শিদের রূহানি পরিচয়কে পিতা, ভাই, স্বামী কিংবা অন্য কোনো সাধারণ পার্থিব
সম্পর্কের অভিনয়ে সীমাবদ্ধ করা যায় না। উনার দায়িত্ব মুরীদের সংশ্লিষ্ট অভাব চিনে যথার্থ রূহানি
ও জাহেরি সহায়তার পথ দেখানো, যাতে মুরীদ মহান আল্লাহ তা’য়ালা উনার আনুগত্য ও
ইস্তিক্বামতের দিকে অগ্রসর হন, কখনো পিতা, কখনো ভাই, কখনো স্বামী, কখনো সন্তানের
রূপে, যার যেরূপ প্রয়োজন। ফায়েজ ও তাওয়াজ্জুহর অদৃশ্য কার্যপ্রণালি সম্পর্কে সকলের
জন্য নিশ্চিত দাবি করাও এখানে আমার উদ্দেশ্য নয়।
এই
উদাহরণগুলোতে মুর্শিদের পরিচয় কোনো পার্থিব সম্পর্কের অভিনয় নয়। তাঁর
হাক্বিকি পরিচয় ইরশাদ ও তরবিয়তের দায়িত্বে। মুরীদের যে অভাব আছে, সেই অভাবের প্রকৃতি বুঝে তাঁর
ক্বলবকে হেদায়েতমুখী করা এই দায়িত্বের অংশ। এই রূহানি পরিচয়ের গভীরতা বোঝার জন্য মুরীদের হাল ও
সংশোধনের পদ্ধতি একত্রে বিবেচনা করতে হবে।
তাওয়াজ্জুহ
বলতে এখানে মুরীদের অবস্থার প্রতি সচেতন মনোযোগ, দোয়া এবং হিকমতপূর্ণ ইরশাদকে
বুঝাচ্ছি। ফায়েজ বলতে বুঝাচ্ছি, সেই ছ্বহবত ও ইরশাদের মাধ্যমে মহান আল্লাহ
তা’য়ালা উনার তাওফিকে যে কল্যাণ, অনুতাপ, প্রশান্তি বা সংশোধনের প্রেরণা লাভ হয়। কোনো
নির্দিষ্ট অদৃশ্য কার্যপ্রণালি প্রত্যেক মুরীদের ক্ষেত্রে অবধারিতভাবে ঘটে, এমন দাবি
করছি না।
মুরীদ
যদি বলেন, আমি অনেক চেষ্টা করেও বদলাতে পারছি না, তাঁকে প্রথমে জানতে হবে, কোন
জায়গায় বাধা হচ্ছে। কেউ অভ্যাসের কারণে পিছিয়ে পড়েন, কেউ একাকিত্বে, কেউ ভয়ে। প্রয়োজন
অনুযায়ী ছোট ও নিয়মিত অনুশীলন, নছীহত, দোয়া, দায়িত্বশীল সঙ্গ এবং বাস্তব সহায়তা কাজে
আসতে পারে। সব সমস্যার সমাধান শুধু একটি কথায় বা একটি পদ্ধতিতে হয় না।
কিন্তু
এই সংশোধনের লক্ষ্য মুরীদকে কেবল কোনো ব্যক্তির উপর নির্ভরশীল করা নয়; তাঁকে
ইস্তিক্বামতের পথে পরিচালিত করা।
আমি
চাই, মুরীদ মুর্শিদের ছ্বহবতে এসে নিজের নফছের রোগ চিনুন, কিন্তু মুর্শিদের
অনুপস্থিতিতে যেন মহান আল্লাহ তা’য়ালা উনার স্মরণ থেকে বিচ্ছিন্ন হয়ে না পড়েন। আজ তিনি
নছীহত শুনে গীবত ছাড়লেন; কাল একা থাকলেও যেন সেই গীবত থেকে বাঁচার হাল যেনো অর্জন
করেন। আজ তিনি অন্যায় স্বীকার করলেন; কাল যাঁর হক্ব নষ্ট করেছেন, তাঁর
কাছে ক্ষমা চাওয়ার সাহসও যেন অর্জন করেন।
মুর্শিদের
সঙ্গে সম্পর্কের ফল যদি মুরীদকে শুধু মানুষের প্রশংসায় ব্যস্ত রাখে, তাহলে নিজের
অন্তরকে আবার প্রশ্ন করা দরকার। আর সেই সম্পর্ক যদি তাঁকে মহান আল্লাহ তা’য়ালা উনার জিকির,
রছুলে পাক ছ্বল্লাল্লাহু য়ালাইহি ওয়া আলিহি ওয়া ছাল্লাম উনার অনুসরণ এবং মানুষের
হক্ব আদায়ের দিকে নিয়ে যায়, তাহলে সেখানে তরবিয়তের কল্যাণকর প্রভাব প্রকাশ পেতে
পারে।
মুরীদের
হাল, ফায়েজ ও তাওয়াজ্জুহর এই আলোচনা থেকে মুর্শিদের প্রতি মুহব্বত এবং সেই
মুহব্বতের আমলী ফল বিচার করার প্রশ্ন সামনে আসে।
আমি
একজন মুরীদকে প্রশ্ন করলাম, আপনি আপনার মুর্শিদকে কতখানি মুহব্বত করেন? তিনি
বললেন, আমার জীবনের চেয়েও বেশি। আমি আবার জিজ্ঞাসা করলাম, সেই মুহব্বতের কারণে আপনার
জীবনে কী পরিবর্তন এসেছে? আগে যাঁকে ক্ষমা করতে পারতেন না, এখন তাঁকে ক্ষমা করতে
পারেন? আগে যে গুনাহে ফিরে যেতেন, এখন তা থেকে ফেরার শক্তি পাচ্ছেন? এই দ্বিতীয়
প্রশ্নেই মুরীদ ও মুর্শিদের সম্পর্কের আসল পরীক্ষাটি শুরু হয়।
কাউকে
গভীরভাবে মুহব্বত করা এবং তাঁর ইরশাদে নিজের নফছের (অন্তরের কুপ্রবৃত্তি) সংশোধন
হওয়া এক বিষয় নয়। মুহব্বত মূল্যবান, কিন্তু তা কিসের দিকে পরিচালিত করছে,
সেটিই দেখতে হবে। আমি মুর্শিদের পরিচয়কে কেবল একটি ব্যক্তিগত সম্পর্ক বা
প্রচলিত সামাজিক পদবি হিসেবে সীমাবদ্ধ করি না। তাঁর পরিচয়ের সঙ্গে
হেদায়েতমুখী ইরশাদ, ক্বলবের সংশোধন এবং বান্দাকে মহান আল্লাহ তা’য়ালা উনার দিকে
ফিরিয়ে দেওয়ার দায়িত্ব জড়িত।
মুহব্বতের
সত্যতা ও নববী অনুসরণের সম্পর্ক ক্বুরআন শরীফে স্পষ্টভাবে এসেছেঃ (قُلْ إِنْ كُنْتُمْ
تُحِبُّونَ اللَّهَ فَاتَّبِعُونِي يُحْبِبْكُمُ اللَّهُ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ
وَاللَّهُ غَفُورٌ رَحِيمٌ) অর্থাৎ, আপনি বলে দিন, তোমরা যদি মহান আল্লাহ তা’য়ালা উনাকে
মুহব্বত করে থাকো, তাহলে আমার অনুসরণ করো। তাহলে মহান আল্লাহ তা’য়ালা তোমাদের মুহব্বত করবেন এবং
তোমাদের গুনাহসমূহ ক্ষমা করে দেবেন। আর মহান আল্লাহ তা’য়ালা অতিশয় ক্ষমাশীল, পরম দয়ালু। (ছুরাহ
আলে ইমরান, ৩:৩১)
এই
আয়াত শরীফের মূল শিক্ষা হলো, মহান আল্লাহ তা’য়ালা উনার মুহব্বতের দাবির সঙ্গে
রছুলে পাক ছ্বল্লাল্লাহু য়ালাইহি ওয়া আলিহি ওয়া ছাল্লাম উনার অনুসরণের অবিচ্ছেদ্য
সম্পর্ক। আমি এখান থেকে মুর্শিদের প্রতি মুহব্বতের একটি মাপকাঠি গ্রহণ
করিঃ সেই মুহব্বত মুরীদকে নববী অনুসরণে আরও যত্নবান করছে কি না। এটি
আয়াতের সরাসরি মুর্শিদসংক্রান্ত ঘোষণা নয়; তবে আয়াতের মূলনীতির আলোকেই আমার প্রয়োগ।
মহান
আল্লাহ তা’য়ালা উনার মুহব্বত ও নৈকট্যপ্রাপ্ত বান্দাগণের বিশেষ মর্যাদা সম্পর্কে
হাদীছে ক্বুদছীতেও গুরুত্বপূর্ণ ঘোষণা রয়েছে। হযরত আবূ হুরায়রাহ
রদ্বিয়াল্লাহু তা’য়ালা য়ানহু উনার সূত্রে ছহীহ বুখারী শরীফের ৬৫০২ নম্বর হাদীছে
মহান আল্লাহ তা’য়ালা ইরশাদ মুবারক করেনঃ (مَنْ عَادَى لِي وَلِيًّا فَقَدْ آذَنْتُهُ بِالْحَرْبِ) অর্থাৎ, যে
ব্যক্তি আমার কোনো অলির সঙ্গে শত্রুতা করে, আমি তার বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিই।
একই
হাদীছ শরীফে ফরজ য়ামলের মাধ্যমে নৈকট্য অর্জনের বিশেষ মর্যাদা এবং নফল য়ামলের
মাধ্যমে বান্দার অব্যাহত অগ্রসর হওয়ার কথা এসেছে। মহান আল্লাহ তা’য়ালা ইরশাদ
মুবারক করেনঃ (وَمَا يَزَالُ عَبْدِي يَتَقَرَّبُ إِلَيَّ بِالنَّوَافِلِ حَتَّى أُحِبَّهُ) অর্থাৎ, আমার
বান্দা নফল য়ামলের মাধ্যমে আমার (এমন) নৈকট্য অর্জন করতে থাকেন, এমনকি আমি তাঁকে
মুহব্বত করি। অতঃপর ইরশাদ মুবারক করেনঃ (فَإِذَا أَحْبَبْتُهُ كُنْتُ سَمْعَهُ الَّذِي يَسْمَعُ بِهِ
وَبَصَرَهُ الَّذِي يُبْصِرُ بِهِ وَيَدَهُ الَّتِي يَبْطِشُ بِهَا وَرِجْلَهُ الَّتِي
يَمْشِي بِهَا) অর্থাৎ, অতঃপর যখন আমি তাঁকে মুহব্বত করি, তখন আমি তাঁর সেই
শ্রবণ হয়ে যাই, যার মাধ্যমে তিনি শোনেন; তাঁর সেই দৃষ্টি হয়ে যাই, যার মাধ্যমে
তিনি দেখেন; তাঁর সেই হাত হয়ে যাই, যার মাধ্যমে তিনি কাজ করেন এবং তাঁর সেই পা হয়ে
যাই, যার মাধ্যমে তিনি চলেন।
এই
হাদীছ শরীফে অলি-আউলিয়া উনাদের প্রতি মহান আল্লাহ তা’য়ালা উনার বিশেষ মুহব্বত এবং
নৈকট্যের এক গভীর হাক্বিকত প্রকাশিত হয়েছে। উক্ত ভাষাকে সৃষ্ট বান্দা ও মহান আল্লাহ তা’য়ালা উনার
সত্তার অভিন্নতার ঘোষণা হিসেবে গ্রহণ করছি না; বরং ইলাহী মুহব্বত, অনুগ্রহ ও
বান্দার য়ামলে বিশেষ তাওফিক্বের আলোচনায় এর রূহানি তাৎপর্য উপলব্ধি করছি।
তবে
এই হাদীছ শরীফে প্রত্যেক অলি স্বয়ংক্রিয়ভাবে মুর্শিদে কামিল, এমন কথা বলা হয়নি। অলি-আউলিয়া
উনাদের বিশেষ মর্যাদা এবং মুর্শিদের ইরশাদী দায়িত্ব সম্পর্কযুক্ত হলেও অভিন্ন
পরিচয় নয়। আমার আলোচনায় মুর্শিদী একটি বিশেষ রূহানি জাত ও দায়িত্বের
পরিচয়, যার কার্যকারিতা মুরীদের হাল অনুযায়ী নফছের তাজকিয়াহ, ইরশাদ ও তরবিয়তে
প্রকাশ পায়।
মুর্শিদের
যাবতীয় সামর্থ্য, ফায়েজ ও তাওফিক্ব মহান আল্লাহ তা’য়ালা উনার দানের অধীন। তাই
মুর্শিদের প্রতি যথার্থ মুহব্বত ও আদব তাঁর ইরশাদের মাধ্যমে মহান আল্লাহ তা’য়ালা
উনার আনুগত্যে অগ্রসর হওয়ার মধ্যেই প্রকাশ পাওয়া উচিত।
যিনি
নিজের মুর্শিদকে মুহব্বত করেন, তিনি তাঁর নছীহত স্মরণ করে মিথ্যা বলা ছাড়তে পারেন,
মানুষের হক্ব ফিরিয়ে দিতে পারেন, গুনাহ থেকে তাওবাহ করতে পারেন। আবার কেউ
মুর্শিদের নামে অন্যকে ছোট করেন, নিজের ভুল মানেন না, অথচ দাবি করেন তাঁর মুহব্বতই
সর্বোচ্চ। এই দুই অবস্থার পার্থক্য বোঝা জরুরি। রূহানি সম্পর্কের গভীরতা
বাহ্যিক দূরত্বের সঙ্গে সর্বদা একভাবে সম্পর্কিত নয়।
একজন
মুরীদ মুর্শিদের সামনে বসে আছেন, কিন্তু তাঁর মন মানুষের প্রশংসা পাওয়ার চিন্তায়
ব্যস্ত। আরেকজন দূরে বসবাস করেন; প্রতিদিনের ব্যস্ততার মধ্যেও মুর্শিদের
সংশোধনমূলক নছীহত মনে করে নিজের রাগ সংযত করেন, জিকিরে মন দেন এবং হারাম থেকে
বাঁচেন। বাহ্যিকভাবে প্রথমজন নিকটে, কিন্তু তরবিয়তের ফল দ্বিতীয়জনের
জীবনেও গভীরভাবে প্রকাশ পেতে পারে।
এখানে
ক্বুরব (নৈকট্য) বলতে মুর্শিদের সঙ্গে সংশোধনমূলক সম্পর্কের ঘনিষ্ঠতা বোঝাচ্ছি। এটি মহান আল্লাহ
তা’য়ালা উনার ক্বুরবের সমার্থক নয়। মুর্শিদের নিকটে থাকা মূল্যবান হতে পারে, কিন্তু দূরে
থাকলে ইরশাদের শিক্ষা হারিয়ে ফেলতেই হবে, এমন নয়। ছ্বহবতের সফলতা তখনই গভীর হয়,
যখন তার শিক্ষা মুরীদের একাকী সময়েও জীবন্ত থাকে।
একজন
মানুষ অহংকারের ক্ষতি নিয়ে দীর্ঘ বক্তৃতা দিতে পারেন, অথচ নিজের সামান্য ভুল
স্বীকার করতে পারেন না। আরেকজন হয়তো অল্প কথা বলেন, কিন্তু ভুল বুঝতে পেরে ক্ষমা
চান। আমি বলছি না যে দ্বিতীয়জনের অন্তরের সমস্ত গোপন অবস্থা আমরা
জানি। আমি বলছি, ঈল্মের ফল মানুষের আচরণেও প্রকাশ পাওয়ার কথা।
নফছের
সূক্ষ্ম প্রবঞ্চনা সংশোধনের পথেও বাধা হয়ে দাঁড়ায়। মানুষ নিজের পছন্দকে সত্যের
মাপকাঠি বানিয়ে ফেলতে পারেন; যে কথা নিজের পক্ষে যায় সহজে গ্রহণ করেন, আর যে কথা
নিজের খায়েশাতের বিরুদ্ধে যায় তা এড়িয়ে যান। তাই হাল পরিবর্তনের পরও ইস্তিক্বামতের প্রয়োজন শেষ হয় না।
ধরা
যাক, একজন মুরীদ কারও সমালোচনা শুনলেই রেগে যান। তাঁকে শুধু রাগ হারাম বা
ক্ষতিকর বলে দেওয়া যথেষ্ট নাও হতে পারে। তাঁকে নিজের আহত অহংকার চিনতে, কথা বলার আগে থামতে, ভুল
হলে ক্ষমা চাইতে এবং ক্ষতিগ্রস্ত মানুষের হক্ব ফিরিয়ে দিতে শেখানো প্রয়োজন। অন্যদিকে,
যিনি সবসময় নিজের অপরাধের কথা ভেবে হতাশ হয়ে পড়েন, তাঁকে একই কঠোর ভাষায় বারবার
ধমক দিলে তিনি আরও ভেঙে যেতে পারেন। হিকমত (অবস্থা বুঝে যথার্থ পন্থা গ্রহণ) এখানেই। হালের পরিবর্তন ঘটলেও
ইস্তিক্বামত বজায় রাখার শিক্ষা ক্বুরআন শরীফে পাওয়া যায়ঃ (إِنَّ الَّذِينَ
قَالُوا رَبُّنَا اللَّهُ ثُمَّ اسْتَقَامُوا تَتَنَزَّلُ عَلَيْهِمُ الْمَلَائِكَةُ
أَلَّا تَخَافُوا وَلَا تَحْزَنُوا وَأَبْشِرُوا بِالْجَنَّةِ الَّتِي كُنْتُمْ تُوعَدُونَ) অর্থাৎ, নিশ্চয়ই
যারা বলেছে, আমাদের রব মহান আল্লাহ তা’য়ালা, অতঃপর সেই ঘোষণার উপর অবিচল থেকেছে,
তাদের নিকট ফিরিশতাগণ অবতীর্ণ হন এবং বলেন, তোমরা ভয় করো না, দুঃখিত হয়ো না; বরং
তোমাদের প্রতিশ্রুত জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। (ছুরাহ ফুছছিলাত ৪১:৩০)
ইস্তিক্বামত
(সত্য পথে অবিচল থাকা) মানে প্রতিদিন একই পরিমাণ আবেগ অনুভব করা নয়। কারও চোখে
একদিন অঝোরে পানি আসে, অন্যদিন আসে না। কখনো জিকিরে গভীর মনোযোগ হয়, কখনো সংসারের দুশ্চিন্তা
এসে মনকে অস্থির করে। এসব পরিবর্তন দেখে নিজের ঈমান সম্পর্কে তড়িঘড়ি চূড়ান্ত
রায় দেওয়া ঠিক নয়। সপ্তম পর্বে হযরত হানযালা রদ্বিআল্লাহু য়ানহু উনার
হাদীছের আলোচনাতেও এই পার্থক্য এসেছে।
একজন
মুরীদ যদি আজ ভুল করে কাল তাওবাহ করেন, পরে আবার ভুলের মুখোমুখি হয়ে প্রতিরোধের
চেষ্টা করেন, তাহলে তাঁর সংগ্রামকে শুধু অনুভূতির ওঠানামা দিয়ে বিচার করা যায় না। দীর্ঘ সময়
ধরে সত্যের দিকে ফিরে আসার চেষ্টা, ফরজের যত্ন, অন্যের হক্ব আদায় এবং গুনাহের
বিরুদ্ধে লড়াই তাঁর ইস্তিক্বামতের বাস্তব লক্ষণ হতে পারে। এখানেই মুরীদের নিজের
তরবিয়তের ফল যাচাই করার জন্য কয়েকটি প্রশ্নের প্রয়োজন হয়।
আমি
মুরীদের কাছে এমন প্রশ্ন রাখতে চাই, যার উত্তর তিনি অন্য কাউকে দেখানোর জন্য নয়,
নিজের ক্বলবের হিসাব নেওয়ার জন্য দেবেন। মুর্শিদের নছীহত গ্রহণের পর আমার মিথ্যা বলা কমেছে কি?
অন্যের দোষ খোঁজার আগে নিজের ভুল দেখি কি? যাঁর সঙ্গে অন্যায় করেছি, তাঁর কাছে
ক্ষমা চাইতে পারি কি? মহান আল্লাহ তা’য়ালা উনার জিকিরে আমার মন ফিরে আসে কি? কেউ
আমার প্রশংসা না করলেও আমি সৎ কাজ চালিয়ে যেতে পারি কি?
এগুলো
কোনো গোপন মাক্বাম মাপার যন্ত্র নয়। মানুষ নিজের অবস্থাও ভুল বুঝতে পারেন। কিন্তু
নিয়মিত মুহাছাবাহ (নিজের য়ামলের হিসাব) করার জন্য এমন প্রশ্ন কার্যকর। মুর্শিদও
মুরীদের প্রকাশিত হাল, তাঁর নিজের বর্ণনা ও আচরণ দেখে প্রয়োজনীয় সংশোধনের পথ বাতলে
দিতে পারেন; অন্তরের সমস্ত অদৃশ্য বিষয় নিশ্চিতভাবে জানার দাবি এখানে করছি না।
মুরীদের
ব্যর্থতা মানেই মুর্শিদের ব্যর্থতা, কিংবা মুরীদের উন্নতি মানেই মুর্শিদের
ব্যক্তিগত অলৌকিক ক্ষমতার প্রমাণ, কোনোটিই সর্বাবস্থায় সঠিক নয়। মুরীদের
নিজের ইচ্ছা, চেষ্টা, পরিবেশ ও দায়িত্ব রয়েছে। আর হেদায়েতের চূড়ান্ত তাওফিক মহান
আল্লাহ তা’য়ালা উনারই। সম্পর্কের চূড়ান্ত উদ্দেশ্য হলো মুরীদকে মহান আল্লাহ তা’য়ালা
উনার দিকে প্রত্যাবর্তনের পথে পরিচালিত করা। মুর্শিদের প্রতি আদবের অর্থ
তাঁর কথাকে গুরুত্ব দেওয়া, তাঁর হিকমতপূর্ণ সংশোধনকে আন্তরিকভাবে গ্রহণ করা। কিন্তু
সত্যকে গোপন করা, অন্যায়কে ন্যায় বলা কিংবা শরীয়তের সুস্পষ্ট বিধানের বিপরীতে
যাওয়া আদব নয়। যে মুহব্বত সত্যের পথে সাহসী করে, সে মুহব্বত সংশোধনের সহায়ক। যে
মুহব্বত মানুষকে নিজের ভুল দেখতেই দেয় না, তারও সংশোধন প্রয়োজন।
আমি
চাই, একজন মুরীদ তাঁর মুর্শিদের সম্মান নিয়ে শুধু কথা না বলে, তাঁর ইরশাদের ফল
নিজের জীবনে দেখান। তাঁর ব্যবহার দেখে প্রতিবেশী বলুক, মানুষটি আগের চেয়ে
শান্ত হয়েছেন। তাঁর পরিবারের মানুষ বলুক, তিনি এখন অন্যের কথা শোনেন। যাঁর হক্ব
নষ্ট করেছিলেন, তিনি বলুন, আমার পাওনা ফিরিয়ে দিয়েছেন। এই পরিবর্তনগুলোর মধ্যে
তরবিয়তের সৌন্দর্য প্রকাশ পায়।
মুর্শিদের
হাক্বিকি পরিচয়ের আরেকটি দিক এখানেইঃ তিনি মুরীদের ক্বলবকে নিজের ব্যক্তিগত
মর্যাদার প্রদর্শনী বানান না; বরং তরবিয়তের মাধ্যমে তাকে মহান আল্লাহ তা’য়ালা উনার
দিকে ফেরান। তবে সেই পথে মুরীদের নিজের চেষ্টা ও দায়বদ্ধতার প্রশ্নও রয়েছে।
হেদায়েতে
হাক্বিকি মহান আল্লাহ তা’য়ালা উনার হাতে, এই বিশ্বাস মুরীদকে হাত গুটিয়ে বসে থাকার
শিক্ষা দেয় না। ইরশাদ গ্রহণের পাশাপাশি নিজের তাওবাহ, দোয়া, সত্য অনুসন্ধান এবং
সংশোধনের চেষ্টা তাঁরই দায়িত্ব।
কেউ
যদি বলেন, মহান আল্লাহ তা’য়ালা হেদায়েত দিলে তবেই পাব, তাই আমার তাওবাহ, দোয়া,
সত্য অনুসন্ধান কিংবা সংশোধনের চেষ্টা করার প্রয়োজন নেই, তাহলে তিনি ইলাহী ইচ্ছার
কথাকে নিজের অলসতার অজুহাত বানালেন। অথচ বান্দার দায়িত্ব হলো হক্বের দিকে অগ্রসর হওয়া, ভুল
স্বীকার করা এবং মহান আল্লাহ তা’য়ালা উনার নিকট তাওফিক্ব চাওয়া।
যে
মুরীদ বহুদিন ধরে নিজের রাগ নিয়ন্ত্রণ করতে পারেন না, তাঁকে শুধু ভাগ্যের কথা বলে
থামিয়ে দেওয়া যথেষ্ট নয়। তাঁকে নিজের আচরণের হিসাব নিতে হবে, ক্ষতিগ্রস্ত মানুষের
হক্ব ফিরিয়ে দিতে হবে এবং সংশোধনের অভ্যাস গড়তে হবে। মুর্শিদ সেই পথে সাহায্য করতে
পারেন। ফলাফলের মালিকানা মহান আল্লাহ তা’য়ালা উনার।
কোনো
মুরীদ আজ গুনাহে নিমজ্জিত আছেন বলে তিনি আজল থেকেই চিরতরে বঞ্চিত, এমন নিশ্চিত
ফয়সালা মানুষ করতে পারেন না। আবার আজ কোনো ব্যক্তি নেককার হিসেবে পরিচিত বলে তাঁর শেষ
পরিণতি সম্পর্কে মানুষের সর্বজ্ঞতার দাবিও চলে না। মানুষের দায়িত্ব হলো বর্তমান
অবস্থার বিচার করে সংশোধনের আহ্বান জানানো। গায়েবের চূড়ান্ত ফয়সালা মহান আল্লাহ তা’য়ালা উনারই।
মুর্শিদ
মুরীদের জন্য দোয়া করতে পারেন; মুরীদ তাঁর নছীহতে অনুতপ্ত হতে পারেন, তাঁর ছ্বহবতে
গ্বাফলতি কমতে পারে। তাছ্বাউফের ভাষায় এ ধরনের কল্যাণকর প্রভাবকে ফায়েজ বলা
হয়। কিন্তু এর ফল মহান আল্লাহ তা’য়ালা উনার দান ও তাওফিক্বের অধীন।
ধরা
যাক, একজন মুরীদ বহুদিন ধরে নামাজে মনোযোগ পান না। মুর্শিদ তাঁর কথা শুনলেন,
নফছের ব্যস্ততা বুঝিয়ে দিলেন এবং ধীরে ধীরে জিকির ও মনোযোগের অনুশীলন শেখালেন। কিছুদিন
পরে মুরীদ নামাজে অধিক হুযূর (অন্তরের উপস্থিতি) অনুভব করলেন। তিনি মুর্শিদের খেদমত ও
ইরশাদের জন্য কৃতজ্ঞ হবেন। কিন্তু অন্তরের প্রকৃত কল্যাণের দাতা মহান আল্লাহ
তা’য়ালা উনাকেই জানবেন।
মুর্শিদের
প্রতি যথার্থ আদবের মধ্যে তাঁর নছীহত গ্রহণ, নিজের ভুল স্বীকার এবং সংশোধনের
চেষ্টা রয়েছে। তবে ব্যক্তিগত অনুভূতি বা স্বপ্নকে ক্বুরআন ও ছুন্নাহর ঊর্ধ্বে
স্থান দেওয়া সেই আদবের অন্তর্ভুক্ত নয়।
একজনের
কাছে হাজার মানুষ আসতে পারেন, আরেকজনের কাছে মাত্র কয়েকজন। এই সংখ্যা একাই হেদায়েতের
প্রমাণ নয়। মুরীদ যদি আগে অন্যের দোষ খুঁজতেন, এখন নিজের দোষ দেখতে শিখছেন;
আগে মানুষের হক্ব নষ্ট করতেন, এখন তা ফিরিয়ে দিচ্ছেন; আগে নছীহত শুনে ক্ষুব্ধ
হতেন, এখন তা বিবেচনা করছেন, তাহলে তরবিয়তের বাস্তব ফল দেখা যাচ্ছে।
মুরীদের
প্রতিটি ভুলের দায় মুর্শিদের উপর চাপানো ন্যায়সংগত নয়। প্রত্যেক মুরীদের নিজস্ব
চেষ্টা ও দায়িত্ব রয়েছে; কোনো একটি ঘটনার ভিত্তিতে তাঁর মুর্শিদের সমগ্র ইরশাদী
দায়িত্বের চূড়ান্ত ফয়সালা করা যায় না।
এতক্ষণে
মুর্শিদের যে হাক্বিকি পরিচয় প্রতিষ্ঠা করেছি, তা পুরুষ-নারীর লিঙ্গগত পরিচয়, বংশ
কিংবা সামাজিক পদবির বিষয় নয়। আমার আলোচনায় মুর্শিদ একটি বিশেষ রূহানি জাত, যার পরিচয়
ইরশাদী দায়িত্ব, নফছের তাজকিয়াহ, মুরীদের হাল অনুযায়ী তরবিয়ত এবং মহান আল্লাহ
তা’য়ালা উনার দেওয়া ফায়েজের মাধ্যমে প্রকাশ পায়।
শেষ
কথা এইঃ হেদায়েতের হাক্বিকি মালিক মহান আল্লাহ তা’য়ালা। রছুলে পাক ছ্বল্লাল্লাহু
য়ালাইহি ওয়া আলিহি ওয়া ছাল্লাম উনার নববী পথই ইরশাদের আদর্শ। আর মুর্শিদের বিশেষ রূহানি
দায়িত্ব সেই পথের অনুসরণে মানুষের নফছ ও ক্বলবকে সংশোধনের দিকে পরিচালিত করা। মুরীদের
হাল অনুযায়ী এই দায়িত্ব বাস্তবায়িত হলেই মুর্শিদের হাক্বিকি পরিচয় কেবল নাম বা
উপাধি হয়ে থাকে না; তা সংশোধনের জীবন্ত সম্পর্ক হিসেবে প্রকাশ পায়।

0 ফেইসবুক: